ডাব খেয়ে বিক্রেতাই অজ্ঞান!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর রামপুরা থানায় আজ মঙ্গলবার দুপুরে এক ডাব-বিক্রেতাকে ধরে আনলেন রামপুরার বাসিন্দা মোশাররফ হোসেন (৩২)। অভিযোগ করলেন, ওই লোকের বিক্রি করা ডাব খেয়ে অজ্ঞান হয়ে পড়েছিলেন তিনি। অভিযোগ শুনে পুলিশ বিক্রেতাকে বললেন, ‘তোর ডাব তুই খা।’ পুলিশের নির্দেশে ডাব খাওয়ামাত্রই অজ্ঞান হয়ে পড়লেন বিক্রেতাও।মোশাররফ হোসেন প্রথম আলোকে বলেন, তিনি রামপুরা বনশ্রী এলাকার বাসিন্দা। গুলশানের ২ নম্বর এলাকায় তাঁর চশমার দোকান রয়েছে। গত ২১ মার্চ তিনি দোকানের উদ্দেশে বের হয়ে খিলগাঁও মেরাদিয়ায় একটি কাউন্টারে বাসের জন্য অপেক্ষা করছিলেন। এ সময় তিনি বয়স্ক এক লোককে ডাব বিক্রি করতে দেখে কাছে গিয়ে দাম জিজ্ঞেস করেন। বিক্রেতা ডাবের দাম চান ১৫ টাকা। খুব অল্প দামের হওয়ায় তিনি একটি ডাব কিনে খান। কিছুক্ষণ পর বাস এলে তিনি বাসে উঠেই অজ্ঞান হয়ে যান। খবর পেয়ে স্বজনেরা তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। সেখানে কয়েক দিন থাকার পর তিনি সুস্থ হন। ওই দিন তাঁর পকেটে প্রায় ৩২ হাজার টাকা থাকলেও পরে তা তিনি পাননি।মোশাররফ বলেন, সুস্থ হওয়ার পর আজ দুপুর ১২টার দিকে তিনি দোকানে যেতে একই কাউন্টারে গিয়ে ওই ডাব-বিক্রেতাকে দেখতে পান। তত্ক্ষণাত্ তিনিসহ কয়েকজন তাঁকে ধরে রামপুরা থানায় নিয়ে যান। অভিযোগ শোনার পর থানার পুলিশ ওই ব্যক্তিকে বলেন, ‘তোর ডাব তুই খা।’ এরপর নিজের ডাবের পানি খেয়ে তিনি অজ্ঞান হয়ে পড়েন।রামপুরা থানার উপপরিদর্শক (এসআই) মোতালেব হোসেন বলেন, মেরাদিয়া খিলগাঁও থানার অধীন। ওই ব্যক্তি অজ্ঞান হওয়ার পর খিলগাঁও থানাকে খবর দিলে পুলিশ তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। এসআই বলেন, তাঁর ধারণা, ওই ব্যক্তি অজ্ঞান পার্টির সহযোগী। তাঁর বয়স ষাটোর্ধ্ব হওয়ায় স্বভাবতই সন্দেহের বাইরে থাকেন। আর এ সুযোগটিকেই কাজে লাগানো হয়েছে।খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, ধারণা করা হচ্ছে কোনো উপায়ে ডাবে চেতনানাশক কিছু মেশানো হয়েছে। আসলে রাজধানীতে বিক্রি হওয়া ডাবের সঙ্গে তিনটি দল সম্পৃক্ত। এক দল গ্রামে গিয়ে গাছের ডাব কিনে আরেক দলের কাছে বিক্রি করে। ওই দলটি রাজধানীর বিভিন্ন খুচরা বিক্রেতার কাছে বিক্রি করে। এখন তদন্ত করে দেখতে হবে, কোন দল এ কাজটি করেছে।হাসপাতাল সূত্র জানায়, ওই ব্যক্তি মোটামুটি সুস্থ আছেন। জ্ঞান ফেরার পর তিনি অস্পষ্টভাবে নিজের নাম ‘শরীফ’ বলেছেন।মোশাররফ হোসেন বলেন, অল্প লাভের কথা বলে ওই ব্যক্তি তাঁর কাছে ডাব বিক্রি করে প্রতারণা করেছেন। তিনি এ ব্যাপারে থানায় মামলা করবেন।