ডিইপিজেডে এক কারখানা বন্ধ, আরেকটিতে ছুটি
সাভারের ঢাকা রপ্তানি প্রক্রিয়াজাত এলাকার (ডিইপিজেড) এ ওয়ান নামে একটি পোশাক কারখানা আজ বুধবার থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। হেলিকন নামের অপর একটি পোশাক কারখানায় আজকের জন্য ছুটি ঘোষণা করা হয়েছে। পারিশ্রমিক বাড়ানোর দাবিতে শ্রমিক অসন্তোষের জেরে কারখানা দুটির কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নেয়। পুলিশ, প্রত্যক্ষদর্শী ও কারখানা সূত্র জানায়, পারিশ্রমিক বাড়ানোর দাবিতে এ ওয়ান কারখানার শ্রমিকেরা গতকাল রাত আটটা পর্যন্ত কাজ বন্ধ করে বিক্ষোভ প্রদর্শন করেন। এ কারণে কর্তৃপক্ষ রাতে কারখানাটি অনির্দিষ্টকালের জন্য বন্ধের সিদ্ধান্ত নেয়। সকালে শ্রমিকেরা কর্মস্থলে গিয়ে মূল ফটকে বন্ধের নোটিশ দেখে বিক্ষোভ করার প্রস্তুতি নেন। কিন্তু পুলিশ তাঁদের ধাওয়া দিয়ে তাড়িয়ে দেয়।হেলিকন কারখানার শ্রমিকেরা আজ সকাল আটটায় কর্মস্থলে গিয়ে কাজ বন্ধ করে বিক্ষোভ করতে থাকেন। সহিংসতা এড়াতে কর্তৃপক্ষ সকাল সাড়ে নয়টার দিকে কারখানাটিতে আজকের জন্য ছুটি ঘোষণা করে। কারখানাটির নিটিং বিভাগের শ্রমিকেরা গতকাল দুপুর থেকে কাজ বন্ধ করে রাত পর্যন্ত বিক্ষোভ করেছিলেন।আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।