রাজধানীর পল্লবী কাঁচাবাজারে নিজের মনে কী যেন বলছিলেন স্কুলশিক্ষিকা আলফি রহমান। গতকাল শুক্রবার বেলা ১১টা। এই সাপ্তাহিক ছুটির দিনটাকেই বাজার করার জন্য তিনি বেছে নেন।কাছে গিয়ে নিজের পরিচয় দিলে আলফি রহমান বলেন, ‘আপনারা তো কিছু লেখেন না। অবশ্য লিখেও কিছু হয় বলে তো আমার মনে হয় না।’ তিনি আরও বললেন, ‘দামের যে অবস্থা, যারা সরকার চালায়, তারা মনে করে দেশে কোনো বাজার নাই। আর আমরা যখন সামান্য বেতনের টাকা নিয়ে বাজারে যাই, তখন মনে হয় দেশে কোনো সরকার নাই।’রূপনগর কাঁচাবাজার থেকে পরে হাতিরপুল ও কারওয়ান বাজারে গিয়েও শোনা গেল একই ধরনের কথা। বেতনের টাকায় চলছে না তাঁদের। নিত্যপণ্যের দাম সহনশীল পর্যায়ে রাখতে পারছে না সরকার। কারওয়ান বাজারে ব্যাংকার নবী হোসেন ক্ষোভের সঙ্গে জানালেন, ‘শুনি, টিসিবি (ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ) নামে একটি সরকারি সংস্থা আছে। সরকারের সাড়ে তিন বছর শেষ। এই করা হবে, সেই করা হবে। কই, টিসিবিটাই তো শক্তিশালী হলো না।’ বাজার ঘুরে দেখা গেছে, পেঁয়াজ ও আলুর পর নিত্যপণ্যের মধ্যে এ সপ্তাহে দাম বেড়েছে মসুর ডাল ও রসুনের। দুই দিনের ব্যবধানে দেশি ও নেপালি—দুই ধরনের মসুর ডালই বেড়েছে কেজিতে চার টাকা করে। আর রসুন বেড়েছে এক দিনের ব্যবধানে কেজিতে ১০ টাকা। সব ধরনের সবজির দাম আগের দিনের তুলনায় দুই থেকে পাঁচ টাকা করে বাড়তি। দেশি মসুর ডাল গত বুধবার পর্যন্ত বিক্রি হয়েছে ১১৮ থেকে ১২০ টাকা কেজি দরে। গতকাল এ দর উঠেছে ১২২ থেকে ১২৪ টাকা। আর নেপালি মসুর ডালের দর দুই দিন আগে ১২০ থেকে ১২২ টাকা দরে বিক্রি হলেও গতকাল বিক্রি হয়েছে ১২৪ থেকে ১২৫ টাকা দরে।যে রসুন বৃহস্পতিবারও বিক্রি হয়েছে ১০০ থেকে ১১০ টাকা কেজিতে, এক দিনের ব্যবধানে গতকাল হঠাৎ তা হয়ে গেছে ১১০ থেকে ১২০ টাকা কেজি। আগের সপ্তাহে সাত টাকা করে কেজিতে বেড়েছিল দেশি ও বিদেশি—দুই ধরনেরই পেঁয়াজের দাম, তা এখনো কমেনি। দেশি পেঁয়াজ ৩২ থেকে ৩৫ টাকা ছিল গতকালের দর। আর বিদেশিটা ২২ থেকে ২৬ টাকা কেজি। আলুর দর গত সপ্তাহে যে কেজিতে দুই টাকা বেড়েছিল, গতকালও তাই আছে—২৪ থেকে ২৬ টাকা কেজি। আমদানি অবাধ করার পর এক মাস হতে চললেও ডিমের হালি এখনো ৩৮ থেকে ৪০ টাকা। বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, অবাধ হলেও ডিমের আমদানি প্রত্যাশা অনুযায়ী হয়নি। তাই বাজারে কোনো প্রভাব পড়ছে না।কারওয়ান বাজারের ব্যবসায়ীরা বলছেন, মৌলভীবাজারের আমদানিকারকেরা রসুন ও মসুর ডালের দাম বাড়িয়ে দিচ্ছেন। ঈদে বাড়তি মুনাফা করার উদ্দেশ্যে এখন থেকেই তাঁরা তা করছেন। আর খুচরা ব্যবসায়ীরা বলছেন, তাঁরা জানেনই না কারা বাড়াচ্ছেন এই দাম। পাইকারদের কাছ থেকে বেশি দাম দিয়ে কিনতে হয় বলে খুচরা বাজারে বেশি দামেই তাঁদের বিক্রি করতে হয়।বাজারে সব ধরনের চাল ও আটার দাম স্থিতিশীল রয়েছে। মোটা চাল ২৭ থেকে ৩২ টাকা দরে বিক্রি হচ্ছে। মাঝারি মানের চাল (পাইজাম) ৩৪ থেকে ৩৮ টাকা। তবে নাজিরশাইলের দাম ৪৬ থেকে ৪৮ টাকা কেজি। মোটা চাল ও নাজিরশাইলের মধ্যে দ্বিগুণ দাম থাকার কোনো কারণ থাকতে পারে না বলে মনে করেন ভোক্তারা।এদিকে, গরুর মাংসের দাম ২৮০ থেকে ৩০০ টাকায় স্থিতিশীল রয়েছে। ব্রয়লার মুরগির দাম কেজিতে ১৫ টাকা করে কমে হয়েছে ১৩০ থেকে ১৩৫ টাকা। আগের সপ্তাহে তা ছিল ১৩৫ থেকে ১৫০ টাকা।