ডাকাত সন্দেহে পাঁচজনকে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর কদমতলী থানার হাবিবনগরে ডাকাত সন্দেহে পাঁচজনকে পিটিয়ে হত্যা করেছে এলাকাবাসী। গণপিটুনিতে গুরুতর আহত নজরুল ইসলাম (২৮) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশের পাহারায় চিকিৎসাধীন রয়েছেন। মাহফুজুর রহমান (২৪) নামের অপর একজনকে পুলিশ গ্রেপ্তার করেছে। গত বৃহস্পতিবার গভীর রাত থেকে গতকাল শুক্রবার সকাল পর্যন্ত এ ঘটনা ঘটে। নিহতদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। বাকি তিনজনের কোনো পরিচয় মেলেনি।পুলিশ ঘটনাস্থল থেকে তিনটি রামদা, দুটি বড় ছোরা, পাঁচটি ছোট চাকু, একটি সুচালো রড ও একটি প্লায়ার্স উদ্ধার করে। পুলিশ জানায়, ডাকাতির উদ্দেশ্যেই ওই দলটি কোথাও যাচ্ছিল। এ ঘটনায় তিনটি মামলা করেছে পুলিশ।কদমতলী থানার পুলিশ ও এলাকাবাসী জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে (ঢাকা সিটি করপোরেশনের বাইরে) হাবিবনগর। কদমতলী থানা থেকে এর দূরত্ব প্রায় আধা কিলোমিটার। সম্প্রতি এলাকায় চুরি-ডাকাতি বেড়ে যাওয়ায় চলতি মাস থেকে স্থানীয় লোকজন দল বেঁধে পাহারা দেওয়া শুরু করে। বৃহস্পতিবার রাতে ছয়জনের একটি দল লাঠি নিয়ে পাহারা দিচ্ছিল। রাত তিনটার দিকে স্থানীয় খানকা রোড এলাকায় ২০-২৫ জন লোককে আসতে দেখে তারা পরিচয় ও গন্তব্য জানতে চায়। জবাবে ওই ব্যক্তিরা উল্টাপাল্টা কথা বলে। একপর্যায়ে দেহ তল্লাশি করতে চাইলে তাদের একজন পাহারা দলের লিটনকে রড দিয়ে আঘাত করে। এ সময় তারা বাঁশি বাজায় এবং লাঠি দিয়ে সন্দেহভাজন ডাকাতদের প্রতিরোধের চেষ্টা করে। দুই পক্ষে এক দফা মারামারি হয়। পাহারা দলের বাঁশি ও চিৎকার-চেঁচামেচি শুনে শত শত লোক আসতে থাকে। মানুষের দল দেখে ওই ব্যক্তিরা পালানোর চেষ্টা করে। তাদের চারজন ডোবায়, দুজন কবরস্থানে ও একজন এক বাড়ির টয়লেটে লুকায়। অন্যরা পালিয়ে যায়। এলাকাবাসী ডোবা থেকে তিনজনকে, কবরস্থান থেকে দুজনকে এবং ওই টয়লেট থেকে একজনকে ধরে পিটুনি দেয়। অপরজন মাহফুজ প্রথমে ডোবায় লুকালেও পরে একটি গাড়ির নিচে লুকিয়ে পিটুনি থেকে রক্ষা পায়। গতকাল সকালে তাকে পুলিশে সোপর্দ করা হয়।পিটুনির শিকার ছয়জনের মধ্যে দুজন ঘটনাস্থলে ও তিনজনকে হাসপাতালে নেওয়ার পথে মারা যায়। দুজনের লাশ মিটফোর্ড হাসপাতাল মর্গে ও তিনজনের লাশ ঢাকা মেডিকেল কলেজ মর্গে রয়েছে। আহত নজরুলের অবস্থাও আশঙ্কাজনক।পুলিশ জানায়, গতকাল রাতে জাহানারা বেগম নামে এক নারী একটি লাশ তাঁর ছেলে ফিরোজ ও অন্যটি আমীর নামে এক যুবকের বলে শনাক্ত করেন। এদের দুজনের বাড়ি কেরানীগঞ্জে। ফিরোজ রিকশা চোর বলে তার মা জানিয়েছেন।পুলিশ মাহফুজকে গ্রেপ্তার করে কদমতলী থানায় নিয়ে যায়। সেখানে মাহফুজ সাংবাদিকদের জানায়, সে ডাকাত নয়। ২ নভেম্বর সে গ্রামের বাড়ি ভোলার চরফ্যাশন থেকে ঢাকায় আসে। ঢাকায় এসেই টাকা-পুঁটলি চুরি যাওয়ায় সে সদরঘাটে খেয়ে না-খেয়ে দুই দিন কাটায়। বৃহস্পতিবার রাতে জলিল নামের একজন তাকে খেতে দেয়। কাজ চাইলে জলিল তাকে ট্রাক থেকে মাল নামানোর কাজ দিতে চায়। এ জন্য রাতে তার সঙ্গে যেতে বলে।মাহফুজ জানায়, রাত তিনটার দিকে জলিলসহ তারা ২৯ জন সদরঘাট থেকে মিনিবাসে করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নেমে রাস্তা পার হয়ে একটি গলিতে (হাবিবনগর) ঢোকে। কিছুক্ষণ পর কয়েকজন লোক তাদের আটকে গন্তব্য নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করে। তাদের দলের একজন স্থানীয় এক ব্যক্তির ওপর হামলা চালালে মারামারি বাধে। এরপর এলাকার লোকজন চলে এলে তারা কয়েকজন একটি ডোবায় নামে। সকাল আটটার দিকে সে ডোবা থেকে উঠলে ভেজা শরীর দেখে লোকজন তাকে ধরে পুলিশে সোপর্দ করে। মাহফুজ জানায়, প্রথমে সে জানত না, তাদের দলের লোকজন ডাকাত। পরে সে জেনেছে, এর আগে এই দলটি রিকশা গ্যারেজে ডাকাতি করেছে। ঢাকা মেডিকেল কলেজ এলাকায় জলিলের একটি দোকান আছে। তার দলের অনেকে দিনে সদরঘাটে কুলির কাজ করে।পুলিশের ওয়ারী বিভাগের উপকমিশনার কাজী মোজাম্মেল হক বলেন, ‘মাহফুজের বক্তব্যে অনেক অসংগতি রয়েছে। তাকে ভালোভাবে জিজ্ঞাসাবাদ করলে আসল তথ্য জানা যাবে।’পাহারা দলে থাকা লিটন জানায়, লুঙ্গি-গেঞ্জি, লুঙ্গি-শার্ট পরা ওই দলটি আসার কিছুক্ষণ আগে পুলিশের টহল গাড়ি ওই এলাকা অতিক্রম করে। ওই লোকদের পরিচয় জানতে চাইলে আগন্তুকেরা জানায়, তারা মজুর। কাজ শেষে বাসায় ফিরছে। কোত্থেকে এসেছে জানতে চাইলে তারা উল্টাপাল্টা জবাব দেয়। দেহ তল্লাশি করতে চাইলে তাকে রড দিয়ে আঘাত এবং মাটিতে ফেলে মারধর করে তারা। এরপর পাহারায় থাকা সবাই বাঁশি বাজালে ও চিৎকার করলে লোকজন ছুটে আসে।পাহারা দলের অপর সদস্য মানিক জানায়, ভোর চারটার দিকে মসজিদের মাইক থেকে এলাকায় ডাকাত এসেছে জানিয়ে লোকজনকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়। তখন ওই দলের কয়েকজন পালাতে না পেরে ডোবা ও অন্যান্য জায়গায় লুকিয়ে পড়ে। পরে খুঁজে খুঁজে তাদের ধরে এনে মারধর করে এলাকাবাসী। হাজার হাজার মানুষকে থামানো যাচ্ছিল না।এলাকাবাসী জানান, ডোবায় আরেকজন নেমেছিল। অনেক খুঁজেও তাকে পাওয়া যায়নি।স্থানীয় প্রবীণ মনসুর আলী ফরাজী জানান, গত এক মাসে পাঁচটি বাড়িতে ডাকাতি হয়। তাই পুলিশের পাশাপাশি হাবিবনগর সমাজ কল্যাণ সংসদ ও খানকা রোড পঞ্চায়েত কমিটি যৌথভাবে সিদ্ধান্ত নিয়ে পাহারা শুরু করে। সমাজ কল্যাণ সংসদে মূলত এলাকার যুবকেরা ও পঞ্চায়েত কমিটিতে বয়োজ্যেষ্ঠরা রয়েছেন।কদমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আইয়ুবুর রহমান জানান, পুলিশের পাশাপাশি এলাকাবাসীও (কমিউনিটি পুলিশ) কয়েক দিন ধরে পাহারা দিচ্ছে। বৃহস্পতিবার রাতে এ রকম একটি পাহারা দল ডাকাতদের আটকালে ডাকাতেরা তাদের মারধর করে পালানোর চেষ্টা করে। পরে এলাকার অনেক লোক জড়ো হয়ে তাদের পিটুনি দেয়। তাদের কাছ থেকে যেসব অস্ত্র ও যন্ত্রপাতি উদ্ধার করা হয়েছে, তাতে মনে হয়েছে, তারা কোথাও ডাকাতি করতে যাচ্ছিল।পুলিশের ওয়ারী বিভাগের উপকমিশনার জানান, এলাকার মানুষ এখন বুঝতে পারছে, পুলিশের জনবল পর্যাপ্ত নয়। এ কারণে তারা মাঠে নেমেছে, দল বেঁধে মহল্লা পাহারা দিচ্ছে। পুলিশও বিষয়টিকে উৎসাহিত করছে। তিনি বলেন, কেউ আক্রান্ত হলে আত্মরক্ষার বিধান আইনেই রয়েছে। ডাকাতদের হামলায় হাবিবনগরে কমিউনিটি পুলিশের কয়েকজন সদস্য আহত হয়েছেন।ঘটনার ব্যাপারে সন্ধ্যায় পুলিশ বাদী হয়ে কদমতলী থানায় তিনটি মামলা করেছে। এর মধ্যে একটি ডাকাতি চেষ্টার, একটি অস্ত্র আইনে এবং অপরটি হত্যা মামলা। প্রথম দুটিতে সন্দেহভাজন ডাকাতেরা এবং হত্যা মামলায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করা হয়েছে।