ডাকাত সন্দেহে একজনকে পিটিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরকাজী মোখলেছ গ্রামে ডাকাত সন্দেহে মো. সেলিম (৪৫) নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করেছে স্থানীয় জনতা। গতকাল শুক্রবার দিবাগত রাত তিনটার দিকে এ ঘটনা ঘটে।নিহত সেলিম একই উপজেলার চর আমানউল্লা ইউনিয়নের চর বজলুল করিম গ্রামের গোলাম মাওলার ছেলে। খবর পেয়ে আজ শনিবার সকালে চর জব্বার থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গতকাল রাত আনুমানিক তিনটার দিকে ছয়-সাতজনের একদল সশস্ত্র ডাকাত চরকাজী মোখলেছ গ্রামে হানা দেয়। টের পেয়ে লোকজন চিত্কার শুরু করলে আশপাশের লোকজন এগিয়ে আসে। তখন ডাকাতেরা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় সেলিম জনতার হাতে আটকা পড়েন। বিক্ষুব্ধ জনতা তাঁকে গণপিটুনি দিলে ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়।সেলিমের স্ত্রী হাছিনা আক্তারের দাবি, গতকাল রাত ১০টার দিকে সেলিমের মুঠোফোনে একটি কল আসে। তিনি কিছু না বলে ঘর থেকে বের হয়ে যান। রাতে আর ফিরে আসেননি। সকালে লোকমুখে তাঁর স্বামীকে পিটিয়ে হত্যার খবর পেয়ে তিনি থানায় গিয়ে লাশ শনাক্ত করেন। হাসিনার ভাষ্য, তাঁর স্বামী ডাকাতি করতেন কি না, তা তাঁর জানা নেই।যোগাযোগ করলে সুবর্ণচরের চর জব্বার থানার উপপরিদর্শক (এসআই) মো. রবিউল ইসলাম গণপিটুনিতে সেলিম নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তাঁর ভাষ্য, এলাকার লোকজন তাঁকে ডাকাত হিসেবে চেনেন। লাশ ময়নাতদন্তের জন্য নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে তিনি জানান।