ডাকাতদের তাণ্ডবে ভয় পেয়ে স্কুলছাত্রের মৃত্যু
নাটোরের লালপুর-বাঘা সড়কের তিনখুঁটি মোড়ে আজ বৃহস্পতিবার ভোরে ডাকাতদের তাণ্ডবে ভয় পেয়ে মাইক্রোবাস আরোহী এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। মৃত আল-আমিন (১২) কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আমদহ উচ্চবিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্র। এতে আহত হয়েছে অন্তত ১৫ জন। এ সময় ডাকাতেরা কয়েকটি যানবাহনের যাত্রী ও চালকদের কাছ থেকে কয়েক লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায় বলে অভিযোগ পাওয়া গেছে।প্রত্যক্ষদর্শী ও লালপুর থানা সূত্রে জানা যায়, গতকাল রাত তিনটায় ওই মোড়ে একদল ডাকাত রাস্তায় গাছ ফেলে মালবাহী একটি ট্রাকসহ ১৩টি মাইক্রোবাস ও সিএনজিচালিত অটোরিকশা আটক করে। এসব গাড়ির বেশির ভাগ ঈশ্বরদী থেকে জ্বালানি গ্যাস নিয়ে ফিরছিল। ডাকাতেরা প্রতিটি গাড়ির চালক এবং যাত্রীদের লাঠি ও বন্দুকের বাট দিয়ে পেটায়। তারা গাড়ির কাচ ভাঙচুর করে এবং নারীদের গয়না কেড়ে নেয়। মাইক্রোবাসের চালক তোজাম উদ্দিন বলেন, ‘রাতের অন্ধকারে বেশ কয়েকজন ডাকাত আমাদের উপর অতর্কিতে চড়াও হয়। চোখের সামনে মায়ের কান কেটে গহনা কেড়ে নিতে দেখে এবং বাবাকে মারধর করতে দেখে আল-আমিন ভয় পেয়ে ঘটনাস্থলেই মারা যায়। তার বাবার নাম মোকাব্বার হোসেন। ওই ঘটনায় মাইক্রোবাস চালক মিঠু, জাম্মদসহ ১৫ জন আহত হয়। আহতেরা ঘটনার পর বিভিন্ন স্থানে চলে যায়।’ লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।