ডায়াবেটিস প্রতিরোধে গবেষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘একটা নৌকা ফুটো হয়ে গেছে, তাতে অনবরত পানি ঢুকছে। আপনি কতক্ষণ পানি ফেলবেন? আপনাকে তো পানি ঢোকার পথটা আগে বন্ধ করতে হবে। আমাদের দেশে ডায়াবেটিস রোগের পরিস্থিতিটা ঠিক এ রকম। চিকিৎসা দিয়ে তো আর ডায়াবেটিক রোগীকে সুস্থ করা যাবে না। রোগটা নিয়ন্ত্রণে রাখা যাবে মাত্র। তাই ডায়াবেটিস প্রতিরোধই এখন সবচেয়ে বেশি জরুরি।’ বললেন আখতার হোসেন।বাংলাদেশি এই গবেষক আন্তর্জাতিক ডায়াবেটিক ফেডারেশনের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। এ পদে এ বছর থেকে কাজ শুরু করবেন তিনি। কাজ করছেন ডায়াবেটিস রোগ প্রতিরোধের নানা গবেষণায়। আন্তর্জাতিক ডায়াবেটিক ফেডারেশন ২০৬টি দেশ নিয়ে গঠিত। আর ডায়াবেটিস নিয়ে গবেষণার ওপর জোর দেবেন বলে তিনি জানালেন।আখতার হোসেন সম্প্রতি এসেছিলেন ঢাকায়। তখন কথা হয় তাঁর সঙ্গে। বললেন, ‘সারা বিশ্বের বিজ্ঞানীদের নিয়ে একটি দল গঠন করা হবে। এই ফেডারেশনের প্রধান কার্যালয় বেলজিয়ামের ব্রাসেলসে। সারা বিশ্বে পাঁচটি আঞ্চলিক কার্যালয়ের মাধ্যমে এই ফেডারেশন কাজ করে। এই আঞ্চলিক কার্যালয়গুলোকে আরও শক্তিশালী করার চেষ্টা করা হবে, যাতে গোটা বিশ্বের মানুষের সাহায্যে আমরা আসতে পারি।’উন্নত বিশ্বের দেশগুলোতে ডায়াবেটিস রোগের অন্যতম কারণ হলো অতিরিক্ত ওজন। কিন্তু বাংলাদেশ ও এর প্রতিবেশী অঞ্চলগুলোতে তো স্থূলতা তেমন বড় সমস্যা নয়। তবু এসব অঞ্চলে বাড়ছে ডায়াবেটিসের ঝুঁকি। খুব স্বল্প বয়সেও আক্রান্ত হচ্ছে অনেকে। এর কারণ কী হতে পারে? আখতার হোসেন ও তাঁর দলের গবেষণায় বেরিয়ে আসে নতুন তথ্য। ‘গর্ভাবস্থায় মায়ের অপুষ্টি থাকলে তা শিশুকে নানাভাবে প্রভাবিত করতে পারে। এই শিশুদের বড় হয়ে ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার আশঙ্কা বেশি থাকে বলে আমরা মনে করছি। কোন কোন উপাদানের অভাবে ডায়াবেটিসের ঝুঁকি বাড়ে, সেটাও জানা যাবে আমাদের গবেষণায়। ফলে ডায়াবেটিস প্রতিরোধের ব্যবস্থাও করা যাবে এই পর্যায়েই।’ এমন সফলতার কথা জানালেন তিনি।ঢাকা মেডিকেল কলেজ থেকে পড়া শেষে আখতার হোসেন চলে যান নরওয়েতে ১৯৮৪ সালে। নরওয়ের বারগেন বিশ্ববিদ্যালয় এবং পরে যুক্তরাষ্ট্রের প্যাসিফিক ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয় ও বোস্টন বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি শেষে নরওয়েতেই ফিরে যান। যোগ দেন অসলো বিশ্ববিদ্যালয়ে। এখানকার মেডিসিন অনুষদের ইন্টারন্যাশনাল কমিউনিটি হেলথ বিভাগে অধ্যাপক হিসেবে কাজ করছেন তিনি। এই বিশ্ববিদ্যালয়ের ক্রনিক ডিজিজ বিভাগের চেয়ারম্যান তিনি। তাঁর উদ্যোগে নরওয়ে সরকারের অর্থায়নে ২০০৭ সালে বাংলাদেশ ইনস্টিটিউট অব হেলথ সায়েন্সেসে চালু করা হয় পাবলিক হেলথ বিষয়ে স্নাতকোত্তর প্রোগ্রাম। ডায়াবেটিস প্রতিরোধে নতুন নতুন গবেষণার ওপর জোর দেওয়া হয় এখানে।প্রতিরোধ তো বটেই, যাঁরা এরই মধ্যে ডায়াবেটিসের ঝুঁকিতে আছেন, তাঁদের জন্য কী করা যায়—এ বিষয়ে একটি গবেষণাও শেষ করেছেন তিনি। ‘জীবনযাত্রায় পরিবর্তন এনে এবং একটি ওষুধ ব্যবহার করে ডায়াবেটিক রোগীরা খুব ভালো ফল পেতে পারেন। আমাদের দেশের ডায়াবেটিক রোগীরা খাদ্যাভ্যাস পরিবর্তন ও শরীরচর্চা করার মাধ্যমে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে পারেন। জানালেন তিনি।আন্তর্জাতিক ডায়াবেটিক ফেডারেশনের ভাইস প্রেসিডেন্ট হিসেবে তাঁর মেয়াদকালে বাংলাদেশ ডায়াবেটিক সমিতি নানা সুবিধা পেতে পারে। তিনি বলেন, ‘বাংলাদেশ ডায়াবেটিক সমিতি খুব শক্তিশালী সংগঠন। আর বারডেমকে বলা যেতে পারে বিশ্বের সবচেয়ে বড় ডায়াবেটিক হাসপাতাল। প্রতিদিন প্রায় তিন হাজার রোগী এখানে সেবা নিতে আসেন। এ ছাড়া সচেতনতা তৈরি, চিকিৎসা-সুবিধা দেওয়া, গবেষণা—সব ক্ষেত্রেই বাংলাদেশ বেশ এগিয়ে। এই তথ্যগুলো অনেকেই জানে না। সম্প্রতি জাতিসংঘ ডায়াবেটিসকে চিহ্নিত করেছে একটি বিশ্বজনীন হুমকি হিসেবে। এর ফলে জাতিসংঘের সব সদস্য রাষ্ট্রই এর প্রতিরোধ ও চিকিৎসায় বিশেষ নজর দিতে বাধ্য। আর প্রস্তাবটা বাংলাদেশই প্রথম তুলেছে।’আখতার হোসেনের জন্ম ১৯৫৫ সালে নোয়াখালীতে। বাবা মোহাম্মদ হোসেন, মা আখতারেস জাহান। দুই সন্তান ও স্ত্রীকে নিয়ে নরওয়েতে থাকছেন তিনি। স্ত্রী শাহীন আজগরও চিকিৎসক। আমিই বাংলাদেশ নিয়ে পরামর্শ ও তথ্য যোগাযোগ: [email protected]