চন্দ্রঘোনার বৃদ্ধ আবু ছৈয়দ ডায়রিয়ায় আক্রান্ত হয়ে গত সোমবার সকালে রাঙ্গুনিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। তাঁকে শিরায় তিনটি স্যালাইন দেওয়া হয়। তিনটি স্যালাইনই তাঁর স্বজনদের বাইরে থেকে কিনে আনতে হয়। কারণ হাসপাতালে স্যালাইন নেই বলে তাঁদের জানিয়ে দেওয়া হয়েছে। একইভাবে রাঙ্গুনিয়ার ইটভাটার শ্রমিক নেজাম উদ্দিন একই রোগে আক্রান্ত হয়ে গত মঙ্গলবার সকালে হাসপাতালে ভর্তি হন। তাঁকে শিরায় দেওয়ার স্যালাইনটি বাইরের দোকান থেকে কিনে এনেছেন অভিভাবকেরা। স্যালাইন ছাড়াও কিনতে হয়েছে এন্টিবায়োটিক ওষুধ। অভিযোগ উঠেছে, সরকারি ওষুধ থাকা সত্ত্বেও রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডায়রিয়ায় আক্রান্ত রোগীদের এভাবে স্যালাইন ও এন্টিবায়োটিক ওষুধ কিনতে বাধ্য করা হয়েছে। উপজেলায় ডায়রিয়ার প্রকোপ দেখা দেওয়ার পরও বেশির ভাগ চিকিৎসক নিয়মিত কর্মস্থলে উপস্থিত থাকেন না। গত সোমবার চট্টগ্রামের সিভিল সার্জন আবু তৈয়ব আকস্মিক পরিদর্শনে গিয়ে থানা স্বাস্থ্য কর্মকর্তাসহ ১৩ চিকিৎসককে অনুপস্থিত দেখতে পান। তাঁদের মধ্যে থানা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা খোরশেদা শিরিনও রয়েছেন। পরে এই ১৩ জনকে কারণ দর্শানো নোটিশ দেওয়া হয়। জানা গেছে, কয়েক দিন ধরে রাঙ্গুনিয়া এলাকায় ডায়রিয়ার প্রকোপ চলছে। গত মঙ্গলবার শুধু স্বাস্থ্য কমপ্লেক্সে ১৪ জন ডায়রিয়া রোগী ভর্তি ছিল। ওই দিন হাসপাতালের রোগীদের বাইরে থেকে স্যালাইন ও ওষুধ কিনতে দেখা গেছে। অথচ গত সপ্তাহে রোববার হাসপাতালে স্যালাইন পাঠানো হয়। জেলা সিভিল সার্জন আবু তৈয়ব বলেন, ‘ডায়রিয়ার খবর শুনে আমি গত সোমবার আকস্মিক স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে যাই। সকাল পৌনে নয়টা থেকে পৌনে ১০টা পর্যন্ত এক ঘণ্টা হাসপাতালে ছিলাম। কিন্তু চারজন চিকিৎসক ছাড়া বাকিদের পাইনি। তাই কারণ দর্শানো নোটিশ দিয়েছি। এ ছাড়া আগের দিন ডায়রিয়ার জন্য স্যালাইন ও ওষুধ পাঠিয়েছি। কিন্তু রোগীরা বাইরে থেকে ওষুধ কিনে আনছে বলে অভিযোগ পেয়েছি।’জানা গেছে, চিকিৎসকদের সকাল আটটায় হাসপাতালে উপস্থিত থাকার কথা রয়েছে। কিন্তু ওই হাসপাতালে কখনো চিকিৎসকেরা নির্ধারিত সময়ে উপস্থিত হন না। স্বাস্থ্য কমপ্লেক্সে মোট ১৭ জন চিকিৎসক আছেন। কিন্তু কোনো ছুটি ছাড়াই সোমবার অনুপস্থিত ছিলেন ১৩ জন।থানা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা খোরশেদা শিরিনকে ফোন করা হলে তিনি কিছু না বলে ফোন রেখে দেন। পরে আবার তাঁর মোবাইলে ফোন করা হলে বন্ধ পাওয়া যায়। খোরশেদা শিরিনকে দেওয়া সিভিল সার্জন কার্যালয়ের কারণ দর্শানোর নোটিশে বলা হয়, ‘যথাসময়ে নিজে ও অন্য কর্মকর্তাদের কর্মস্থলে উপস্থিতি নিশ্চিত না করায় রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বহির্বিভাগ ও আন্তবিভাগে আসা রোগীরা প্রকৃত চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছে। তাই কেন আপনিসহ অনুপস্থিত কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না, তা তিন দিনের মধ্যে দাখিলের নির্দেশ দেওয়া হলো।’