ডায়েরিটা এখনো খুঁজছেন সোনিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আমি সেই ডায়েরিটা খুঁজছি হন্যে হয়ে। যাকে পেয়েছি জানতে চেয়েছি। পিলখানা থেকে আনা সব মালপত্রও ঘেঁটেছি, কিন্তু ডায়েরিটা আর পাইনি। ডায়েরিতে ছিল আমার অনাগত সন্তানের নাম। বলে দিলে পুরোনো হয়ে যাবে, তাই ওর বাবা নামগুলো গোপনে লিখে রেখেছিল। বাবার সঙ্গে ওই ডায়েরিটাও হারিয়ে গেছে!’পিলখানা হত্যাকাণ্ডে নিহত বিডিআরের মেজর মমিনুল ইসলাম সরকারের স্ত্রী সানজানা সোনিয়া এখনো খুঁজে চলেছেন স্বামীর সেই ডায়েরিটা। এক বছরের শিশুর মাথায় হাত বোলাতে বোলাতে বললেন, ‘সন্তানের কাছে বাবার কোনো স্মৃতি থাকছে না, নামটিও না।’ পিলখানা হত্যাকাণ্ডে মেজর মমিন নিহত হওয়ার দুই সপ্তাহ পরে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) জন্ম হয় সোনিয়ার সন্তানের। এখন আছেন সেনানিবাসের রজনীগন্ধা কোয়ার্টারে।সোনিয়া বললেন, ‘ও আমাকে বলে গেছে, কয়েকটি নাম ঠিক করে রেখেছি। আমি আগে থেকে নামগুলো বলব না। বলে দিলে তোমার কাছে সব নাম পুরোনো হয়ে যাবে।’ যাকে নিয়ে ছিল মেজর মমিনের বুকভরা স্বপ্ন, সেই সন্তানের জন্মের মাত্র দুই সপ্তাহ আগে ঘাতকের অস্ত্র কেড়ে নিয়ে গেল তাঁকে। টর্নেডোর মতো নাড়িয়ে দিল গোটা পরিবারের ভিত।সোনিয়া জানালেন, মেজর মোমিনের সঙ্গে তাঁর পরিচয় ৯৫ সাল থেকে। আর বিয়ে হয়েছে ২০০২ সালে। সাত বছরের সংসারে স্বামী-স্ত্রী একসঙ্গে কাটিয়েছেন খুব কম। দুজনের চাকরির কারণে তাঁদের থাকতে হয়েছে বাইরে বাইরে। পিলখানার ঘটনার মাত্র তিন মাস আগে তাঁরা ঢাকায় পুরোপুরি সংসারজীবন শুরু করেন। মমিনের সর্বশেষ কর্মস্থল ছিল চট্টগ্রামে। পিলখানায় বদলি হয়ে আসেন গত বছরের জানুয়ারিতে। বিডিআর বিদ্রোহের ঘটনার কথা উল্লেখ করে সোনিয়া জানান, বিডিআর সপ্তাহ উপলক্ষে মমিন ভেতরের অফিসার্স মেসে ছিলেন। বিদ্রোহের আগের দিন বিকেলে একবার বাসায় এসেছিলেন। বিডিআর সপ্তাহের কাজের তাড়াহুড়োর কারণে বিকেলেই আবার চলে গিয়েছিলেন। মমিনের সঙ্গে এটাই শেষ দেখা উল্লেখ করে সোনিয়া বললেন, ‘বিদ্রোহের দিন সকাল সোয়া ১০টার দিকে খবর পেলাম ভেতরে গন্ডগোল হচ্ছে। এরপর মমিনকে অনেক ফোন করলাম, কিন্তু তাঁকে পেলাম না। শেষ পর্যন্ত বিডিআর সিগন্যাল রুমে ফোন করতেই একজন ফোন ধরে জানতে চাইলেন, “আপনি কোথায় আছেন সেটা আগে বলুন।” তিনি নিজের অবস্থানের কথা জানাতেই অপর প্রান্ত থেকে বিডিআরের এক জওয়ান বললেন, “ভেতরে এসে লাভ হবে না, যেখানে আছেন সেখানেই থাকুন।” এরপর অনেকবার তিনি ফোন করেছেন, কেউ আর ফোন ধরেনি। সোনিয়া বলেন, তখন তিনি ছিলেন অন্তঃসত্ত্বা, তার ওপর স্বামীর খোঁজ নেই। সে অবস্থা কাউকে বলা যায় না, বোঝানো যায় না। কী করবেন, তাও বুঝতে পারছিলেন না। এভাবে দুই দিন কেটে যায়। ২৭ ফেব্রুয়ারি সন্ধ্যায় তিনি জানতে পারেন, অন্য সব কর্মকর্তার সঙ্গে মমিনও নিহত হয়েছেন। মমিন সেনাবাহিনীর কমান্ডো ছিলেন। সোনিয়া আশা করেছিলেন, এত কিছুর মধ্যেও মমিন বেঁচে যাবেন। কিন্তু তিনি আর বাঁচতে পারেনি। স্বামী মারা যাওয়ার ১১ দিন পরে তাঁর সন্তানের জন্ম হয়। সোনিয়া বলেন, এই সন্তানকে নিয়ে ছিল মেজর মমিনের বুকভরা স্বপ্ন। দীর্ঘ সাত বছর পর প্রথম সন্তানের আগমনে তার বাবা অনেক আগেই সব প্রস্তুতিও শেষ করে রেখে গেছেন। কিন্তু সন্তানকে আর দেখে যেতে পারেননি।সন্তান হারানোর ব্যথায় শোকার্ত মেজর মমিনের মা মমিনুন্নেছা সরকার দুই সপ্তাহ ছিলেন প্রায় বাকরুদ্ধ। কিন্তু ছোট্ট এই শিশুর আগমনের পর তিনি সেই শোক কিছুটা হলেই কাটিয়ে ওঠেন। সোনিয়া জানান, বিদ্রোহের সময় বিডিআর জওয়ানরা সব কর্মকর্তার বাসা ও মেসের কক্ষ লুটপাট করে। কিন্তু মমিনের কক্ষ স্বাভাবিক ছিল। প্রথম কয়েক দিন কক্ষে গিয়ে সব জিনিসপত্র খোঁজ করেছি। সেই সঙ্গে খুঁজেছি মমিনের ডায়েরিটা। হয়তো ডায়েরিটা মোমিনের কাছেই ছিল, ঘাতকেরা সেটি ফেলে দিয়েছে। কথাগুলো বলতে বলতে চোখ ভারী হয়ে আসে সোনিয়ার। এক হাত দিয়ে চোখ মুছে বললেন, ‘আমাদের সামনে অন্ধকার। জানি না, আগামী দিনগুলো কীভাবে কাটাব। ভাবতাম, ও বড় হয়ে ওর বাবার মতো সেনাবাহিনীতে যাবে। কিন্তু এখন আর আমি সেই স্বপ্ন দেখি না। আমি তো আমার স্বামীকে হারিয়েছি।’