ডিআরইউসহ বেশ কিছু ওয়েবসাইট হ্যাক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার প্রতিবেদকদের সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) অফিশিয়াল ওয়েবসাইটসহ বেশ কিছু সাইট আবার আক্রান্ত (হ্যাকড) হয়েছে। এসব ওয়েবসাইটে এখন মিয়ানমারের পতাকা প্রদর্শিত হচ্ছে।‘মিয়ানমার সাইবার আর্মি’ নামের একটি হ্যাকারস গ্রুপ এই সাইবার হামলা চালিয়েছে বলে ওয়েবসাইটে একটি বার্তা জুড়ে দেওয়া হয়েছে। তবে বাংলাদেশি হ্যাকাররা বলছেন, মিয়ানমারের হ্যাকারদের সঙ্গে ভারতীয় অনেক হ্যাকার যোগ দিয়েছেন। বাংলাদেশি হ্যাকারদের দাবি, আক্রান্ত হওয়া বেশির ভাগ ওয়েবসাইট তাঁরা ঠিক করে ফেলেছেন। ঢাকা রিপোর্টার্স ইউনিটির (www.dru.com.bd) ওয়েবসাইটে গিয়ে দেখা গেছে, ‘মিয়ানমার সাইবার আর্মি’ নামে একটি হ্যাকারস গ্রুপ সাইটটি হ্যাক করে তাতে একটি বার্তাসহ মিয়ানমারের পতাকা জুড়ে দিয়েছে। এতে বলা হয়েছে, ‘রোহিঙ্গারা আল-কায়েদাসহ আন্তর্জাতিক অপরাধচক্র এবং মুসলমান উগ্রপন্থীদের সঙ্গে জড়িত। “রোহিঙ্গা” শব্দটি বাংলাদেশেরই তৈরি। রোহিঙ্গারা মিয়ানমারে বাংলাদেশের অবৈধ অনুপ্রবেশকারী।’ হ্যাকাররা দাবি করেছে, ‘এটা কোনো সতর্কতামূলক আক্রমণ নয়, বরং বাংলাদেশের বিভিন্ন সরকারি ওয়েবসাইটে আক্রমণের শুরু। কারণ, বাংলাদেশ সরকার রোহিঙ্গাদের গোপনে ইন্ধন জোগাচ্ছে।’ডিআরইউর সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান প্রথম আলো ডটকমকে জানান, ‘আমাদের ওয়েবসাইটটি আক্রান্ত হয়েছে। আমরা বিষয়টি তথ্যমন্ত্রীকে জানিয়েছি। ওয়েবসাইটে আক্রমণকারীরা নিজেদের মিয়ানমারের সাইবার আর্মি পরিচয় দিয়ে রোহিঙ্গা বিষয়ে কথা বলেছে। আমরা এ বিষয়ে একটি সাধারণ ডায়েরি করার কথাও চিন্তা করছি।’ বাংলাদেশের পর্যটন বোর্ডসহ (www.tourismboard.gov.bd) আরো অনেক সরকারি সাইট আক্রমনের শিকার হয়েছে। মিয়ানমার সাইবার আর্মি, ব্লিঙ্ক হ্যাকার গ্রুপ, মিয়ানমার ক্রাকিং টিম, টিম ডেস্ট্রয়ার আর্মি, ইন্ডিশেল এবং ইন্ডিয়ান সাইবার আর্মি এই হ্যাকিংয়ের সাথে জড়িত। তবে বাংলাদেশ গ্রে হ্যাট হ্যাকারস-এর সদস্যরা সেগুলো ঠিক করে ফেলছে। গ্রে হ্যাট হ্যাকারস-এর প্রতিষ্ঠাতা প্রশাসক (অ্যাডমিন) রোটেটিং রোটর প্রথম আলোকে বলেছেন, বাংলাদেশ গ্রে হ্যাট হ্যাকারস-এর সদস্য মেহরাব ফেরদৌস, মিনহার মোহসিন, গোলাম কিবরিয়া, ইয়াসির, অনিক, আবলাজে এভারসহ বাংলাদেশি হ্যাকাররা আক্রান্ত বেশিরভাগ সাইটটি ঠিক করে ফেলেছেন। এখনো যেগুরো ঠিক হয়নি সেগুলোও ঠিক করে ফেলা হবে। বাংলাদেশি হ্যাকাররা খুব শিগগিরই এর সমুচিত জবাব দেবেন বলেও জানান তিনি। এর আগে ভারতীয় হ্যাকিং গ্রুপ ইনডিশেল বাংলাদেশের বেশ কিছু সরকারী এবং বেসরকারিসহ ছয়-সাতশ সাইট হ্যাক করে। সে সময় বাংলাদেশি হ্যাকাররাও অন্তত ২৫ হাজার ভারতীয় সাইট আক্রান্ত করেছিলো। সে সময় এর নাম দেওয়া হয়েছিলো সাইবার যুদ্ধ।