ডাক্তার হতে ঢাকায় বিদেশিরা
বাংলাদেশ থেকে আমাদের শিক্ষার্থীরাই কেবল বিদেশে পড়তে যাচ্ছেন না, ঢাকায়ও বিদেশ থেকে ছেলেমেয়েরা পড়তে আসছেন। ভারত, নেপাল, যুক্তরাষ্ট্র, মালয়েশিয়া, পাকিস্তান থেকে ছেলেমেয়েরা ঢাকায় আসছেন চিকিৎসাশাস্ত্র শিখতে। তাঁদের বেশির ভাগের ঠাঁই হচ্ছে ঢাকায় গড়ে ওঠা বেসরকারি মেডিকেল কলেজগুলোয়। ইব্রাহিম মেমোরিয়াল মেডিকেল কলেজ হাসপাতালে এমবিবিএস কোর্স করছেন প্রায় ৫০ জন বিদেশি শিক্ষার্থী। তাঁদের মধ্যে কথা হলো নেপালের মানসপ্রীতি, ভারতের কাশ্মীরের মইন ও দানেশ, কলকাতার অপূর্ব এবং যুক্তরাষ্ট্রের সুরাইয়ার সঙ্গে। মানসপ্রীতি প্রতিবেশী এক প্রবাসী বাংলাদেশির কাছে প্রথম শোনেন বাংলাদেশের কথা। বাংলাদেশে মেডিকেল কলেজগুলো পড়ালেখার মান ভালো জেনে বাংলাদেশে আসার আগ্রহ জাগে তাঁর। এখানে ভর্তি পরীক্ষা দিয়ে টিকেও যান তিনি। তিনি এখন চতুর্থ বর্ষের ছাত্রী। মইনের এখানে ভর্তি হওয়ার মূল কারণটাই আর্থিক। কাশ্মীরে মেডিকেল কলেজে পড়াশোনার জন্য অনেক টাকা লাগে। সে তুলনায় ঢাকায় টাকার পরিমাণটা অনেক কম। মইনের কথার সঙ্গে সুর মেলায় কলকাতার অপূর্ব। নেপালে মেডিকেল কলেজের সংখ্যা খুবই কম। তাই রাভিস চলে এসেছেন এখানে। সুরাইয়ার অবশ্য এসব কিছু নয়, ঢাকায় এসেছেন কেবল নাড়ির টানে। জন্ম তাঁর যুক্তরাষ্ট্রে হলেও মা-বাবা যে বাংলাদেশি।শিকদার মেডিকেল কলেজের প্রথম বর্ষে ১৮ আর দ্বিতীয় বর্ষে ২৫ জন বিদেশি শিক্ষার্থী পড়ছেন। এখানে দেখা হলো নেপালের ঋতু, উপাসনা ও লক্ষ্মীর সঙ্গে। নিজ দেশে মেডিকেল কলেজে আসনস্বল্পতার কারণে তাঁরা পড়াশোনার জন্য বাংলাদেশকে বেছে নিয়েছেন। কলেজের হোস্টেলে থাকেন সবাই।এখানে আসার আগে মানসপ্রীতির ধারণা ছিল, বাংলাদেশে বছর বছর বন্যা হয়, ঢাকা শহর পানিতে ডুবে যায়। আর হরতাল, আন্দোলন, মারামারি—এসব লেগেই থাকে। কিন্তু বাংলাদেশে আসার পর ওই ধারণা খুব একটা মেলেনি। নেপালি মেয়ে উপাসনা আর ঋতু ভয় পেয়েছিলেন, বাংলাদেশে খুব গরম। পরে দেখলেন তাঁদের ভয়টাও অমূলক ছিল। অবশ্য এ দেশের মানুষের অতিথিপরায়ণতা সম্পর্কে তাঁরা ভুল শোনেননি।ঢাকায় আসার পর খাওয়া-দাওয়া নিয়ে প্রথম প্রথম বেশ সমস্যা হতো তাঁদের। মইন বললেন, ‘প্রথমে হোস্টেলের অন্য সব শিক্ষার্থীর মতো আমাদেরও একই খাবার দেওয়া হতো। তাতে সমস্যা হচ্ছে শুনে কর্তৃপক্ষ আমাদের আলাদা খাবার দেওয়ার ব্যবস্থা করে। বাবুর্চিকে আমরা আমাদের কিছু কিছু খাবার রান্না করা শিখিয়ে দিয়েছি। এখন আর খুব একটা ঝামেলা হয় না।’ মইন জানান, বাংলাদেশি রান্নায় অনেক মসলা দেয়, তাই খেতে সমস্যা হতো। তবে এখন ঝাল-মসলা খাওয়া খানিকটা সহ্য হয়ে গেছে। এদিকে মানসপ্রীতির আবার বাইরের খাবার খেতে ভালো লাগে। মাঝেমধেই তাই বাইরের রেস্তোরাঁ থেকে খাবার কিনে খেতে হয় তাঁকে। পড়াশোনার চাপ একটু কম থাকলে বিকেলে বান্ধবীদের নিয়ে বসুন্ধরা সিটিতে চলে যান খেতে। উপাসনা, ঋতু আর লক্ষ্মীও মাঝেমধ্যে রেস্তোরাঁ থেকে খেয়ে আসেন। খাবারের সমস্যাটা এখন অনেকটাই কাটিয়ে উঠেছেন তাঁরা। শুধু পড়াশোনা করলেই তো চলে না। মনের খোরাকও তো চাই এর পাশাপাশি। সে জন্য বাংলাদেশি বন্ধুদের সঙ্গে দল বেঁধে স্টার সিনেপ্লেক্সে গিয়ে মইন, অপূর্ব ও দানেশ বাংলাদেশের সিনেমা দেখেছেন। সিনেমার নাম মনপুরা। অবশ্য বাংলা ভাষা খুব একটা বোঝেন না বলে সিনেমার সংলাপগুলোর বেশির ভাগই বুঝতে পারেননি। তবে সিনেমার কাহিনি এবং অভিনেতা-অভিনেত্রীর অভিনয় অনেক ভালো লেগেছে তাঁদের। দু-একটি করে বাংলাদেশি নাটক দেখেছেন তাঁরা। রাস্তাঘাটে চলতে গানও শুনেছেন দু-একটি। মানসপ্রীতি পয়লা বৈশাখে বাংলাদেশি মেয়েদের সঙ্গে রমনার বটমূলে গেছেন। বাঙালির এ প্রাণের উৎসব তাঁর ভালো লেগেছে বেশ। তিনি বলেন, ‘আমাদের দেশে কোনো উৎসবে দেশব্যাপী এত আনন্দ, এত মজা হয় না।’ তাঁর সঙ্গে লক্ষ্মী সুর মেলান, ‘আমি পয়লা বৈশাখের দিন ঘুরতে বেরিয়েছি। আমার অনেক মজা লাগে বাংলাদেশিদের বিপুল আনন্দ আয়োজন দেখে।’পড়াশোনা আর পরীক্ষা থেকে একটু অবসর পেলেই তাঁরা সবাই কমবেশি কেনাকাটা করতে বের হন। নেপালি মেয়েরা জানান, তাঁরা বেশির ভাগ পোশাক কিনতে নিউমার্কেট, গুলশান, এলিফ্যান্ট রোড ও বনানীর বিভিন্ন বুটিক হাউসে যান। তাঁরা পোশাক হিসেবে সালোয়ার-কামিজটাই বেশি পছন্দ করেন। তাঁরা জানালেন, বাংলাদেশের সালোয়ার-কামিজ, ফতুয়া, শর্ট কামিজের ডিজাইন সুন্দর। তা ছাড়া দেশীয় কাপড়ের মানও অনেক ভালো। তাই পরতে অনেক আরাম লাগে।কলকাতার অপূর্ব বাংলাদেশি বন্ধুদের সঙ্গে অনেক দিন বঙ্গবাজারে গিয়েছেন কাপড় কিনতে। বেশির ভাগ সময় শার্ট, টি-শার্ট ও জিনস পরলেও বাংলাদেশি পোশাক তাঁর খুব পছন্দ। মইন জানালেন, নেপাল আর বাংলাদেশের ছেলেদের পোশাকের ধরনে সামান্য একটু পার্থক্য আছে। সেটা কী রকম? এ প্রশ্নের জবাব দিলেন দানেশ, ‘আমাদের দেশে প্যান্টের কাটিংটা একটু ভিন্ন। একেবারেই সাদামাটা। এখানে দেখি মোবাইল প্যান্টের খুব চল।’ কেনাকাটাঁ করতে গিয়েও ভাষাজনিত সমস্যায় পড়তে হয়েছে, এমনটা জানালেন তাঁরা। দোকানিদের বোঝাতে গিয়ে প্রায়ই ঝামেলা বাধে। তবে তার চেয়েও বেশি ঝামেলায় পড়তে হয়, রিকশায় চড়তে গেলে। ঠিকানা ঠিকমতো বলতে না পারা এবং ভাড়া না জানার কারণে ঢাকার রাস্তায় চলাফেরা করতে বিড়ম্বনার শেষ নেই। এ থেকে রক্ষা পেতে বুদ্ধি করে কলেজের বাসেই যাতায়াত করেন তাঁরা। আর বাইরে গেলেও বাংলাদেশি বন্ধু-বান্ধবীকে সঙ্গে নিয়ে যান। মেয়েরা দেখা গেল এ ব্যাপারে আরও বেশি সাবধানী। কারণটা জানালেন মানসপ্রীতি, ‘একদিন কলেজের বাস মিস করে পাবলিক বাসে উঠতে গিয়ে বন্ধুদের কাছ থেকে শেখা বাংলা বুলি বলার চেষ্টা করি। আমার কথা শুনে অনেক মানুষ নানা ধরনের কথা বলে। সেই মুহূর্তে বুঝতে পারিনি, কিন্তু পরে যখন সেগুলো বান্ধবীদের শোনাই, ওরা জানায়, লোকজন আমাকে গালিগালাজ করেছে, অনেক বাজে কথা বলেছে। সেই থেকে আর কখনো একা বাইরে যাই না।’ঢাকায় সেভাবে না বেড়ালেও অপূর্ব, মইন আর দানেশ কুমিল্লার ময়নামতি এবং কক্সবাজারে বেড়াতে গিয়েছেন। বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্যে তাঁরা যথারীতি মুগ্ধ। ঋতু, উপাসনা, লক্ষ্মী ও আরও কয়েকজন বিদেশি ছাত্রছাত্রীর সঙ্গে সিলেট, চট্টগ্রাম, কক্সবাজার ঘুরতে গিয়েছিলেন। সিলেটের চা-বাগান, কক্সবাজারে সমুদ্রসৈকতের সৌন্দর্য তাঁরা দারুণ উপভোগ করেছেন। বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্যের প্রশংসা তাই তাঁদের সবার মুখে মুখে। তবুও তাঁদের ভেতর নিরন্তর কাজ করে যায় একটা ভাবনা, ‘আমরা একটা লক্ষ্য নিয়ে এসেছি বাংলাদেশে। সেটা পূরণ হয়ে গেলে নিজের দেশে ফিরে যাব। কেননা, নিজের মাতৃভূমিতে থাকার মতো আনন্দ আর কোথাও নেই।’ কিন্তু বাংলাদেশের প্রতি একধরনের মায়া ও ভালোবাসা জন্মে গেছে তাঁদের—বিদেশি ছাত্রছাত্রীদের সবাই এ কথাটা স্বীকার করে নিয়েছেন এক বাক্যে!