ডাকাত সন্দেহে গণপিটুনিতে নিহত ২
কুষ্টিয়া সদর উপজেলার গোস্বামী দুর্গাপুর ইউনিয়নের আড়পাড়া গ্রামে গতকাল বুধবার গভীর রাতে ডাকাত সন্দেহে গণপিটুনিতে দুজন নিহত হয়েছে। এ সময় পিটুনিতে একজন আহত হয়। পরে তাঁকে পুলিশের কাছে সোপর্দ করা হয়। এ ঘটনায় একটি বন্দুক ও একটি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়।নিহত ব্যক্তিরা হলেন: ঝিনাইদহের হরিণাকুন্ড উপজেলার তৈলটুপি গ্রামের আলম হোসেনের ছেলে আরিফুল ইসলাম (৩৮) ও চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার জগন্নাথপুর গ্রামের মাহাতাব উদ্দিনের ছেলে আশরাফুল ইসলাম (৩০)। আহত হাসিবুল ইসলাম কুষ্টিয়া সদর উপজেলার শংকরদিয়া গ্রামের মৃত মকলেচুর রহমানের ছেলে।এলাকাবাসী ও পুলিশ সুত্রে জানা যায়, গতকাল রাত একটার দিকে আড়পাড়া গ্রামের বাসিন্দা ইজ্জত আলীর বাড়িতে আটজন ডাকাতের একটি দল হানা দেয়। ডাকাতেরা ঘরে ঢুকে ইজ্জত আলীর ছেলে আকমল হোসেন ও আব্দুর রাজ্জাককে মারধর করে। এ সময় ইজ্জত আলীর বাড়ির লোকজনের চিত্কারে প্রতিবেশিরা লাঠিসোঁটা নিয়ে এগিয়ে আসে। টের পেয়ে ডাকাতেরা মাঠের দিকে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে গ্রামবাসী আরিফুল ও আশরাফুলকে পিটুনি দেয়। এতে ঘটনাস্থলে দুজনের মৃত্যু হয়। এ সময় বন্দুকের কার্তুজ ও একটি চাইনিজ কুড়ালসহ ডাকাত দলের আরেক সদস্য হাসিবুলকে পুলিশের কাছে সোপর্দ করে গ্রামবাসী।আটক হাসিবুল ইসলাম পুলিশকে জানান, ডাকাত দলে আরও চারজন ছিল। তারা পালিয়ে গেছে। ইসলামি বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিয়ার রহমান প্রথম আলো ডটকমকে জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় ডাকাতির প্রস্তুতি ও অস্ত্র আইনে দুটি পৃথক মামলা হয়েছে। মামলায় আটজনকে আসামি করা হয়েছে। এর মধ্যে দুজন নিহত হয়েছে। এছাড়া এ হত্যার ঘটনায় অজ্ঞাত মানুষকে আসামি করে আরও একটি মামলা হয়েছে।কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার জয়নুল আবেদীন প্রথম আলো ডটকমকে বলেন, ‘জানমাল ও আত্মরক্ষার অধিকার সবার রয়েছে। গ্রামবাসীর সাহসী ভূমিকার জন্য তাঁদের ধন্যবাদ। এ ঘটনায় কোন নিরীহ ব্যক্তিকে হয়রানি করা হবে না বলে গ্রামবাসীদের জানানো হয়েছে। পলাতক ডাকাতদের গ্রেপ্তারে অভিযান চলছে।’