ডাকাবুকো ডেসকাট
অনেক অর্জনের এক সেঞ্চুরি করলেন রায়ান টেন ডেসকাট। বিশ্বকাপে নিজের প্রথম সেঞ্চুরি, ১১০ বলে ১১৯ রানের ইনিংসটা আবার সহযোগী দেশগুলোর মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ ইনিংস। মনে তাঁর দোলা লাগারই কথা। কিন্তু ম্যাচ বিরতিতে দেওয়া মিনি সাক্ষাৎকারে মুখ ভার করে হল্যান্ডের অলরাউন্ডার জানালেন, খুব হতাশ তিনি। আরও ভালো কিছু করতে না পারার অতৃপ্তি ছিল তাঁর চোখে-মুখে।এটা শিল্পীর চিরন্তন অতৃপ্তি। কোনো সৃষ্টিতেই তাঁর মন ভরে না! ম্যাচ শেষে অবশ্য শিল্পীর অতৃপ্তি নয়, ডেসকাটকে ঘিরে ধরেছে হতাশার কালো মেঘ। এমন একটা ইনিংস খেলেও যে পরাজিত দলে নাম তাঁর! ডেসকাটের সেঞ্চুরিতে ৬ উইকেটে ২৯২ রান তোলা হল্যান্ড দুর্দান্ত লড়াই করে ইংল্যান্ডের কাছে হেরে গেছে ৬ উইকেটে। সোনায় মোড়া হতে হতেও ডেসকাটের কালকের দিনটি শেষ পর্যন্ত মোড়া হলো রুপায়! ডেসকাট বলতে পারেন, রুপার রংটা ধূসর।ইংল্যান্ড ম্যাচ জিতলেও পরশুর দিনটি কিন্তু ছিল ডেসকাটেরই। ব্যাট হাতে যেভাবে ইংলিশ বোলারদের শাসন করেছেন, চার মেরেছেন ৯টি, গ্যালারিতে গিয়ে আছড়ে পড়া ৬ মেরেছেন ৩টি। অসাধারণ ব্যাটিংয়ের পর বল হাতেও ১০ ওভারে ৪৭ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট। অলরাউন্ড এই নৈপুণ্য ইংলিশ কাউন্টি এসেক্স আর আইপিএলে কলকাতা নাইট রাইডার্সে দেড় লাখ ডলারে বিকোনো অলরাউন্ডারকে এনে দিয়েছে ম্যাচসেরার পুরস্কার।এই ইনিংসে ডেসকাট অবদান দেখছেন নাগপুরের উইকেটেরও, ‘উইকেট সত্যি খুব ভালো ছিল। বলও ব্যাটে আসছিল। অন্য সব দিনের মতোই আরেকটা দিন গেল আমার। সবকিছু স্বাভাবিক গেল।’শৌখিন ক্রিকেটের দেশ হল্যান্ডের আর সব ক্রিকেটারদের থেকে ডেসকাট আলাদা। ডাচ মা-বাবার সন্তান হলেও জন্ম দক্ষিণ আফ্রিকায়। কেপলার ওয়েসেলস-অ্যালান ডোনাল্ডদের দেখতে দেখতে বেড়ে উঠেছেন সেখানে। তাঁর রক্তে না থাকুক, চেতনায় তো ওয়েসেলস-ক্যালিসরা আছেনই। তাই ডাচ হয়েও হয়তো ক্রিকেটটা তাঁর জন্য সহজাত।নিজের সহজাত প্রতিভাকে যেমন স্যালুট করেছেন, তেমনি এই ইনিংসটির জন্য ধন্যবাদ দিয়েছেন ইংল্যান্ডের কেভিন পিটারসেন আর জেমস অ্যান্ডারসনকে। ভাবছেন, প্রতিপক্ষের খেলোয়াড়দের ধন্যবাদ জানালেন কেন? ৪৭ রানে গ্রায়েম সোয়ানের বলে ক্যাচ তুলে দিয়েছিলেন ডেসকাট। এই দুজনের ভুল বোঝাবুঝিতেই পেয়েছিলেন ‘জীবন’।ডেসকাটের ফিরে পাওয়া জীবনের কারণেই ইংল্যান্ড-হল্যান্ড ম্যাচটিতে ছিল প্রাণের স্পন্দন। প্রাণে স্পন্দন নিয়ে ঘরে ফিরতে পেরেছে নাগপুরের দর্শক। নাগপুরে নিজের দেশের খেলা দেখতে গিয়েছিলেন এক ডাচ ভদ্র মহিলা। ডেসকাটের সেঞ্চুরি নাড়া দিয়ে গেছে তাঁকে। তিনি বলেন, ডেসকাটের ইনিংসটা দেখে পয়সা উসুল হয়ে গেছে। এত দূর থেকে নাগপুরে এসে এমন একটি ইনিংস দেখা সত্যিই অসাধারণ ব্যাপার। তাঁর এই বীরত্ব দেশে অনেককেই খুশি করবে।ম্যাচে প্রায় সারাক্ষণই নিজের দেশের জন্য প্রার্থনা করে গেছেন ইংল্যান্ডের এক তরুণ। তবে ডেসকাটের সেঞ্চুরি দোলা দিয়ে গেছে তাঁকেও। তিনি বলেন, ডেসকাট আসল, দেখল এবং জয় করে গেল। চমৎকার এক ইনিংস এটা।ডেসকাটের কি এর পরও মন খারাপ থাকবে? মাঠের লড়াইটাই শুধু জেতা হয়নি, না হলে কী অজেয় থাকল তাঁর? ম্যাচ সেরার পুরস্কার, মানুষের মন—সবই তো জিতলেন।