ডিআইজির ছিনতাই হওয়া গাড়িটি উদ্ধার
পুলিশের অতিরিক্ত উপমহাপরিদর্শক (ডিআইজি) আবু মুসা মোহাম্মদ ফখরুল ইসলামের ছিনতাই হওয়া গাড়িটি গতকাল বৃহস্পতিবার রাতে রাজধানীর মোহাম্মদপুর থেকে উদ্ধার করা হয়েছে। ৮ মার্চ সন্ত্রাসী নজরুল বাহিনীর সদস্যরা মোহাম্মদপুর থেকে ওই গাড়িটি ছিনতাই করে। পুলিশ এ কথা জানিয়েছে। পুলিশ জানায়, ছিনতাই হওয়া গাড়িটি নিয়েই নজরুল বাহিনীর কয়েকজন সদস্য গতকাল রাতে ছিনতাইয়ে নামে। এ সময় টহল পুলিশের একটি দলের সঙ্গে তাদের গুলিবিনিময়ে সন্ত্রাসী নজরুল ইসলাম নিহত হন। এই বাহিনীর সদস্যরা ডিআইজি আবু মুসার গাড়ি ছিনতাইয়ের সঙ্গে জড়িত। পরে ঘটনাস্থল থেকে একটি পিস্তল, পুলিশের একটি সিগন্যাল লাইটসহ গাড়িটি উদ্ধার করা হয়। মহানগর পুলিশের মিডিয়া সেলের অতিরিক্ত উপপুলিশ কমিশনার মাসুদুর রহমান প্রথম আলো অনলাইনকে জানান, গতকাল রাতে পুলিশের একটি টহল দল সন্ত্রাসীদের মুখোমুখি হয়। এরপর সন্ত্রাসীরা পালানোর চেষ্টা করে। পরে পুলিশের ধাওয়া খেয়ে তারা মোহাম্মদপুরের বছিলা এলাকায় পৌঁছালে সন্ত্রাসীদের সঙ্গে গুলিবিনিময় ঘটে। এতে নজরুল নিহত হন।