ডাকাত-আতঙ্কে গ্রামবাসী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘দুই সপ্তা ধইরা ডাকাইতের ভয়ে ঘুমাইবারভি পারি না। নিচে হইলেও গ্রামের ১০ বাড়িত ডাকাতি হইছে। নদীর পাড়ে গদি আর ড্রেজারগুলাতেও ডাকাতরা হানা দিতেছে।’ডাকাত সন্দেহে ছয় ছাত্রকে পিটিয়ে মারার পর গতকাল এভাবেই নিজেদের অবস্থার কথা বলেন বরদেশী গ্রামের এক বয়োজ্যেষ্ঠ অধিবাসী। ডাকাত আতঙ্কে তাঁরা ঘুমাতে পারেন না। কিন্তু তাঁরা আবার পুলিশ-র‌্যাবের সাহায্য নিতেও চান না।গ্রামবাসী জানান, গ্রামের বসতবাড়িসহ নদীর পাড়ে বালু-পাথরের ব্যবসাপ্রতিষ্ঠান (গদি) ও পাড়ে বেঁধে রাখা ড্রেজারগুলোতে প্রায়ই ডাকাতি হয়। ডাকাত ঠেকাতে নিজেদের উদ্যোগে গত সপ্তাহে ১২ জন নিরাপত্তাকর্মী নিয়োগ করেছেন তাঁরা। গ্রামবাসী নিজেরাও পাহারা বসিয়েছে। তবে সাভার থানার পুলিশের খাতাপত্রে চলতি মাসে শুধু একটি ডাকাতির ঘটনার উল্লেখ আছে।এলাকা ঘুরে পুলিশ ও এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, এই এলাকায় রয়েছে প্রচুর অবৈধ বালু উত্তোলনের ব্যবসাকেন্দ্র। আরও রয়েছে নিম্নাঞ্চল ভরাট করে জমি দখলের কারবার। আর ট্রাক টার্মিনালের আশপাশে রয়েছে কয়েকটি গাঁজা ও বাংলা মদ বিক্রির কেন্দ্র। এই এলাকায় মাদকের সহজলভ্যতার কথা শুনেই ওই সাত তরুণ সেখানে গিয়েছিল বলে অনেকে মনে করে।যত ঘটনা: বরদেশী গ্রামটির একদিকে নদী, অন্যদিকে ঢাকা-আরিচা মহাসড়ক। এলাকার একটি চায়ের দোকানে ভিড় করা স্থানীয় লোকজন জানান, ডাকাতদের উ ৎ পাত আগেও ছিল। নদীতে চলাচলরত এবং ঘাটে ভিড়িয়ে রাখা নৌযানগুলোতে প্রায়ই ডাকাতি হতো। তবে গত ২৯ জুন আমিনবাজার ইউনিয়ন পরিষদ নির্বাচনের পর থেকেই শুরু হয় গ্রামের ভেতরে ডাকাতি। গত দুই সপ্তাহে স্থানীয় আনোয়ার হোসেন, আসলাম মিয়া, সোনা মিয়ার বাড়িসহ কয়েকটি বাড়িতে ডাকাতি হয়েছে। একই সঙ্গে আবদুল খালেক এন্টারপ্রাইজ, আল মদীনা এন্টারপ্রাইজ, ভাই ভাই এন্টারপ্রাইজসহ কয়েকটি গদিতেও ডাকাতি হয়েছে।ভুক্তভোগী একজন বলেন, ডাকাতেরা তাঁদের বাড়ি থেকে ৪০ ভরি সোনা, নগদ টাকা তো নিয়েছেই; এমনকি পরিধেয় পোশাক, ফ্রিজে রাখা আম, ভাত পর্যন্ত নিয়ে গেছে।আল মদীনা গদির একজন অংশীদার বলেন, গত শুক্রবার রাতে এখানে ডাকাতি হয়। তখন গদিতে ছিলেন তাঁদের এক অংশীদার ঈমান আলী। ডাকাতেরা পাইপগানসহ কয়েকটি ধারালো অস্ত্র নিয়ে এসেছিল। সেই অস্ত্রের মুখে তারা ৪০ হাজার টাকা, চারটি মোবাইল ফোন ও গদিতে সংরক্ষিত ড্রেজারের কিছু যন্ত্রপাতি, এমনকি ড্রামের মুখ খোলার চাবিটি পর্যন্ত নিয়ে গেছে। ওই সময় বালু নিতে আসা একটি ট্রাকের চালক ও শ্রমিকদের মারধর করে তাঁদের কাছ থেকে তিন হাজার ৬০০ টাকা ও দুটি মোবাইল ফোনসেট ছিনিয়ে নেয় ডাকাতেরা।গদির হিসাবের খাতায় দেখা গেল, ডাকাতদের নিয়ে যাওয়া ৪০ হাজার টাকা লেখা রয়েছে ক্ষতির তালিকায়।ইসলাম নামে বালুবাহী নৌযানের (ভলগেট) এক চালক জানান, চলতি মাসেই ক্যাবলার চরেই তাঁর নৌযানে ডাকাতেরা হানা দিয়েছিল। তারা অস্ত্রের মুখে কর্মীদের মারধর করে। ডাকাতেরা নৌযানটির ব্যাটারি, চারটি মোবাইল ফোনসেট, শ্রমিকদের লুঙ্গি-গামছা, বালতিসহ সবই নিয়ে যায়।এলাকার খন্দকারবাড়ী মসজিদে কথা হয় একজন বায়োজ্যেষ্ঠর সঙ্গে। তিনি বলেন, রাত নামলেই শুরু হয় এলাকাবাসীর ডাকাত-আতঙ্ক। নারীরা স্বর্ণালংকার অন্য এলাকায় আত্মীয়স্বজনের জিম্মায় পাঠিয়ে দিচ্ছেন। রান্নাঘরের মসলা রাখার পাত্রে গয়না-টাকা রাখা হচ্ছে।রাত জেগে পাহারা: এলাকাবাসী জানান, গত সপ্তাহ থেকে তাঁরা এলাকার নিরাপত্তার জন্য ১২ জনকে নিয়োগ করেছেন। প্রতি মাসে তাঁদের বেতন-ভাতা বাবদ খরচ হবে ৯০ হাজার টাকা। এলাকাবাসী চাঁদা দিয়েই এই খরচ মেটাচ্ছে।একজন রেডিও-টিভি মেরামতকারী বলেন, নিরাপত্তাকর্মী নিয়োগের জন্য তিনি ২০০ টাকা দিয়েছেন। এলাকার বড় ব্যবসায়ী ও ধনীরা বেশি টাকা দিয়েছেন। অর্থা ৎ ‘যে যা পারে’ এই ভিত্তিতে চাঁদা আদায় করা হয়েছে। পাহারাদারদের সঙ্গে এলাকাবাসীও কয়েকটি উঁচু বাড়ির ছাদে উঠে পাহারা দেয়। পাহারাদারদের লাঠি, বাঁশি ও টর্চলাইট দেওয়া হয়েছে। তবে গত রোববার শবে বরাতের কারণে এলাকায় নিয়োগ করা কোনো পাহারাদার দায়িত্ব পালন করেননি। সে কারণে এলাকাবাসী আরও শঙ্কিত ছিল।পুলিশের বক্তব্য: এ বিষয়ে জানতে চাইলে সাভার থানার ওসি মাহাবুবুর রহমান বলেন, ৬ জুলাইয়ের ডাকাতির (আনোয়ারের বাড়িতে) ঘটনা ছাড়া তাঁদের জানামতে বরদেশীতে আর কোনো ডাকাতি হয়নি।তবে সাভার থানার এসআই আনোয়ার হোসেন বলেন, ৬ জুলাই বড়দেশীর আনোয়ার হোসেনের বাড়িতে হানা দিয়ে ডাকাতেরা ৪০ ভরি স্বর্ণালংকারসহ অন্যান্য মালামাল লুটে নেয়। এ ছাড়া প্রায় রাতেই ডাকাতেরা ট্রলার নিয়ে এসে বালুর গদিগুলোতে হানা দেয়।শুধু ডাকাত নয়, পুলিশকেও ভয়: ওই এলাকায় সম্প্রতি জমি কিনেছেন এমন একজন ব্যবসায়ী বলেন, এলাকার সামাজিক অবস্থা খুব একটা ভালো না। এখানে ট্রাক টার্মিনালের পাশে মাদক ব্যবসার একটা কেন্দ্র রয়েছে। ট্রাকচালক ও নৌযানের কর্মীরা এখান থেকে গাঁজা ও বাংলা মদ সংগ্রহ করেন। তাই তাঁরা এলাকায় পুলিশ বা র‌্যাবের আনাগোনা পছন্দ করেন না। এসব মাদক ব্যবসায়ীর অনেকের বাসা বরদেশী গ্রামে।এলাকার এক রেস্তোরাঁ ব্যবসায়ী বলেন, এখানকার অনেক বালু ব্যবসায়ী অবৈধভাবে বালু উত্তোলন ও বালু ফেলে জায়গা ভরাট করছেন। তাই তাঁরা ডাকাতির শিকার হলেও আইনের আশ্রয় নেন না। এ জন্য র‌্যাব-পুলিশের উপস্থিতিও তাঁরা চান না।