ডানোন থেকে ইনটেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০০৬ সালে গ্রামীণ ডানোন ফুডস দিয়ে যাত্রা শুরু হয়েছিল সামাজিক ব্যবসার প্রথম প্রকল্প। পরবর্তী সময়ে খাওয়ার পানি, মাশরুম উৎপাদন, সফটওয়্যার তৈরির পাশাপাশি হাসপাতাল, নার্সিং প্রশিক্ষণকেন্দ্র প্রতিষ্ঠার মাধ্যমে এ ধারণা সম্প্রসারিত হয়েছে। আগামী দিনে জার্মানির ওটো গ্রুপ ও যুক্তরাষ্ট্রের ইউনিক্লো গ্রামীণের সঙ্গে পোশাক উৎপাদন করবে। আর পরিবেশবান্ধব পাইপ উৎপাদিত হবে বাহরাইনের আইইএস ট্রাস্টের সহায়তায়। ফ্রান্সের ডানোনের হাত ধরে সামাজিক ব্যবসার যে যাত্রা শুরু, তা এখন যুক্তরাষ্ট্রভিত্তিক ইনটেল পর্যন্ত বিস্তৃত হয়েছে। গ্রামের লোকজনকে ম্যালেরিয়ার হাত থেকে রক্ষায় গ্রামীণ হেলথ কেয়ার ট্রাস্ট ও জার্মানির রাসায়নিক দ্রব্য উৎপাদনকারী প্রতিষ্ঠান বিএএসএফের সহায়তায় গড়ে উঠেছে বিএএসএফ গ্রামীণ। ২০০৮ সাল থেকে কাজ করছে এ প্রতিষ্ঠানটি। সংগীত জুটি মিলা সানডি ও মারলো বেভানের দাতব্য সংস্থা দি গ্রিন চিলড্রেনের সহায়তায় গড়ে উঠেছে গ্রামীণ জিসি আই কেয়ার হাসপাতাল। প্রতিবছর কমপক্ষে ১০ হাজার দরিদ্র মানুষের দৃষ্টি ফিরিয়ে দিতে ২০০৮ সালে বগুড়ায় প্রথম এই হাসপাতাল প্রতিষ্ঠিত হয়। পরের বছর বরিশালে চালু হয়েছে দ্বিতীয় চক্ষু হাসপাতালটি। দেশে প্রশিক্ষিত নার্সের অভাবের বিষয়টি মাথায় রেখে ব্রিটেনের গ্লাসগো কেলেডোনিয়ান বিশ্ববিদ্যালয়ের সহায়তায় গড়ে উঠেছে গ্রামীণ কেলেডোনিয়ান কলেজ অব নার্সিং। মৌলিক স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত গ্রামের প্রসূতি মায়েদের কাছে সেবা পৌঁছে দিতে শীর্ষ প্রসেসর নির্মাতা ইনটেলের সহায়তায় সাভারে প্রতিষ্ঠিত হয়েছে দুটি ক্লিনিক। স্মার্টফোন প্রযুক্তির সহায়তায় ভ্রাম্যমাণ স্বাস্থ্যকর্মীরা প্রসূতি মায়েদের ঝুঁকি নির্ণয় করে। গ্রামীণ ট্রাস্ট ও ইনটেল করপোরেশনের যৌথ উদ্যোগে গ্রামীণ ইনটেল নিম্ন আয়ের মানুষের কাছে প্রযুক্তির সেবা পৌঁছে দিতে কাজ করছে। উন্নত জাতের মুগ ডাল উৎপাদনের লক্ষ্য সামনে রেখে জাপানের মাশরুম উৎপাদনকারী প্রতিষ্ঠান ইয়োকিগুনি মাইতাকের সহায়তায় গ্রামীণ কৃষি ফাউন্ডেশনের উদ্যোগে প্রতিষ্ঠিত হয়েছে গ্রামীণ ইয়োকিগুনি মাইতাকে। প্রকল্পে উৎপাদিত মুগ ডাল বাংলাদেশের চাহিদা মেটানোর পাশাপাশি বাড়তি রবিশস্য জাপানে রপ্তানি করা হবে। অটো গ্রামীণ: আন্তর্জাতিক বাজারের জন্য সামাজিক ও প্রতিবেশগতভাবে টেকসই পোশাক উৎপাদন করবে অটো গ্রামীণ। জার্মানির পোশাক নির্মাতা প্রতিষ্ঠান অটো গ্রুপ ও গ্রামীণ ট্রাস্টের সমন্বয়ে গড়া প্রতিষ্ঠান গ্রামীণ অটো টেক্সটাইল। গ্রামীণ ইউনিক্লো লিমিটেড: পুনর্ব্যবহারযোগ্য নেপকিন উৎপাদনের জন্য মার্কিন পোশাক নির্মাতা প্রতিষ্ঠান ইউনিক্লো ও গ্রামীণ হেলথ কেয়ার ট্রাস্টের সমন্বিত উদ্যোগ গ্রামীণ ইউনিক্লো লিমিটেড। গ্রামীণ জনপদের নারীদের সুলভে স্যানিটারি নেপকিন সরবরাহের লক্ষ্যে এ প্রকল্প তৈরি করা হয়েছে। গ্রামীণ ফাইবার গ্লাস লিমিটেড: গ্রামীণ টেলিকম ট্রাস্ট ও বাহরাইনের আইইএস অ্যালায়েন্সের যৌথ উদ্যোগে ফাইবার গ্লাস উৎপাদনের জন্য গড়ে তোলা হয়েছে এ প্রতিষ্ঠান। বায়োগ্যাস জনপ্রিয় করে তোলার পাশাপাশি স্বাস্থ্যকর পয়োনিষ্কাশনব্যবস্থা নিশ্চিত করা গ্রামীণ ফাইবার গ্লাসের মূল লক্ষ্য। এ প্রতিষ্ঠানে উৎপাদিত ফাইবার গ্লাস নির্মাণসামগ্রী, নৌকা ও আসবাবপত্র তৈরিতে ব্যবহার করা হবে।