ডিউকের জামিন আদেশে স্থগিতাদেশের মেয়াদ বাড়ল এক সপ্তাহ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ভাগনে সাইফুল ইসলাম ওরফে ডিউকের জামিন মঞ্জুর করে হাইকোর্টের দেওয়া আদেশে স্থগিতাদেশের মেয়াদ আরও এক সপ্তাহ বাড়ানো হয়েছে। একই সঙ্গে আদালত এক দিনের জন্য শুনানি মুলতবি করেছেন । ডিউকের পক্ষে আইনজীবীর সময় আবেদনের পরিপ্রেক্ষিতে আজ সোমবার প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বে আট বিচারপতির বেঞ্চ শুনানি মুলতবি করেন।ডিউকের আইনজীবী খন্দকার মাহবুব হোসেন প্রথম আলোক বলেন, ‘সম্পূরক অভিযোগপত্র দেওয়ার আগে হাইকোর্ট ডিউকের জামিন মঞ্জুর করেছিলেন। হাইকোর্টের আদেশ আপিল বিভাগে স্থগিত হয়। এরই মধ্যে সম্পূরক অভিযোগপত্র দেওয়া হয়েছে। আমরা সময় চেয়েছি। আদালত শুনানি মুলতবি করেছেন।’ এর আগে সকালে রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম মামলা পরিচালনা করেন। তবে ডিউকের পক্ষে অ্যাডভোকেট অন রেকর্ড সৈয়দ মাহাবুবুর রহমান সময় আবেদন জানান।৪ মে হাইকোর্ট ডিউকের জামিন মঞ্জুর করেন। এতে স্থগিতাদেশ চেয়ে রাষ্ট্রপক্ষ আবেদন করলে ৮ মে চেম্বার বিচারপতি ওই আদেশের কার্যকারিতা স্থগিত করে বিষয়টি নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠিয়ে দেন। এরই ধারাবাহিকতায় বিষয়টি শুনানির জন্য আজ কার্যতালিকায় আসে। প্রসঙ্গত, ২১ আগস্টের ঘটনায় দুটি মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ ৩০ জন নতুন আসামির বিরুদ্ধে ৩ জুলাই তদন্তকারী সংস্থা সিআইডি ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে সম্পূরক অভিযোগপত্র জমা দেয়। সম্পূরক অভিযোগপত্রে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, সাবেক সমাজকল্যাণমন্ত্রী ও জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ, বিএনপির সাংসদ শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ, প্রধানমন্ত্রী থাকাকালে খালেদা জিয়ার রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী ও একান্ত সচিব সাইফুল ইসলাম ওরফে ডিউকের নামও আছে।২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগের সভানেত্রী ও তৎকালীন বিরোধীদলীয় নেতা শেখ হাসিনার জনসভায় এই গ্রেনেড হামলায় ২২ জন নিহত হয়। আহত হয় কয়েক শ লোক।