ডাকাতির ঘটনায় ৮ পুলিশকে গণপিটুনি, থানায় হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের কাহারোল উপজেলার ঘাসিয়ারা তাঁতীপাড়া গ্রামে ডাকাতির অভিযোগে পুলিশের তিন কর্মকর্তাসহ আটজন সদস্যকে মারধর করেছে জনতা। পুলিশের সঙ্গে সংঘর্ষের সময় জনতা বীরগঞ্জ থানায় হামলা চালিয়ে গোলঘরে অগ্নিসংযোগ করে। পুড়িয়ে দেওয়া হয় পুলিশের একটি পিকআপ ভ্যান ও তিনটি মোটরসাইকেল এবং ডাকাতিতে ব্যবহূত একটি মাইক্রোবাস।ডাকাতিতে জড়িত থাকার অভিযোগে গতকাল মঙ্গলবার কাহারোল ও বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) ছয়জন পুলিশ কর্মকর্তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। এ ছাড়া বীরগঞ্জ থানার সব পুলিশকে প্রত্যাহার (ক্লোজড) করা হয়েছে।এ ঘটনায় দিনাজপুরের জেলা প্রশাসক (ডিসি) অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে প্রধান করে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছেন।গতকাল সকালে বীরগঞ্জ উপজেলা সদরে গিয়ে দেখা যায়, কয়েক হাজার ক্ষুব্ধ জনতা থানা ঘেরাও করে রেখেছে। জনতাকে লক্ষ্য করে পুলিশ কাঁদানে গ্যাসের শেল, রাবার বুলেট ও শটগান থেকে ফাঁকা গুলি ছোড়ে। এ সময় জনতা আগুন জ্বালিয়ে এবং গাছের গুঁড়ি ফেলে দিনাজপুর-ঠাকুরগাঁও মহাসড়ক ও বীরগঞ্জ-বোঁচাগঞ্জ সড়ক অবরোধ করে যানবাহন চলাচল বন্ধ করে দেয়।বেলা ১১টার দিকে উত্তেজিত জনতার ইটপাটকেলের আক্রমণে পুলিশ পিছু হটলে জনতা থানা ভবনে ঢুকে পড়ে। তারা বীরগঞ্জ থানা ভবনের কাচের দরজা-জানালা ভাঙচুর করে। থানার সামনে গোলঘর ও তিনটি মোটরসাইকেল আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়। ঘন ঘন কাঁদানে গ্যাসের শেল, রাবার বুলেট ও শটগানের ফাঁকা গুলি ছুড়ে পুলিশ থানা থেকে জনতাকে বের করে দিতে সক্ষম হয়।ডাকাতির ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, বীরগঞ্জ উপজেলার সীমানা শেষে কাহারোল উপজেলার ঘাসিয়ারা তাঁতীপাড়া গ্রামে উত্তেজিত লোকজন সহকারী পুলিশ সুপার (বীরগঞ্জ সার্কেল) মো. খায়রুল ইসলাম, কাহারোল থানার ওসি মো. শহীদুল্লাহসহ পুলিশের ১৫ জন সদস্যকে অবরুদ্ধ করে রেখেছে। ক্ষুব্ধ জনতা পুলিশের পিকআপ ভ্যানটি জ্বালিয়ে দেয়। ঘটনাস্থল পরিদর্শন করতে গেলে দিনাজপুরের জেলা প্রশাসক মো. জামাল উদ্দিন আহমেদ ও কাহারোল উপজেলা নির্বাহী কর্মকর্তাকেও (ইউএনও) অবরুদ্ধ করে রাখা হয়। বিজিবির চার প্লাটুন সদস্য, দিনাজপুর পুলিশের শতাধিক সদস্য এবং র‌্যাবের একদল সদস্য দুপুর দুইটার দিকে ঘটনাস্থলে আসেন। এ সময় বিজিবির দিনাজপুর সেক্টরের কমান্ডার কর্নেল সালেহ আহমাদ ও পুলিশের রংপুর রেঞ্জের অতিরিক্ত উপমহাপরিদর্শক লুৎফর রহমান খান ঘটনার সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের চাকরি থেকে বরখাস্তসহ দৃষ্টান্তমূলক শাস্তির ঘোষণা মাইকে প্রচার করে জনতাকে শান্ত করেন। প্রায় একই সময়ে জেলা প্রশাসক ডাকাতির ঘটনাস্থল কাহারোল উপজেলার ডাবর ইউনিয়নের তাঁতীপাড়া গ্রামে অনুরূপ প্রতিশ্রুতি দিলে ক্ষুব্ধ লোকজন শান্ত হয়। মুক্ত হন ডিসিসহ কাহারোল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও অবরুদ্ধ পুলিশ সদস্যরা। এরপর বিজিবি ও র‌্যাবের সদস্যরা দাঁড়িয়ে থেকে জনতাকে বুঝিয়ে রাস্তা থেকে সরিয়ে দেন। স্বাভাবিক হয় যানবাহন চলাচল।ডাকাতির শিকার বাড়ির গৃহকর্ত্রী আরতী দেবনাথ গতকাল সকালে জানান, তাঁর স্বামী রাজেন্দ্র দেবনাথ বলেয়া উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক এবং একজন পল্লি চিকিৎসক। রাত দেড়টার দিকে ১০-১২ জনের একদল ডাকাত প্রাচীর টপকে তাঁদের বাড়িতে ঢোকে। ডাকাতেরা গাছের গুঁড়ি দিয়ে বাড়ির বারান্দার গ্রিল ও ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। দরজা ভাঙার শব্দে ঘুম ভেঙে গেলে বাড়ির মেয়েদের নিয়ে জানালা-দরজা দিয়ে তিনি (আরতী) বাড়ির পাশে কলাবাগানে পালান। ডাকাতেরা ঘরে ঢুকে রাজেন্দ্র দেবনাথকে পিটিয়ে আহত করে আলমারি ভেঙে ২৫ হাজার টাকা ও ১২ ভরি স্বর্ণালংকার নিয়ে যায়।শিক্ষক রাজেন্দ্র দেবনাথের বড় ভাইয়ের ছেলে বলেয়া বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক কিশোর দেবনাথ জানান, পাশেই একটি ঘরে তিনি স্ত্রীসহ ছিলেন। ডাকাতির ঘটনা টের পেয়ে বের হতে গিয়ে তিনি দেখেন, তাঁর ঘরের দরজা বাইরে থেকে লাগানো। এ অবস্থায় তিনি মুঠোফোনে বলেয়া বাজারের পাহারাদারসহ আশপাশের পরিচিত অনেককে ঘটনা জানান। খবর পেয়ে লোকজন চিৎকার করে তাঁদের বাড়ির দিকে ছুটে আসতে থাকে। অবস্থা বেগতিক দেখে ডাকাতেরা টাকা ও স্বর্ণালংকার নিয়ে মাইক্রোবাসযোগে রওনা করে। বলেয়া বাজারে জনতা তাদের প্রতিরোধ করে।বলেয়া বাজারের নৈশপ্রহরী মফিজুল ইসলাম প্রথম আলোকে জানান, মাইক্রোবাসটিতে চালক ছাড়া আটজন ছিলেন। থামিয়ে দেখা যায়, সাদা পোশাক পরা সবাই বীরগঞ্জ থানার পুলিশ, যাঁদের মধ্যে এসআই মনসুর ও ফজলু এবং এএসআই সুকুমার চন্দ্র রায় ও জাভেদ অনেকের পরিচিত। অবশিষ্ট চারজন মুখচেনা। প্রতিরোধ করায় ক্ষিপ্ত হয়ে তাঁরা জনতাকে বেধড়ক পেটাতে থাকেন। কিছুক্ষণের মধ্যে বীরগঞ্জ থানার ওসি মো. আকতারুজ্জামান এক পিকআপ ভ্যানে করে পুলিশ নিয়ে ঘটনাস্থলে আসেন। তাঁরা ২০ থেকে ২৫টি ফাঁকা গুলি ছুড়লে জনতা ছত্রভঙ্গ হয়ে যায়। আহত এক পুলিশ ও মাইক্রোবাসের চালক সাইদুলকে ফেলে অন্যদের পিকআপ ভ্যানে তুলে নিয়ে যান ওসি। জনতা পিটুনি দিয়ে চালকসহ দুজনকে ধরে তাঁতীপাড়ায় নিয়ে আসে। এখানে ডাকাতদের ব্যবহূত মাইক্রোবাসটি উত্তেজিত জনতা আগুন দিয়ে পুড়িয়ে দেয়।গ্রামবাসী জানান, ডাকাতির সময় এবং এর পরপরই বীরগঞ্জ থানার ওসির মুঠোফোনে অনেকবার কল করা হলেও তিনি তা রিসিভ করেননি। সকাল সাড়ে ছয়টার দিকে বীরগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার ও কাহারোল থানার ওসি একটি পিকআপ ভ্যানে করে পুলিশের ১৫ জন সদস্যসহ ঘটনাস্থলে আসেন। এখানে জনতা তাঁদের ওপর হামলা চালালে তাঁরা রাজেন্দ্র দেবনাথের একটি ঘরে আশ্রয় নেন। বিজিবির সদস্যরা এসে তাঁদের উদ্ধার না করা পর্যন্ত এখানেই তাঁদের আটকে রাখে জনতা।মাইক্রোবাসের চালক সাইদুল ইসলাম প্রথম আলোকে জানান, বীরগঞ্জ থানার ওসি মো. আকতারুজ্জামান গাড়িটি ভাড়া করেছিলেন। এর আগেও তিনি এভাবে গাড়ি ভাড়া করে সাদা পোশাকে পুলিশ সদস্যদের বিভিন্ন স্থানে পাঠাতেন।তবে এ ব্যাপারে জানতে চাইলে বীরগঞ্জ থানার ওসি কোনো কথা বলতে রাজি হননি।পুলিশ সূত্র জানায়, দুই ওসি ছাড়া বরখাস্ত হওয়া চারজন হলেন বীরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মনসুর ও ফজলু এবং সহকারী উপপরিদর্শক (এএসআই) সুকুমার চন্দ্র রায় ও জাভেদ।পুলিশের রংপুর রেঞ্জের অতিরিক্ত উপমহাপরিদর্শক প্রথম আলোকে বলেন, পুলিশ বিভাগের জন্য এ ঘটনা অত্যন্ত বিব্রতকর। শিগগিরই একটি তদন্ত কমিটি গঠন করা হবে। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে জড়িত ব্যক্তিদের অবশ্যই দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে। তিনি বীরগঞ্জ থানায় কর্মরত পুলিশের সব সদস্যকে প্রত্যাহার করে রংপুরে ডিআইজি কার্যালয়ে নিয়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, নতুন করে দায়িত্ব না আসা পর্যন্ত দিনাজপুর কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) মো. আনিছুর রহমানের নেতৃত্বে দিনাজপুর লাইনের একদল পুলিশ বীরগঞ্জ থানার আইনশৃঙ্খলার দায়িত্ব পালন করবেন।