ডিআইজি, এসপি ওসিসহ কয়েকজন কর্মকর্তা প্রত্যাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুলিশের একজন উপমহাপরিদর্শকসহ (ডিআইজি) বেশ কয়েকজন কর্মকর্তাকে বর্তমান কর্মস্থল থেকে প্রত্যাহার করা হয়েছে। গতকাল সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ আদেশ দেওয়া হয়। পরে পুলিশ সদর দপ্তর থেকে প্রত্যাহার হওয়া কর্মকর্তাদের বিষয়টি জানানো হয়।পুলিশ সদর দপ্তর সূত্র জানিয়েছে, জামায়াত-শিবিরের সাম্প্রতিক নাশকতা ঠেকাতে ব্যর্থতার জন্য এই কর্মকর্তাদের প্রত্যাহার করা হয়েছে। প্রত্যাহার হওয়া কর্মকর্তাদের মধ্যে রয়েছেন খুলনা রেঞ্জের উপমহাপরিদর্শক মেজবাহউদ্দীন, গাইবান্ধার পুলিশ সুপার (এসপি) এ কে এম নাহিদুল ইসলাম, সাতক্ষীরার পুলিশ সুপার আসাদুজ্জামান, দিনাজপুরের পুলিশ সুপার দেবদাস ভট্টাচার্য এবং সহিংসতা ঘটেছে এমন ১২টি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)।যোগাযোগ করা হলে খুলনা রেঞ্জের ডিআইজি মেজবাহউদ্দীন গতকাল রাতে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, তাঁকে ঢাকার পুলিশ সদর দপ্তর থেকে টেলিফোন করে সেখানে (সদর দপ্তরে) যোগদান করতে নির্দেশ দেওয়া হয়েছে।দিনাজপুরের পুলিশ সুপার দেবদাস ভট্টাচার্য বলেন, তাঁকে রংপুর রেঞ্জ সদর দপ্তরে যোগদান করতে বলা হয়েছে। হঠাৎ এ নির্দেশের কারণ তিনি জানেন না।এ বিষয়ে পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (প্রশাসন) এ কে এম শহীদুল হক প্রথম আলোকে বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ নির্দেশ দেওয়া হয়েছে। তবে কেন তাঁদের প্রত্যাহার করা হয়েছে, সে বিষয়ে তিনি বিস্তারিত কিছু জানেন না।তবে পুলিশ সদর দপ্তর সূত্র জানিয়েছে, এসব কর্মকর্তা সাম্প্রতিক সময়ে জামায়াত-শিবিরের নাশকতা ঠেকাতে ব্যর্থ হয়েছেন বলে সরকারের উচ্চমহলে প্রতীয়মান হয়েছে। এ কারণে তাঁদের প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।