ডিইপিজেডে প্যাকেজিং কারখানায় কর্মী ছাঁটাইয়ে বিক্ষোভ, শ্রমিক অবরুদ্ধ
ঢাকা রপ্তানি প্রক্রিয়াজাতকরণ এলাকার (ডিইপিজেড) হোপ লোন প্যাকেজিং বিডি লিমিটেড কারখানায় অবৈধভাবে কর্মী ছাঁটাই এবং পুলিশি নির্যাতনের বিরুদ্ধে প্রায় পাঁচ হাজার শ্রমিক কাজ না করে বিক্ষোভ পালন করেছেন।আজ বুধবার সকাল আটটা থেকে শ্রমিকেরা কাজ বন্ধ রেখে কারখানার ভেতরে অবরুদ্ধ অবস্থায় অবস্থান করছেন।শ্রমিকদের দাবি, ওই কারখানার অ্যাসোসিয়েশনের সভাপতি মেহাইমিনুল ইসলাম শ্রমিকদের অধিকার নিয়ে কথা বলার কারণে তাঁকে অবৈধভাবে চাকরিচ্যুত করা হয়েছে। তবে কারখানা কর্তৃপক্ষ দাবি করছে, উচ্ছৃঙ্খল চলাফেরা ও কারখানার স্বার্থবিরোধী কাজে জড়িত থাকার জন্য তাঁকে চাকরিচ্যুত করা হয়েছে।এ কারণে গতকাল মঙ্গলবারও শ্রমিকেরা কাজ না করে বসে থাকলে বিকেলে তাঁদের ওপর পুলিশ নির্যাতন চালায়। আর পুলিশের ওই নির্যাতনের প্রতিবাদ ও সভাপতির চাকরি পুনর্বহালের দাবিতে আজ সকাল থেকেই শ্রমিকেরা কাজ বন্ধ রেখেছেন। পুলিশ, র্যাব এবং আনসার বাহিনী পুরো কারখানাটি ঘিরে রেখেছে।কারখানার ভেতর থেকে একজন শ্রমিক ফোনে জানিয়েছেন, সব দরজা বন্ধ করে তাঁদের অবরুদ্ধ করে রাখা হয়েছে। তাঁদের পানি সরবরাহ, এমনকি শৌচাগারেও যেতে দেওয়া হচ্ছে না। কারখানা কর্তৃপক্ষ বারবার তাঁদের ভয়-ভীতি দেখিয়ে কাজে যোগ দেওয়ার নির্দেশ দিচ্ছেন।ডিইপিজেডের মহাব্যবস্থাপক আশরাফুল কবির শ্রমিকদের কাজ বন্ধ করে বসে থাকার বিষয়টি নিশ্চিত করে বলেছেন, শ্রমিকদের ভয়-ভীতি দেখানো এবং অবরুদ্ধ করে রাখার অভিযোগ সত্য নয়।