ডাকাতের গুলির হুমকি, পিছু হটল পুলিশ
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার হায়দরগঞ্জ বাজার এলাকায় গতকাল সোমবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে দুই বাড়িতে ডাকাতি হয়েছে। ডাকাতেরা এ সময় প্রায় ৫০ ভরি স্বর্ণালংকার, নগদ টাকা ও মোবাইল ফোনসেটসহ ৩৫ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায় বলে ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা দাবি করেছে। তবে হায়দরগঞ্জ ফাঁড়ির টহল পুলিশ ঘটনাস্থলে পৌঁছালেও ডাকাতদের গুলি করার হুমকিতে তারা পিছু হটে।ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা জানায়, রাত সাড়ে তিনটার দিকে ২২-২৫ জনের একদল সশস্ত্র ডাকাত চর আবিল গ্রামের নূরনবী পণ্ডিতের বাড়িতে হানা দেয়। তারা পরিবারের সদস্যদের হাত-পা বেঁধে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি করে। পরে একই এলাকার আবদুল খালেকের বাড়িতে ডাকাতেরা হানা দেয়। দুই বাড়ি থেকে প্রায় ৫০ ভরি স্বর্ণালংকার, দুই লাখ ৩৪ হাজার টাকা ও আটটি মুঠোফোনসহ ৩৫ লক্ষাধিক টাকার মালামাল লুটে নেয়। এ সময় ডাকাতদের মারধরে আহত হয় আবদুল খালেক মুন্সি, খোরশেদা বেগম, শাহজালাল, নূরনবী পণ্ডিত, আলাউদ্দিন ও নাছিমা আক্তার। তাঁদের মধ্যে আবদুল খালেক মুন্সি ও খোরশেদা বেগমকে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।প্রত্যক্ষদর্শী সাইয়্যেদ জায়েদ বিন ইজ্জুদ্দিন বলেন, ডাকাতির খবর পেয়ে হায়দরগঞ্জ ফাঁড়ির টহল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। এ সময় ডাকাতেরা গুলি করার হুমকি দিলে পুলিশ পিছু হটে। পুলিশের রহস্যজনক ভূমিকার কারণেই ডাকাতেরা নির্বিঘ্নে মালামাল নিয়ে পালিয়ে যাওয়ার সুযোগ পায় বরে দাবি করেন তিনি। হায়দরগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবদুল খালেক বলেন, ‘খবর পেয়ে আমি ঘটনাস্থলে যাই। এ সময় মালামাল নিয়ে ডাকাত দল পালিয়ে যায়। ডাকাতির সময় পুলিশের তিন সদস্যের একটি দল টহল দিচ্ছিল। ২২-২৫ জন ডাকাত সশস্ত্র অবস্থায় থাকায় পুলিশেরা আক্রমণ করার সাহস পায়নি।’এ ব্যাপারে রায়পুর থানার পরিদর্শক (তদন্ত) নাসির উদ্দিন মজুমদার বলেন, এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।