ডিইপিজেডে গ্রামীণ নিটওয়্যারে অগ্নিকাণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার আশুলিয়ার ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকায় (ডিইপিজেড) গ্রামীণ ব্যাংকের সহযোগী প্রতিষ্ঠান গ্রামীণ নিটওয়্যার লিমিটেড কারখানায় গতকাল শুক্রবার সকালে অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। অগ্নিকাণ্ডের সাড়ে আট ঘণ্টা পর বিকেল পাঁচটার দিকে আগুন পুরোপুরি নেভানো হয়।আগুন নেভাতে গিয়ে ধোঁয়ার কারণে অগ্নিনির্বাপণকর্মী হামিদুল ইসলাম, কারখানার স্টোর সুপারভাইজার রনিসহ আরও দুই শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) পক্ষ থেকে তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।আগুন নেভানোর কাজে নেতৃত্ব দেওয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক আবু নাঈম মো. শাহীদ উল্লাহ প্রথম আলোকে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগতে পারে। তবে তদন্ত করে প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে।গ্রামীণ নিটওয়্যার লিমিটেডের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) এস কুতুব খান চৌধুরী জানান, কারখানাটি গ্রামীণ ব্যাংকের সহযোগী প্রতিষ্ঠান। শুক্রবার হওয়ায় গতকাল কারখানার অধিকাংশ বিভাগ বন্ধ ছিল। কর্মকর্তাদের কেউ কারখানায় ছিলেন না। তবে কারখানার নিচতলায় নিটিং সেকশনে অর্ধশত শ্রমিক কাজ করছিলেন।কুতুব খান বলেন, নিচতলা ও দ্বিতীয় তলার গুদামে ১৫ কোটি টাকার সুতার রোল ছিল। আগুনে এর অধিকাংশই পুড়ে গেছে। এ ছাড়া আগুন নেভানোর কাজে পানি ব্যবহার করায় কাপড় ও মেশিন ক্ষতিগ্রস্ত হয়েছে। খতিয়ে না দেখে নিশ্চিত করে ক্ষতির পরিমাণ বলা সম্ভব নয়। তিনি জানান, আসন্ন বিশ্বকাপ ক্রিকেটে অংশগ্রহণকারী বাংলাদেশি খেলোয়াড়দের জন্য কারখানায় এক হাজার ৪০০ জার্সি তৈরি হচ্ছিল। তবে জার্সিগুলো অক্ষত রয়েছে।জানা গেছে, আশুলিয়া থানাধীন ডিইপিজেডের সম্প্রসারিত এলাকার ভেতরে গ্রামীণ নিটওয়্যার লিমিটেডের চারতলা পোশাক কারখানাটি অবস্থিত। পাশেই আরও একটি ভবনে ছিল রাসায়নিক পদার্থ। ভবনের নিচতলায় অফিস, নিটিং এবং গুদাম, দ্বিতীয় তলায় গুদাম ও কারখানা, তিনতলায় ফিনিশিং বিভাগ এবং চারতলায় সুইং বিভাগ।আগুনের সূত্রপাত ও নিয়ন্ত্রণ: সকাল সাড়ে আটটার দিকে কারখানার বিপৎসংকেত যন্ত্র বেজে ওঠে। মুহূর্তে অর্ধশত শ্রমিক বাইরে এসে দেখতে পান, ভবনের দক্ষিণ পাশে নিচতলার সুতার গুদামের ভেতর দিয়ে ধোঁয়া বের হচ্ছে। কারখানার সেকশনম্যান মো. নাজমুল হক জানান, আগুন দেখে কারখানার কর্মকর্তাসহ ডিইপিজেডের ফায়ার সার্ভিসে খবর দেন এবং শ্রমিকেরা কারখানার নিজস্ব অগ্নিনির্বাপণ যন্ত্র দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন।ডিইপিজেড ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন অফিসার আক্তারুজ্জামান জানান, সকাল নয়টার দিকে তাঁদের একটি ইউনিট আগুন নেভানোর কাজে হাত দেয়। তখনো আগুন নিচতলাতেই সীমাবদ্ধ ছিল। অল্প সময়ের মধ্যেই আগুন কারখানার দ্বিতীয় তলার গুদামে ছড়িয়ে পড়ে। আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে খবর দেওয়া হয় আশপাশের ফায়ার স্টেশনকে। একে একে সাভার, ধামরাই, কালিয়াকৈর, রাজধানীর মিরপুর ও প্রধান কার্যালয় থেকে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট এসে যোগ দেয় আগুন নেভানোর কাজে।আক্তারুজ্জামান জানান, আগুনের তীব্রতার চেয়ে ধোঁয়া ছিল বেশি। এতে ফায়ার সার্ভিসের কর্মীরা ভেতরে গিয়ে কাজ করতে পারেননি। এ কারণে প্রথমে বাইরে থেকে পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করা হয়। আগুনের তীব্রতা কমে এলে দুপুরের পর কর্মীরা ভেতরে ঢুকে আগুন নেভানোর কাজ শুরু করেন। সাড়ে সাত ঘণ্টা চেষ্টার পর বিকেল চারটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তখনো অল্প এলাকার মধ্যে থেমে থেমে আগুন জ্বলছিল এবং ভবনের দক্ষিণ-পূর্ব দিক দিয়ে প্রচণ্ড বেগে ধোঁয়া বের হচ্ছিল।সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে বিকেল তিনটার দিকে বুলডোজার দিয়ে কারখানার সীমানা প্রাচীর ও নিচতলার গুদামের আংশিক ভেঙে আগুনে পোড়া, আধা পোড়া ও অক্ষত সুতার রোল বের করে আনেন।আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান সাভারের সাংসদ তালুকদার তৌহিদ জং মুরাদ, বেপজার মহাপরিচালক মেজর জেনারেল শহীদুল ইসলাম ও ফায়ার সার্ভিসের মহাপরিচালক আবু নাঈম মো. শাহীদ উল্লাহসহ পুলিশ, সেনাবাহিনী ও র‌্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা।