চট্টগ্রামে ডাকাতদের আদালতে স্বীকারোক্তি
ডাকাতদের অস্ত্র ভাড়া দেন ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান!
চট্টগ্রামের হাটহাজারীতে একটি ডাকাতি মামলায় গ্রেপ্তার পাঁচ ডাকাত গতকাল শনিবার ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। জবানবন্দিতে তারা জানায়, ডাকাতির কাজে ব্যবহূত অস্ত্র তারা স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) একজন ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছ থেকে ভাড়া নেয়। তবে ওই চেয়ারম্যান ডাকাতদের বক্তব্য প্রত্যাখ্যান করে দাবি করেন, তাঁকে ফাঁসাতে তারা এই বক্তব্য দিয়েছে।ডাকাতির মামলায় গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন: মাসুদ মিয়া (৩০), মো. জাবের আলম (৪০), ফারুক মিয়া (১৮), মনসুর আলী (২৫) ও তপন নাথ (২৮)। তাঁদের কাছ থেকে আটটি গুলিসহ দুটি এলজি উদ্ধার করা হয়েছে। এই পাঁচজন গতকাল বিচারিক হাকিম কেশব চন্দ্র রায়ের আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।হাটহাজারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. বাবুল আকতার প্রথম আলোকে বলেন, গত ২২ জুন রাতে হাটহাজারী থানার উত্তর মাদার্শার শফিউল আজম নামের এক ব্যক্তির বাড়িতে ডাকাতি হয়। ডাকাতেরা তাঁর বাড়ি থেকে তিন লাখ টাকার মালামাল নিয়ে যায় বলে বাদী মামলায় অভিযোগ করেন। এরপর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত বৃহস্পতি ও শুক্রবার অভিযান চালিয়ে পাঁচজনকে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়। এ দলের আরও কয়েকজন পলাতক আছে। সহকারী পুলিশ সুপার বলেন, ‘অস্ত্রগুলো উত্তর মাদার্শা ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. জাকির হোসেনের বলে আমরা নিশ্চিত হয়েছি। আসামিরা আদালতে ১৬৪ ধারার জবানবন্দিতেও বিষয়টি উল্লেখ করেছেন। জাকির অস্ত্র ভাড়া দেওয়ার বিনিময়ে ডাকাতদের কাছ থেকে লুণ্ঠিত মালামালের ভাগ পেতেন। আমরা ওই জনপ্রতিনিধিকে গ্রেপ্তারের চেষ্টা করছি।’আদালত সূত্রে জানা গেছে, জবানবন্দিতে ওই পাঁচজন স্বীকার করেন, শফিউল আলমের বাড়ি থেকে লুণ্ঠিত মালামাল তাঁরা ভাগাভাগি করে নিয়েছেন। অবৈধ অস্ত্র ভাড়া দিয়ে এক রাতের জন্য ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাকির পান ছয় হাজার টাকা। ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাকির ডাকাতদের অভিযোগে প্রত্যাখ্যান করে প্রথম আলোকে বলেন, ‘ওরা আমার এলাকার ছেলে। তাদের আমি চিনি। তবে কখনো তাদের সঙ্গে বসে চা পর্যন্ত খাইনি। তারা কেন আমাকে ফাঁসিয়ে দিচ্ছে বুঝতে পারছি না।’পুলিশ সূত্র জানায়, গ্রেপ্তার হওয়া ডাকাত জাবের ও মাসুদ আপন ভাই। জাবের তিন মাস আগে ওমান থেকে দেশে ফেরেন। আর আগামী ২৩ জুলাই তাঁর আবার বিদেশে চলে যাওয়ার কথা ছিল। ছুটিতে এসেও তিনি পুরোনো পেশা ছাড়তে পারেননি। গ্রেপ্তার হওয়া তপন রিকশাচালক। শফিউল এবং তাঁর পরিবারের লোকজন তপনের রিকশায় নিয়মিত চড়তেন। ফলে শফিউলের অর্থবিত্ত সম্পর্কে তপনের ধারণা হয়, যা ডাকাত চক্রকে তিনি জানান। গত ২২ জুন রাতে তপনের পরামর্শে সহযোগীরা শফিউলের বাড়িতে ডাকাতি করেন। জবানবন্দিতে পাঁচজন স্বীকার করেন, তাঁরা শফিউলের বাড়ি থেকে ছয় হাজার টাকা, এক ভরি স্বর্ণালংকার ও দুটি মুঠোফোন সেট লুট করেন। লুণ্ঠিত স্বর্ণালংকার তাঁরা মাত্র ১৮ হাজার টাকায় বিক্রি করেন।