ডিইপিজেডে শ্রমিক বিক্ষোভ, আনসারের লাঠিপেটায় আহত ১৫
সাভারের আশুলিয়ায় ঢাকা রপ্তানি প্রক্রিয়াজাতকরণ এলাকায় (ডিইপিজেড) অবস্থিত একটি পোশাক কারখানায় আজ শনিবার শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে। রাতের বেলায় কাজ বন্ধসহ সাপ্তাহিক ছুটির দাবিতে শ্রমিকেরা কাজ বন্ধ করে বিক্ষোভ করেছেন। সেখানে ডিইপিজেডের নিরাপত্তায় নিয়োজিত আনসারের লাঠিপেটায় অন্তত ১৫ জন শ্রমিক আহত হন।প্রত্যক্ষদর্শী, পুলিশ ও শ্রমিক সূত্রে জানা গেছে, ডিইপিজেড এলাকার অ্যাকটর স্পোর্টিং লিমিটেড নামে একটি পোশাক কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের রাত-দিনে ১৯ ঘণ্টা কাজ করতে বাধ্য করছে। কারখানার শ্রমিকদের সাপ্তাহিক কোনো ছুটিও ভোগ করতে দেওয়া হয় না। দীর্ঘদিন ধরে শ্রমিকেরা কারখানাসহ ডিইপিজেড কর্তৃপক্ষের কাছে রাতের বেলায় কাজ বন্ধ ও সাপ্তাহিক ছুটি ভোগ করতে দেওয়ার দাবি জানিয়ে আসছিলেন। কিন্তু উভয় কর্তৃপক্ষ তাঁদের দাবি পূরণে কোনো উদ্যোগ না নেওয়ায় শ্রমিকদের মধ্যে অসন্তোষ দেখা দেয়।শ্রমিকেরা গতকাল কর্মস্থলে গিয়ে কাজে যোগ না দিয়ে তাঁদের দাবি পূরণের দাবি জানান। কিন্তু কর্তৃপক্ষ দাবি পূরণে অপারগতা প্রকাশ করলে কারখানার প্রায় তিন হাজার শ্রমিক একযোগে কারখানা থেকে বের হয়ে যান। আজ সকাল আটটার দিকে তাঁরা কর্মস্থলে গিয়ে কাজে যোগ দেন। সকাল নয়টার দিকে কর্তৃপক্ষ দাবি-দাওয়া নিয়ে আলোচনার জন্য শ্রমিকদের সঙ্গে বৈঠকে বসেন। এ সময় উভয়পক্ষের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময়ের একপর্যায়ে শ্রমিকেরা উত্তেজিত হয়ে পড়েন। তখন কর্মকর্তারা নিজ নিজ কক্ষে চলে যান। এরপর শ্রমিকেরা কারখানার ভেতরে বিক্ষোভ করতে থাকেন। খবর পেয়ে সকাল ১০টার দিকে আনসার সদস্যরা কারখানার ভেতরে গিয়ে শ্রমিকদের লাঠিপেটা করতে থাকেন। এ সময় আনসারের লাঠির আঘাতে অন্তত ১৫ শ্রমিক আহত হন। একপর্যায়ে আশুলিয়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের ধাওয়া করে ডিইপিজেড এলাকা থেকে বের করে দেয়।এ প্রসঙ্গে অ্যাকটর কর্তৃপক্ষের সঙ্গে কথা বলার জন্য আজ কারখানার ভেতরে যেতে চাইলে নিরাপত্তাকর্মীরা বাধা দেয়। খবর পেয়ে ডিইপিজেড কর্তৃপক্ষ তাদের নিরাপত্তা কর্মকর্তাদের দিয়ে সেখানে উপস্থিত স্থানীয় সাংবাদিকদের বের করে দেন। অ্যাকটর কারখানায় শ্রমিক অসন্তোষের বিষয়টি নিশ্চিত করে ডিইপিজেডের মহাব্যবস্থাপক (জিএম) মো. আশরাফুল কবীর বলেন, অভ্যন্তরীণ কোন্দলের কারণে শ্রমিকেরা বিক্ষোভ করছেন। শ্রমিকদের অভিযোগের ব্যাপারে তাঁরা কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেবেন। আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম শ্রমিক অসন্তোষের বিষয়টি নিশ্চিত করেছেন।