ডাকাতি ও হত্যা মামলার আসামির জামিন
মহানগর দায়রা জজ থেকে আবেদন নামঞ্জুরের পাঁচ দিনের ব্যবধানে ডাকাতি ও হত্যা মামলায় এক আসামি জামিন পেয়েছেন। আজ রোববার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে এ ঘটনা ঘটেছে।ওই আসামির নাম আলামিন ইয়ামিন। ডাকাতির উদ্দেশ্যে হত্যার অভিযোগে তাঁর বিরুদ্ধে একটি মামলা রয়েছে। গত সোমবার ঢাকার মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক আখতারুজ্জামান এই আসামির জামিন আবেদন নাকচ করেছিলেন। আজ ঢাকার মহানগর হাকিম মোহাম্মদ মাহবুবুর রহমান উচ্চ আদালতে আবেদন নাকচ হওয়ার পাঁচ দিনের ব্যবধানে আসামি আলামিন ইয়ামিনকে ৩০ হাজার টাকার মুচলেকায় এক আইনজীবীর জিম্মায় জামিন দেন। আদেশে বলা হয়, আসামি ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। আদেশে আরও বলা হয়, ‘আসামির বাবা একজন ব্যবসায়ী এবং অসুস্থ। এই মর্মে কাগজপত্র দাখিল করেছেন। গত ১৪ জুলাই থেকে কারাগারে আছেন। সার্বিক বিবেচনায় ৩০ হাজার টাকার মুচলেকায় একজন আইনজীবীর জিম্মায় তাঁকে জামিন দেওয়া গেল।’ আইনজীবী মোফাজ্জল হোসেন জামিনের আবেদন করেন, তাতে আসামির বয়স বলা হয়েছে ১৭ বছর। সে তার বাবার দোকান দেখাশুনা করে। তিনি আদালতে বলেন, ‘তার বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। তাই জামিন পেতে পারেন।’ পুলিশের অপরাধ তদন্ত ও প্রসিকিউশনের সহকারী কমিশনার আমিনুর রহমান প্রথম আলো ডটকমকে বলেন, ‘এই মামলায় জামিনপ্রাপ্ত আসামি আলামিন ইয়ামিনসহ তিনজন আসামি ঘটনার বিষয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। ডাকাতির উদ্দেশ্যে হত্যার অভিযোগে করা মামলায় আসামিদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি আছে। এ ধরনের মামলায় তদন্ত পর্যায় জামিন দেওয়া ঠিক হবে না বলে মহানগর দায়রা জজ আদালত ৩ সেপ্টেম্বর আসামির জামিন আবেদন নাকচ করে দেন।’ ডাকাতি ও হত্যার অভিযোগে রাজধানীর কাফরুল থানায় একটি মামলা করেন মাছ ব্যবসায়ী আমিন উদ্দিন। মামলায় অভিযোগ করা হয়, ‘আলামিন ইয়ামিনসহ তিনজন গত ১৭ জুলাই মগবাজার এলাকা থেকে একটি পিকআপ ভ্যানসহ ৩০ হাজার টাকার মাছ নিয়ে যায়। এ সময় গাড়িচালক ইউসুফ ও আমিন উদ্দিনের ব্যবসার কর্মচারী হাফিজকে মারধর করা হয়। একপর্যায় তাঁদের গাড়ি থেকে ফেলে দেওয়া হয়। এতে হাফিজ মারা যান। এ ঘটনায় ডাকাতির উদ্দেশ্যে হত্যার অভিযোগে একটি মামলা করা হয়।’