ডাল-ভাত কর্মসূচির কারণে বিডিআর বিদ্রোহ হয়নি: মোশাররফ
বিএনপির নেতা খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ডাল-ভাত কর্মসূচির কারণে বিডিআর বিদ্রোহ হয়নি। বিডিআর বিদ্রোহের প্রকৃত কারণ আড়াল করতেই ডাল-ভাত কর্মসূচির প্রচারণা চালানো হচ্ছে। তিনি পিলখানায় বিডিআর বিদ্রোহের প্রকৃত কারণ খুঁজে বের করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্তও দাবি করেছেন।আজ বৃহস্পতিবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে বিডিআর বিদ্রোহের এক বছর পূর্তিতে এক আলোচনা সভায় খন্দকার মোশাররফ এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন বিএনপির নেতা নজরুল ইসলাম খান।মোশাররফ বলেন, ওই বিদ্রোহের ঘটনা পূর্বপরিকল্পিত। যারা এ দেশকে দুর্বল ও অকার্যকর করতে চায়, তারাই এ হত্যাকাণ্ড ঘটিয়ে বিডিআরকে ধ্বংস করতে চেয়েছে।২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি পিলখানায় বিদ্রোহের ঘটনায় বিডিআরের প্রধান মেজর জেনারেল শাকিল আহমেদ ও ৫৬ সেনা কর্মকর্তাসহ ৭৩ জন নিহত হন।সরকার বিরোধী দলের ওপর দমন-পীড়ন চালাচ্ছে বলে অভিযোগ করে মোশাররফ এর বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।