ডিইপিজেডে কারখানা থেকে ৫০ লাখ টাকা চুরি, গ্রেপ্তার ১০
ঢাকা রপ্তানি প্রক্রিয়াজাতকরণ এলাকার (ডিইপিজেড) ভেতরে অবস্থিত একটি প্রতিষ্ঠানের কারখানা থেকে ৫০ লাখ ৭০ হাজার টাকা চুরি হয়েছে। পুলিশ এতে জড়িত সন্দেহে ওই কারখানার ১২ জন নিরাপত্তাকর্মীকে আটক করেছে।আটক হওয়া ব্যক্তিরা হলেন আক্তারুজ্জামান, হাফিজুর রহমান, মান্নান মিয়া, রেজাউল করিম, মোজাম্মেল, ইউসুফ মিয়া, জালাল মিয়া, ইয়াকুব, শরিফুল ইসলাম, শামসুর রহমান, আলমগীর ও মোস্তফা।পুলিশ জানায়, ঢাকা রপ্তানি প্রক্রিয়াজাতকরণ এলাকার (ডিইপিজেড) ভেতরে অ্যালান্স স্টিস লিমিটেড নামের একটি পোশাককারখানার কর্তৃপক্ষ গত বৃহস্পতিবার ব্যাংক থেকে ৫০ লাখ ৭০ হাজার টাকা উত্তোলন করে। কর্তৃপক্ষ আজ শনিবার সকালে শ্রমিকদের বেতন দেওয়ার উদ্দেশে টাকা রাখার কক্ষে গেলে দেখা যায়, টাকাগুলো চুরি হয়ে গেছে। তারা কক্ষটির জানালা ভাঙা দেখতে পায়।ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোজাম্মেল হক জানান, ওই কারখানার দ্বিতীয় তলার জানালার গ্রিল ভাঙা রয়েছে, যা দেখে মনে হচ্ছে ভেতর থেকেই জানালা ভাঙা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য কারখানার ১২ জন নিরাপত্তাকর্মীকে আটক করা হয়েছে বলে তিনি জানান।কারখানার ব্যবস্থাপক (প্রশাসন) ফয়সাল আহমেদ টাকা চুরি হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।পুলিশের অস্ত্র লুটের ঘটনায় গ্রেপ্তার ১৫: গত শনিবার আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ চলাকালে ঢাকা জেলার পুলিশ সুপার ইকবাল বাহারের দেহরক্ষী রুহুল আমিনের কাছ থেকে একটি রিভলবার ও ১৬টি গুলিসহ দুটি ম্যাগজিন, অতিরিক্তি পুলিশ সুপার মোজাম্মেল হক ও আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) শাহিন পারভেজের ওয়্যারলেস সেট লুট হয়। এ ঘটনায় আজ শনিবার পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ নিয়ে ওই ঘটনায় ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ দাবি করেছে। তাঁদের মধ্যে শ্রমিক নন এমন কয়েকজনও রয়েছেন।ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোজাম্মেল হক জানান, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে অস্ত্রলুটকারী রয়েছেন। ভিডিও ফুটেজ দেখে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে, তবে তিনি তদন্ত ও ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তিকে গ্রেপ্তারের স্বার্থে গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের নাম ও পরিচয় প্রকাশ করেননি।