ডাক্তাররা অমানুষ, গরিবের রক্তচোষা: মিজানুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান কক্সবাজার সদর হাসপাতালের স্বাস্থ্যসেবার বেহাল দশায় ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘ডাক্তাররা অমানুষ, গরিবের রক্তচোষা।’ আজ সোমবার সকালে ২৫০ শয্যার ওই হাসপাতাল পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন। তিনি আরও বলেন, এই হাসপাতালের সব ডাক্তারের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া উচিত।হাসপাতালের শিশু ওয়ার্ডে দায়িত্ব পালনে অবহেলা ও নানা অনিয়মের দায়ে অভিযুক্ত কয়েকজন চিকিত্সককে রোগীদের সামনে ‘অমানুষ’ হিসেবে ভর্ত্সনা করে মিজানুর রহমান বলেন, ‘গরিবের রক্ত চুষে আপনারা (চিকিত্সকরা) বড় লোক হচ্ছেন। কর্মস্থল ফাঁকি দিয়ে বিভিন্ন ক্লিনিকে বসে প্রাইভেট ব্যবসা করছেন। আপনাদের আর কত বাড়ি গাড়ির দরকার? গরিব রোগীরা যদি ফুঁসে ওঠে, বিপদে পড়বেন। ঢাকায় ফিরে স্বাস্থ্যমন্ত্রী বরাবর এই অনিয়মের নালিশ করা হবে।’আজ সকাল সাড়ে নয়টায় হঠাত্ করে এই সদর হাসপাতালে হাজির হন মিজানুর রহমান। প্রথমে তিনি ব্লাড ব্যাংক কক্ষে ঢুকে টেবিলের ওপর বেশ কিছু ব্যবহূত সুই-সিরিঞ্জ পড়ে থাকতে দেখে ক্ষোভ প্রকাশ করেন। একই সঙ্গে তিনি দেখতে পান, একই সিরিঞ্জ দিয়ে একাধিক ব্যক্তির রক্ত সংগ্রহ করা হচ্ছে। পরে তিনি দাঁড়িয়ে থেকে এসব সুঁই-সিরিঞ্জ ফেলে দেন।এরপর তিনি জরুরি বিভাগ, পর্যবেক্ষণ কক্ষ, পুরুষ ওয়ার্ড পরিদর্শন করেন। তিনতলার শিশু ওয়ার্ডে গেলে কুলসুমা নামের এক রোগী অভিযোগ করেন, ঠিকমতো অসুস্থ শিশুপুত্রের চিকিত্সা পাচ্ছেন না। চিকিত্সকের দেখা মেলে না। বাইরে থেকে খাবার ও ওষুধ কিনে ছেলেকে খাওয়াতে হচ্ছে। টয়লেট, ওয়ার্ডের মেঝে নোংরা ও দুর্গন্ধযুক্ত। হাসপাতালের বিছানার বালিশ ও চাদর রোগীদের ঘর থেকে এনে ব্যবহার করতে হচ্ছে।রোগীদের অভিযোগ প্রসঙ্গে মিজানুর রহমান উপস্থিত হাসপাতালের তত্ত্বাবধায়ক মাহবুবুর রহমানের কাছে জানতে চান, অভিযোগ সত্য কি না? মাহবুব সীমাবদ্ধতার কথা তুলে ধরে অভিযোগ সত্য নয় বলে জানান। ওই চিকিত্সকের সঙ্গে তাঁর বাক-বিতণ্ডা হয়। মিজানুর রহমান উত্তেজিত স্বরে সরকারি এই হাসপাতালের চিকিত্সক কী করে বেসরকারি হাসপাতাল ‘ডিজিটাল মেডিকেল সেন্টারে’ গিয়ে রোগী দেখেন, সে ব্যাপারে প্রশ্ন তুলে ক্ষোভ প্রকাশ করেন।পরিদর্শন শেষে মিজানুর রহমান সাংবাদিকদের বলেন, ‘বাংলাদেশের প্রায় সব হাসপাতালে কিছু না কিছু সমস্যা থাকে। কিন্তু কক্সবাজারের এই হাসপাতালে যা দেখলাম, এখানে রোগীরা মোটেও সেবা পাচ্ছেন না। এই হাসপাতালের চিকিত্সকেরা প্রাইভেট ব্যবসা নিয়ে ব্যস্ত। বিনামূল্যের সরকারি ওষুধ রোগীরা পাচ্ছেন না। এই হাসপাতালের সব চিকিত্সকের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া উচিত। ঢাকায় গিয়ে স্বাস্থ্যমন্ত্রী বরাবরে এই অভিযোগ করা হবে।’অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে হাসপাতালের তত্ত্বাবধায়ক মাহবুবুর রহমান বলেন, ‘উনি (মিজানুর রহমান) সম্মানিত ব্যক্তি। হাসপাতালে সমস্যা থাকতে পারে, তাই বলে প্রকাশ্যে ঢালাওভাবে চিকিত্সকদের দায়ী করা ঠিক হচ্ছে না। হাসপাতালের দায়িত্ব শেষ করেই চিকিত্সকেরা বাইরের ক্লিনিক বা হাসপাতালে গিয়ে রোগী দেখেন। এটা দোষের কিছু না।’