ডিইপিজেডে এক কারখানা অনির্দিষ্টকাল বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কর্তৃপক্ষ আজ বৃহস্পতিবার ঢাকার সাভারের আশুলিয়ায় ঢাকা রপ্তানি প্রক্রিয়াজাতকরণ এলাকার (ডিইপিজেড) হোপলন প্যাকেজিং বিডি লিমিটেড নামের পোশাক কারখানাটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে। শ্রমিক অসন্তোষের অজুহাত দেখিয়ে কর্তৃপক্ষ কারখানাটি বন্ধ করে দিয়েছে।তবে শ্রমিকদের অভিযোগ, ন্যায্য দাবি না মেনে কর্তৃপক্ষ তাদের ওপর নিপীড়ন চালাচ্ছে। অ্যাসোসিয়েশনের সভাপতিসহ সংগঠনের নেতা এবং প্রতিবাদী শ্রমিকদের গ্রেপ্তারের জন্য পুলিশও বাড়ি বাড়ি গিয়ে অভিযান চালাচ্ছে। শ্রমিকেরা আরও জানান, ওয়ার্কার্স অ্যাসোসিয়েশনের চাকরিচ্যুত সভাপতি মহায়মেনুল ইসলাম ওরফে শুভকে চাকরিতে পুনর্বহালের দাবিতে গত মঙ্গলবার প্যাকেজিং বিভাগের কয়েক শ শ্রমিক কাজ বন্ধ করে বিক্ষোভ করেন। ওই দিন বিকেল পাঁচটার দিকে বাসায় ফেরার পথে পুলিশ তাঁদের বেধড়ক লাঠিপেটা করে। গতকাল বুধবার সকাল আটটার দিকে কারখানাটির প্রায় পাঁচ হাজার শ্রমিক কর্মস্থলে গিয়ে শুভকে পুনর্বহাল ও পুলিশি নির্যাতনের প্রতিবাদে কর্মবিরতি শুরু করলে কর্তৃপক্ষ মূল ফটক বন্ধ করে শ্রমিকদের অবরুদ্ধ করে রাখে। বিকেল পাঁচটায় কর্তৃপক্ষ কারখানা ছুটি ঘোষণা করে।আজ বৃহস্পতিবার সকালে শ্রমিকেরা কর্মস্থলে গিয়ে কারখানার সামনে মূল ফটকে অনির্দিষ্টকালের বন্ধের নোটিশ দেখতে পান। আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ ঘোষণার বিষয়টি নিশ্চিত করেছেন।