ডিউকের জামিন স্থগিতই রইল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় সাইফুল ইসলাম ডিউকের জামিন মঞ্জুর করে দেওয়া হাইকোর্টের আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগ। আপিলের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত হাইকোর্টের আদেশ স্থগিত করে রাষ্ট্রপক্ষের করা লিভ টু আপিল মঞ্জুর করেছেন আপিল বিভাগ। আজ বৃহস্পতিবার প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ এ আদেশ দেন। আগামী চার সপ্তাহের মধ্যে রাষ্ট্রপক্ষকে আপিলের সারসংক্ষেপ জমা দিতে বলা হয়েছে। আদালতে রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও ডিউকের পক্ষে খন্দকার মাহবুব হোসেন মামলা পরিচালনা করেন। এর আগে ১৪ জুলাই আদালত এ মামলার সম্পূরক অভিযোগপত্র দেখতে চেয়েছিলেন। সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, ৩ জুলাই দাখিল করা গ্রেনেড হামলা মামলার সম্পূরক অভিযোগপত্রে সাইফুল ইসলাম ডিউকের নাম রয়েছে। এ মামলায় তাঁকে আগেই গ্রেপ্তার দেখানো হয়েছিল। গত ৪ মে হাইকোর্ট গ্রেনেড হামলা মামলায় তাঁর জামিন মঞ্জুর করেন। পরে ৮ মে আপিল বিভাগের চেম্বার বিচারপতির আদালত ওই জামিনের কার্যকারিতা স্থগিত করে বিষয়টি নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠান। নিয়মিত বেঞ্চ কয়েক দফা স্থগিতাদেশের মেয়াদ বাড়ান।