ডায়ানা কেটকে দেখলেন না, আফসোস উইলিয়ামের (ভিডিও)
প্রয়াত মা প্রিন্সেস ডায়ানা নিজের বউ কেট মিডলটনকে দেখতে পেলেন না বলে আফসোস প্রিন্স উইলিয়ামের। মার্কিন টেলিভিশন নেটওয়ার্ক এবিসিকে দেওয়া এক সাক্ষাত্কারে তিনি এ কথা বলেন।বিবিসি অনলাইনের খবরে বলা হয়েছে, ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের হীরকজয়ন্তী উপলক্ষে প্রামাণ্যচিত্র তৈরির জন্য এবিসি প্রিন্স উইলিয়াম ও তাঁর ছোট ভাই প্রিন্স হ্যারির এ সাক্ষাত্কার নেয়।১৯৯৭ সালের আগস্টে প্রিন্সেস ডায়ানা যখন ফ্রান্সের প্যারিসে সড়ক দুর্ঘটনায় নিহত হন তখন তাঁদের দুই ভাইয়ের বয়স ছিল যথাক্রমে ১৫ ও ১২ বছর। গত বছরের এপ্রিলে বিয়ে করেন উইলিয়াম। রাজকীয় সেই বিয়ের অনুষ্ঠান বিশ্বজুড়ে উপভোগ করেন লাখ লাখ মানুষ। কিন্তু কোথায় যেন একটু শূন্যতা ছিল। আর সেই শূন্যতাটা ছিল উইলিয়ামের মা ডায়ানাকে ঘিরে। মৃত ডায়ানার যে ওই অনুষ্ঠানে শামিল হওয়ার কোনো উপায়ই ছিল না!প্রিন্স উইলিয়ামও স্বীকার করলেন সেই শূন্যতার কথা। বললেন, বিয়েতে মায়ের অনুপস্থিতি তাঁর জন্য খুবই কষ্টের। ওই অনুষ্ঠানে তিনি মাকে মিস করেছেন। মায়ের মৃত্যুর পর থেকেই উইলিয়ামের মনে হয়, একবার যদি তাঁর দেখা পাওয়া যেত তাহলে সেটা হতো অন্য রকম আনন্দের। ডায়ানা বেঁচে থাকলে দুই ছেলে উইলিয়াম ও হ্যারিকে নিয়ে তিনি গর্বিত হতেন বলে মন্তব্য করেন উইলিয়াম। একই প্রামাণ্যচিত্রের জন্য আলাদাভাবে দেওয়া এক সাক্ষাত্কারে প্রিন্স হ্যারিও স্বীকার করেন, ওই বিয়েতে মায়ের অনুপস্থিতি তাঁদের জন্য খুবই কষ্টের ছিল। ওই অনুষ্ঠানে তিনি (ডায়ানা) থাকলে তাঁকেই সেরা লাগত। রানি এলিজাবেথের সঙ্গে নিজেদের সম্পর্কের কথা বলতে গিয়ে প্রিন্স হ্যারি বলেন, ‘আমরা কী করি সেটা নিয়ে তিনি আগ্রহ দেখান...তিনি জানতে চান, আমরা কোন কোন দাতব্য প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। আমাদের জীবন কেমন চলছে, আমাদের চাকরি কেমন চলছে—এগুলোও জানতে চান।’ প্রিন্স উইলিয়ামের ৩০তম জন্মদিন ও রানির হীরকজয়ন্তী উদযাপনের এ আনন্দঘন মুহূর্তে রানি তাঁর নাতিকে রয়্যাল নাইট উপাধি দেবেন বলে বাকিংহাম প্যালেসের মুখপাত্র জানিয়েছে। এই উপাধি দেওয়ার বিষয়টি একেবারেই রানির মর্জির ওপর নির্ভর করে।