আগামী বছর দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠেয় পরবর্তী জলবায়ু সম্মেলনে যাতে একটি আইনগত বাধ্যবাধকতাসম্পন্ন চুক্তিতে আসা যায়, তার রূপরেখা কানকুনেই তৈরির দাবি জানিয়েছে বাংলাদেশ। বুধবার বিশ্ব জলবায়ু সম্মেলনে উচ্চপর্যায়ের যৌথ সভায় দেওয়া বক্তব্যে পরিবেশ ও বন প্রতিমন্ত্রী হাছান মাহমুদ এ দাবি জানান।এ ছাড়া জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বাংলাদেশ বিশ্বব্যাংকের কাছ থেকে ঋণ না নেওয়ার ঘোষণা দিয়েছে।স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় উচ্চপর্যায়ের সভায় দেওয়া বক্তব্যে হাছান মাহমুদ বলেন, ‘জলবায়ু পরিবর্তন রোধে কোনো সমঝোতায় পৌঁছাতে না পারলে বিশ্ববাসীকেই এর মূল্য দিতে হবে। বাংলাদেশ আশা করে, কানকুন জলবায়ু সম্মেলন থেকে বিশ্ব এমন কিছু পাবে, যা দক্ষিণ আফ্রিকার ডারবানে আমাদের একটি আইনগত বাধ্যবাধকতাসম্পন্ন চুক্তিতে উপনীত হতে সহায়তা করবে।’হাছান মাহমুদ ডারবান সম্মেলনের জন্য কানকুন থেকেই উল্লিখিত চুক্তির কাঠামো চূড়ান্ত করার দাবি জানান। শিল্পোন্নত দেশগুলোকে কার্বন নিঃসরণের পরিমাণ কমানোরও আহ্বান জানান তিনি।এর আগে বেলা একটায় বাংলাদেশের আয়োজনে একটি পার্শ্ব অনুষ্ঠান ছিল। এ অনুষ্ঠানে পরিবেশ প্রতিমন্ত্রী ছাড়াও সাংসদ এবং বিশেষজ্ঞরা বক্তব্য দেন।জলবায়ু সমঝোতা বিষয়ে বাংলাদেশ প্রতিনিধিদলের সদস্য কাজী খলীকুজ্জমান আহমদ বলেন, ঝুঁকি মোকাবিলায় বাংলাদেশের আগামী দুই বছরে ৫০০ মিলিয়ন ও আগামী পাঁচ বছরে ১০ বিলিয়ন মার্কিন ডলার প্রয়োজন হবে।‘বাংলাদেশে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি: জাতীয় উদ্যোগ ও আন্তর্জাতিক দায়দায়িত্ব’ শীর্ষক মূল প্রবন্ধে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আইনুন নিশাত বাংলাদেশের পরিস্থিতি তুলে ধরেন। বাংলাদেশের আর্থিক দৈন্য তুলে ধরে তিনি বলেন, এর পরও বাংলাদেশ সাত হাজার কিলোমিটার উপকূলীয় বেড়িবাঁধ ও চার হাজার কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ বাঁধ করেছে। সরকারি কৌশলপত্র ও কর্মপরিকল্পনা উদ্ধৃত করে তিনি তহবিলের প্রয়োজনীয়তার ব্যাপারে কাজী খলীকুজ্জমান অনুরূপ তথ্য দেন।আইনুন নিশাত তহবিলের ব্যাপারে শিল্পোন্নত দেশগুলোকে দ্রুত এগিয়ে আসার আহ্বান জানান।সাংসদ সাবের হোসেন চৌধুরী বলেন, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় শুধু তহবিল গঠন করলে হবে না। শিল্পোন্নত দেশগুলোকে দ্রুত কার্বন নিঃসরণ কমাতে হবে।বাংলাদেশ আয়োজিত এ পার্শ্ব অনুষ্ঠানের পর একাধিক ব্রিটিশ সাংবাদিক প্রতিমন্ত্রী হাছান মাহমুদ ও যুক্তরাজ্য সরকারের প্রতিনিধিকে সম্প্রতি বিশ্বব্যাংক বাংলাদেশকে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় ব্রিটিশ অর্থায়নে ঋণ নেওয়ার যে প্রস্তাব দিয়েছে, সে প্রসঙ্গে প্রশ্ন করেন।জবাবে হাছান মাহমুদ বলেন, বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের নিরীহ শিকার। ফলে বাংলাদেশ কোনোভাবেই জলবায়ু পরিবর্তন মোকাবিলায় ঋণ নেবে না। অনুষ্ঠানে উপস্থিত যুক্তরাজ্য সরকারের বৈদেশিক উন্নয়ন সংস্থা ডিএফআইডির পরিবেশ ও জলবায়ু বিভাগের প্রধান ম্যাথু ওয়েট বাংলাদেশকে ঋণপ্রস্তাব দেওয়ার কথা স্বীকার করে বলেন, যুক্তরাজ্য বাংলাদেশে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় তহবিলে অনুদান দিয়েছে। এ ছাড়া আরও সহায়তার জন্য অল্প সুদে এই ঋণপ্রস্তাব দেওয়া হয়েছে।গতকাল কানকুন শহরে ও সম্মেলনকেন্দ্রে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বিশ্বব্যাংকের ঋণ দেওয়ার উদ্যোগের বিরোধিতা করে মিছিল ও সমাবেশ হয়েছে। জলবায়ু তহবিল ব্যবস্থাপনায় বিশ্বব্যাংককে যুক্ত না করার দাবি জানিয়েছে বিশ্বের ২৫০টি পরিবেশবাদী উন্নয়ন সংস্থা। পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সচিব মিহির কান্তি মজুমদারের সঞ্চালনায় বাংলাদেশের অনুষ্ঠানে উপস্থিত থেকে আরও বক্তব্য দেন ইউএসএআইডির টিম লিডার ও গাম্বিয়ার পররাষ্ট্র মন্ত্রী ফাতোয়ু নাদি গায়ে।