ডাকাত শহীদ বাহিনীর দলছুট সন্ত্রাসীর হাতে খুন হন গৌতম
ডাকাত শহীদ বাহিনীর দলছুট সন্ত্রাসীরা বংশাল থানার উপপরিদর্শক (এসআই) গৌতম কুমার রায়কে হত্যা করেছে বলে তথ্য পেয়েছে পুলিশ। তবে এখন পর্যন্ত পাওয়া তথ্যে খুনটি পরিকল্পিতভাবে হয়নি বলেই জানতে পেরেছে পুলিশ।গৌতম হত্যার মামলাটি থানা পুলিশের পাশাপাশি মহানগর গোয়েন্দা পুুলিশ (ডিবি) তদন্ত করছে। ডিবির সহকারী কমিশনার মো. ছানোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, ডাকাত শহীদের দলছুট বাহিনী এ হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে পুলিশ তথ্য পেয়েছে। অভিযান চলছে, যেকোনো সময়ই খুুনিরা গ্রেপ্তার হতে পারে। তিনি জানান, ‘তল্লাশি চালানোর সময়ই সন্ত্রাসীদের হঠাৎ গুলিতে গৌতম নিহত হন বলে জানা গেছে। এখন পর্যন্ত পাওয়া তথ্যে খুনটি পরিকল্পিতভাবে হয়নি বলে আমরা জানতে পেরেছি।’গোয়েন্দা কর্মকর্তারা জানান, খুনের সঙ্গে ডাকাত শহীদ বাহিনী বা বাহিনীর সাবেক সদস্যদের সংশ্লিষ্টতা নিয়ে কোনো সন্দেহ নেই। তবে বিষয়টি পূর্বপরিকল্পিত কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।কর্মকর্তারা বলেন, যারা খুন করেছে বলে প্রায় নিশ্চিত হওয়া গেছে, তারা একসময় ডাকাত শহীদের বাহিনীতেই কাজ করত। পরে তারা নিজেরাই দল গঠন করে এলাকা থেকে চাঁদা তুলতে থাকে। আয় কমে গেলে এরা রাস্তায় ছিনতাই করে। এখন পর্যন্ত এদের দলের পাঁচজনের নাম পাওয়া গেছে। তবে আরও সহযোগী থাকতে পারে।নাম প্রকাশে অনিচ্ছুক একজন গোয়েন্দা কর্মকর্তা জানান, সর্বশেষ পুরান ঢাকার ৭০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আহাম্মদ হোসেন হত্যার ঘটনায় ডাকাত শহীদের প্রধান সহযোগী বিদ্যুৎ ও শ্যুটার কাউসার গোয়েন্দা পুলিশের হাতে ধরা পড়ার পর ডাকাত শহীদ আবারও দল গোছাতে মাঠে নামেন। এর অংশ হিসেবেই ডাকাত শহীদ তাঁর দলছুট ক্যাডারদের আবারও দলে ভেড়ানোর চেষ্টা করছেন। সর্বশেষ তথ্যে জানা গেছে, গৌতম হত্যায় যাদের সংশ্লিষ্টতা সম্বন্ধে নিশ্চিত হওয়া গেছে, এই পাঁচজনকে আবারও দলে ভেড়ানোর জন্য সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছিলেন শহীদ। তারা দলভুক্ত হয়েছে কি না, সে বিষয়টি নিশ্চিত নয়।এ বিষয়ে সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, ‘খুনিদের চিহ্নিত করা হয়েছে। আমরা কিছু তথ্য পেয়েছি, কিছু নাম পেয়েছি। অব্যাহত অভিযান চলছে। যেকোনো সময় সন্ত্রাসীরা গ্রেপ্তার হতে পারে।’ তিনি বলেন, তারা ডাকাত শহীদের সাবেক সহযোগী হতে পারে।নজরুল ইসলাম বলেন, ঘটনাটি পরিকল্পিত কি না, সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। তবে এটা হঠাৎই ঘটে গেছে বলে এখন পর্যন্ত মনে হচ্ছে। আবার এ কথাও ঠিক, যারা হত্যার পরিকল্পনা করে, তারা এ ধরনের খুনিদেরই ব্যবহার করে।গত সোমবার মধ্যরাতে বংশাল থানা থেকে কাজ শেষে র্যাংকিন স্ট্রিটের বাসায় ফেরার পথে সূত্রাপুর থানাধীন ধোলাইখাল এলাকায় সন্ত্রাসীরা গৌতমকে গুলি করে হত্যা করে। এ সময় সন্ত্রাসীদের গুলিতে আহত হন গৌতমের সঙ্গে থাকা বন্ধু মোটর পার্টস ও হোটেল ব্যবসায়ী শামীম। তবে অপর বন্ধু আজম অক্ষত ছিলেন।