ডায়মন্ড বিল্ডার্সের অর্থ আত্মসাতের কথা স্বীকার
ডেসটিনি বিল্ডার্স লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান ডায়মন্ড বিল্ডার্সের ৮০ কোটি টাকা আত্মসাৎ করার কথা স্বীকার করেছেন ডেসটিনি গ্রুপের অন্যতম পরিচালক লে. কর্নেল (অব.) দিদারুল আলম। আজ সোমবার ঢাকা মহানগর হাকিম কেশব রায় চৌধুরীর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে তিনি এ কথা জানান। এরপর তাঁকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে। ডেইলি স্টার অনলাইনের খবরে আজ এ তথ্য জানানো হয়।ডেসটিনি বিল্ডার্সের প্রধান নির্বাহী কর্মকর্তা দিদারুল আলম বলেন, ডেসটিনি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আমীনকে সঙ্গে নিয়ে তিনি এবং আরও ২০ জন কর্মকর্তা ডায়মন্ড বিল্ডার্সের ব্যাংক হিসাব থেকে তাঁদের ব্যক্তিগত হিসাবে ৮০ কোটি টাকা স্থানান্তর করেন। দিদারুল বলেন, ডায়মন্ড বিল্ডার্স একটি অলাভজনক সংস্থা হওয়ার পরও তাঁরা ভুয়া কাগজপত্রের মাধ্যমে ওই অর্থ নিজেদের ব্যক্তিগত হিসাবে স্থানান্তর করেন। পরে তা আত্মসাৎ করেন। নানা প্রলোভন দেখিয়ে বিনিয়োগকারীদের কাছ থেকে এই অর্থ সংগ্রহ করা হয়েছিল।দুর্নীতি দমন কমিশনের উপপরিচালক মোজাহার আলী সরদার প্রথমে দিদারুল আলমকে মুখ্য মহানগর হাকিম বিকাশ কুমার সাহার আদালতে হাজির করেন। পরে দিদারুলের জবানবন্দি নেওয়ার জন্য তাঁকে কেশব রায়ের আদালতে পাঠানো হয়।