ডায়াবেটিস ব্যবস্থাপনার নির্দেশিকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে ডায়াবেটিস রোগ ও রোগীদের চিকিৎসা-সহায়তায় ‘১ম জাতীয় ডায়াবেটিস ব্যবস্থাপনা নির্দেশিকা’ প্রণয়ন করা হয়েছে। বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটির আয়োজনে ও বহুজাতিক ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান সানোফি এভেন্টিস বাংলাদেশ লিমিটেডের সহায়তায় ৩ মে এ নির্দেশিকার মোড়ক উন্মোচন করা হয়। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে নির্দেশিকাটির মোড়ক উন্মোচন করেন এ কে আজাদ খান, বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটি ও ডায়াবেটিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি অধ্যাপক হাজেরা মাহতাব। অনুষ্ঠানে ডায়বেটিস বিশেষজ্ঞ জাফর আহমেদ লতিফ ও মোহাম্মদ ফারুক পাঠান সংক্ষেপে নির্দেশিকার বিষয়বস্তু তুলে ধরেন। মোড়ক উন্মোচন অনুষ্ঠানে সারা দেশের দুই শতাধিক বিশেষজ্ঞ চিকিৎসক, ডায়াবেটিস বিশেষজ্ঞ ও এন্ডোক্রাইনোলজিস্ট অংশ নেন। মোড়ক উন্মোচন অনুষ্ঠানে হাজেরা মাহতাব তাঁর বক্তব্যে বলেন, ‘বারডেম হাসপাতাল ১৯৮২ সালে ডব্লিউএইচও-কোলাবোরেশন সেন্টার ফর ডেভেলপিং কমিউনিটি ওরিয়েন্টেড প্রোগ্রামস ফর প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল অব ডায়াবেটিস স্বীকৃতি অর্জন করে। বারডেম হাসপাতালের এ ধরনের অর্জন ছিল সারা এশিয়ায় প্রথম। জাতীয় অধ্যাপক মোহাম্মদ ইব্রাহিমের অসামান্য অবদানের জন্য এ স্বীকৃতি পায় বারডেম হাসপাতাল। তিনি ১৯৫৭ সালে ঢাকার সেগুনবাগিচায় একটি আউট-পেশেন্ট ক্লিনিকের মাধ্যমে ডায়াবেটিসের বিরুদ্ধে সংগ্রাম শুরু করেন। তাঁর সে চেষ্টার ধারাবাহিকতায় আজ ৫৫ বছর পর আমরা ডায়াবেটিস ব্যবস্থাপনায় অনেক দূর এগিয়ে গেছি। যার ফল ডায়াবেটিস ব্যবস্থাপনাবিষয়ক এ জাতীয় নির্দেশিকা। নির্দেশিকাটিকে যথাযথভাবে প্রয়োগ করা গেলে এটি ডায়াবেটিস ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে।’স্বাস্থ্যকুশল ডেস্ক