ডাকাতের মন গলালেন ঝাং (ভিডিও)
ভাগ্য যে সাহসীদের পক্ষে থাকে এবং কথা দিয়ে শত্রুকেও যে শান্ত করা যায়, তা আরও একবার প্রমাণ করলেন চীনের এক নারী। ঝাং নামের ওই চীনা নারীর কাছ থেকে এক ব্যক্তি ডাকাতি করতে আসে। তিনি ডাকাতের সঙ্গে কথা বলে তার মন বদলাতে সাহায্য করেন। এ দুঃসাহসিক কাজের জন্য ইন্টারনেটে তাঁকে হিরোইন উপাধি দেওয়া হয় এবং ভক্তরা তাঁকে ‘সিস্টার জাস্টিস’ বলেও ডাকা শুরু করেন।রয়টার্সের খবরে বলা হয়, ৫৭ বছর বয়সী ওই চীনা নারী ক্যাশ মেশিন থেকে অর্থ তুলতে যান। এমন সময় ২০ বছর বয়সী দু নামের এক ব্যক্তি তাঁর পেছনে ছুরি নিয়ে দাঁড়িয়ে থাকে অর্থ হাতিয়ে নেওয়ার জন্য। কিন্তু ওই নারী এতে কোনো রকম ভয় না পেয়ে ব্যক্তিটির সঙ্গে কথা বলেন। তিনি রীতিমতো ওই ব্যক্তিকে কঠোরভাবে তিরস্কার করেন।ঝাং তখন ওই ব্যক্তিকে বলেন, ‘তোমার বয়স অনেক কম। তুমি কেন ডাকাতির মতো জঘন্য কাজ করবে? এটা ভালো কোনো কাজ নয়। আর তুমি যে ডাকাতি করতে এসেছ, এখানে অনেক নিরাপত্তা ক্যামেরা আছে। এগুলো তোমার ওপর নিবিড়ভাবে নজরদারি করছে।’নিরাপত্তা ক্যামেরার ধারণকৃত ভিডিও ফুটেজে দেখা যায়, ঝাং ওই ব্যক্তিকে কিছু অর্থ নেওয়ার প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু ওই ব্যক্তি অর্থ না নিয়ে শিগগিরই ঘটনাস্থল থেকে পালিয়ে যান। ঝাং বলেন, তিনি ওই ব্যক্তিকে সামান্য কিছু অর্থ দিতে দিয়েছিলেন। ভেবেছিলেন ওই ব্যক্তি কিছু অর্থ পেয়ে খুশি হয়ে চলে যাবেন। পরে পুলিশ দু নামের ওই ব্যক্তিকে আটক করে। তবে স্থানীয় টিভি চ্যানেলের সাক্ষাত্কারে দু তাঁর কর্মের জন্য অনুতাপ প্রকাশ করেন। তিনি দুঃখপ্রকাশ করে বলেন, ওই ডাকাতির চেষ্টা করে তিনি তাঁর মা-বাবাকে অপমান করেছেন। এ জন্য তিনি তাঁদের কাছে ক্ষমা চেয়েছেন। এ ছাড়া তিনি ওই নারীর কাছেও ক্ষমা চেয়েছেন।