ডাকাতের গুলি, অতঃপর গণপিটুনি, নিহত ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জে গতকাল শনিবার সকালে ডাকাত দলের গুলিতে একজন এবং এর জের ধরে গণপিটুনিতে তিনজন নিহত হয়েছে।পুলিশ জানিয়েছে, গণপিটুনিতে নিহত তিনজন ডাকাত। তাদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। গ্রামবাসীর পিটুনিতে তারা মারা গেছে। আর ডাকাতদের গুলিতে মারা গেছেন একজন গ্রামবাসী।পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মুরাদনগর উপজেলার রামচন্দ্রপুর বাজারের আটজন ব্যবসায়ী গতকাল একটি মাইক্রোবাসযোগে দোকানের মালামাল কেনার জন্য নারায়ণগঞ্জে যাচ্ছিলেন। সকাল সাড়ে সাতটার দিকে তাঁরা মুরাদনগর-ইলিয়টগঞ্জ সড়কের মুরাদনগরের ছালিয়াকান্দি গ্রামের কাছে পৌঁছালে মাইক্রোবাসযোগে একদল ডাকাত তাঁদের গতি রোধ করে। এরপর ডাকাতেরা ব্যবসায়ীদের কাছ থেকে প্রায় ১৬ লাখ টাকা ছিনিয়ে নিয়ে পালানোর সময় দাউদকান্দি উপজেলার ভাষখোলা বটতলা গ্রামের কাছে ডাকাতদের মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়।প্রত্যক্ষদর্শীরা জানান, এ সময় গ্রামবাসী তাদের উদ্ধারে এগিয়ে গেলে প্রায় সাতজনের ডাকাত দল সিএনজিচালিত একটি অটোরিকশায় উঠে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দিকে যাওয়ার চেষ্টা করে। এ সময় গ্রামবাসীর সন্দেহ হয়। তারা ডাকাত ডাকাত বলে চিৎকার করলে ডাকাতেরা এলোপাতাড়ি গুলি ছুড়তে ছুড়তে পালানোর চেষ্টা করে। এ সময় তিনজন গ্রামবাসী গুলিবিদ্ধ হন। পরে গ্রামবাসী ধাওয়া করে দাউদকান্দির ইলিয়টগঞ্জ বাজারের পূর্ব পাশে ডাকাতদের ধরে পিটুনি দিলে ঘটনাস্থলেই তিন ডাকাত মারা যায়। এ সময় বাকি ডাকাতেরা পালিয়ে যায়। এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিহত ব্যক্তিদের পরিচয় পাওয়া যায়নি। তাদের লাশ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। গ্রামবাসী ডাকাত সন্দেহে মুরাদনগরের বড়ুইয়াকুড়ি গ্রামের কারাজ মিয়াকে (৪২) ধরে মুরাদনগর থানার পুলিশে সোপর্দ করেছে।ডাকাতদের কাছ থেকে একটি রিভলবার ও একটি বিদেশি পিস্তল, পাঁচটি গুলি, একটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে। ব্যবসায়ীদের কাছ থেকে লুণ্ঠিত টাকা উদ্ধার করা সম্ভব হয়নি।ডাকাতদের গুলিতে আহত কাজী সিরাজুল ইসলামকে (৫৮) কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। তাঁর বাড়ি মুরাদনগর উপজেলার বাবুটিপাড়া ইউনিয়নের তেলুয়া মাইনকা গ্রামে। তিনি বাবুটিপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক। এ ছাড়া গুলিবিদ্ধ দাউদকান্দির ভাষখোলা গ্রামের জাকির হোসেন (৩৫) ও মুরাদনগরের রামচন্দ্রপুরের ব্যবসায়ী ভানুভূষণ সাহাকে (৪৭) আশঙ্কাজনক অবস্থায় প্রথমে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ঢাকায় পাঠানো হয়।কুমিল্লার পুলিশ সুপার শফিকুল ইসলাম ও দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আনোয়ারুল নাসের ঘটনাস্থল পরিদর্শন করেছেন।প্রত্যক্ষদর্শী বাবুটিপাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি আলাউদ্দিন, তেলুয়া গ্রামের ব্যবসায়ী মাহমুদ আলী ও কৃষক মোবারক জানান, দুর্ঘটনার পর মাইক্রোবাসের কয়েকজন যাত্রী এসে গ্রামবাসীকে জানান, তাঁদের একজন সহযাত্রী দুর্ঘটনাকবলিত মাইক্রোবাসের মধ্যে আটকা পড়েছেন। তাঁরা তাঁকে উদ্ধার করার জন্য গ্রামবাসীকে অনুরোধ করেন। গ্রামবাসী মাইক্রোবাসের কাছে গেলে ওই ব্যক্তিরা সিএনজিচালিত একটি অটোরিকশায় উঠে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দিকে চলে যাওয়ার সময় গ্রামবাসীর সন্দেহ হয়। এ সময় গ্রামবাসী চিৎকার শুরু করলে ডাকাতেরা গ্রামবাসীকে লক্ষ্য করে গুলি করতে করতে পালানোর চেষ্টা করে।নিহত কাজী সিরাজুল ইসলামের ছেলে মাহবুব আলম জানান, তাঁর বাবা সকালে রাস্তায় হাঁটতে গিয়ে এলাকাবাসীর চিৎকার শুনে ডাকাতদের ধাওয়া করতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন।দাউদকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাউছার চৌধুরী জানান, নিহত ব্যক্তিদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার করার পর নিশ্চিত হওয়া গেছে যে তারা ডাকাত। উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলাম দাউদকান্দি থানায় অস্ত্র আইনে একটি মামলা করেছেন।মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল আলম জানান, রামচন্দ্রপুর বাজারের ব্যবসায়ী বিকাশ চন্দ্র সাহা মুরাদনগর থানায় খুনসহ ডাকাতির মামলা করেছেন। তিনি জানান, ডাকাতদের বহন করা মাইক্রোবাসে চারটি নম্বর প্লেট পাওয়া গেছে।