ডাঙায় বাঘ আর জলে কুমিরের মতো অবস্থা
‘আমাদের ডাঙায় বাঘ আর জলে কুমিরের মতো অবস্থা। বাচ্চাদের স্কুলে পাঠিয়ে টেনশনে থাকতে হয়, কখন পানিতে পড়ে যায় কিংবা ছাদ ভেঙে পড়ে মারা যায়।’ যশোরের কেশবপুর উপজেলার কৃষ্ণনগর রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন শিক্ষার্থীর অভিভাবক বিকাশ রায় এভাবেই বিদ্যালয়ের পরিস্থিতি সম্পর্কে প্রতিক্রিয়া ব্যক্ত করেন।স্থানীয় সূত্রে জানা গেছে, ১৮৯৪ সালে এক একর এক শতাংশ জায়গার ওপর বিদ্যালয়টি স্থাপন করা হয়। ১৯৮০ সালে বেসরকারি প্রাথমিক বিদ্যালয় হিসেবে স্বীকৃতি পায়। ১৯৯৪ সালে বিদ্যালয়ের তিন কক্ষবিশিষ্ট পাকা ভবন নির্মাণ করা হয়। দুই বছর যেতে না যেতেই শিক্ষাপ্রতিষ্ঠানটি জলাবদ্ধতার কবলে পড়ে। গত ১০ বছর ধরে জলাবদ্ধ থাকায় বিদ্যালয় মাঠে তিন থেকে চার ফুট পানি আটকে আছে। বিদ্যালয়ে শতাধিক শিক্ষার্থী এবং চারজন শিক্ষক আছেন।সরেজমিনে দেখা যায়, বিদ্যালয়ের মাঠে পানি থই থই করছে। পানিতে কচুরিপানা-শাপলা ফুটে আছে। এরই মধ্যে হাঁসের দল ঘুরে বেড়াচ্ছে। বিদ্যালয়ে যাতায়াতের জন্য মাঠের এক কোনা দিয়ে মাটি উঁচু করে সরু পথ তৈরি করা হয়েছে। বিদ্যালয়ের ভবনে কোনো দরজা-জানালা নেই। ছাদ নষ্ট হয়ে পলেস্তরা খসে পড়ছে। পুরো ভবন নষ্ট হয়ে গেছে। ভবনের পেছনেই বিলে অথই জল। শিক্ষার্থীরা নষ্ট কক্ষের কোনায় বসে লেখাপড়া করছে। এ সময় শিক্ষার্থী সোনালি গায়েন বলে, ‘শীত লাগছে, ঠান্ডা বাতাস থেকে রেহাই পেতে কোনাই লুকাচ্ছি।’ চতুর্থ শ্রেণীর পারভেজ হোসেন বলে, ‘বুক দুরু দুরু করে, না জানি কখন ছাদ থেকে পলেস্তরা খসে পড়ে। কিছু দিন আগে মাথায় পলেস্তরা পড়ে সামান্য কেটে গেছিল। তাই ভয়ে ছাদের ভেঙে যাওয়া অংশ বাদ দিয়ে আমরা ঠাসাঠাসি করে বসি।’ শিক্ষক মোয়াজ্জেম হোসেন বলেন, ‘৪৫ জোড়া বেঞ্চ আছে, যার সবই ভাঙা। দুই একটি বেঞ্চের পায়া না থাকায় ইট দিয়ে উঁচু করে কোনো রকমে ক্লাস চালাচ্ছি।’ শিক্ষক মিনতি রানি মণ্ডল বলেন, ‘ছয় বছর এই স্কুলে এসেছি, সেই থেকেই দেখছি স্কুলের একমাত্র টয়লেটটি নষ্ট। একমাত্র নলকূপটি ১০ বছর ধরে নষ্ট হয়ে আছে।’তৃতীয় শ্রেণীর সুমি খাতুন বলে, ‘টয়লেট না থাকায় বাধ্য হয়েই অনেক সময় বাড়ি চলে যেতে হয়।’ চতুর্থ শ্রেণীর হিমা মল্লিক জানায়, ঝড় আসলেই স্কুল ছুটি হয়ে যায়। শুভংকর রায় বলে, ‘পিপাসা লাগলে মানুষের বাড়িতে গিয়ে পানি পান করতে হয়।’ জোবায়ের হোসেনসহ কয়েকজন শিক্ষার্থী জানায়, বিদ্যালয়ের মাঠে তারা কোনো দিন খেলাধুলা করতে পারেনি। অভিভাবক মিঠু সরকার বলেন, ‘আমরা এখানে একটি বিচ্ছিন্ন দ্বীপের মধ্যে বসবাস করছি। ১২ থেকে ১৪ বছর ধরে পুরো গ্রাম জলাবদ্ধতার শিকার হয়েছে। বর্ষার সময় পুরো গ্রাম পানিতে ডুবে থাকে। গ্রাম থেকে বের হওয়ার রাস্তাগুলো কাঁচা। বর্ষা এলেই রাস্তাগুলো ডুবে যায়। তখন আমাদের ডোঙা নৌকা দিয়ে বাজারঘাটে আসতে হয়।’ প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মিজানুর রহমান বলেন, ‘ভবনটি নির্মাণের ক্ষেত্রে ত্রুটি ছিল। ১০ বছর যেতে না যেতেই নষ্ট হয়ে পরিত্যক্ত অবস্থার সৃষ্টি হয়েছে। ভবন ও মাঠের সমস্যা নিয়ে শিক্ষা অফিসসহ সরকারি দপ্তরে অনেকবার লিখেছি ও তদবির করেছি। কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না।’উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ভবানী শংকর দাস বলেন, ‘স্কুলের মাঠ সংস্কার ও ভবন নির্মাণের জন্য অধিদপ্তরে জানিয়েছি, কিন্তু কোনো সুরাহ হয়নি।’ উপজেলা চেয়ারম্যান এইচ এম আমির হোসেন বলেন, ‘প্রতিষ্ঠানটি সরেজমিনে দেখে এটিকে একটি সাইক্লোন শেল্টার তৈরির ব্যাপারে শিক্ষা মন্ত্রণালয়ে লিখেছি। আশা করি শিগগিরই এ সমস্যার সমাধান হবে।’