বিডিআরে বিদ্রোহের সময় পিলখানায় মহাপরিচালকসহ কর্মকর্তাদের নিহত হওয়ার খবর ডিএডি তৌহিদ গোপন করে প্রধানমন্ত্রীকে ব্ল্যাকমেইল করেছিলেন বলে জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ ও আওয়ামী লীগের নেতা মির্জা আজম। পিলখানা হত্যা মামলায় আসামিপক্ষের জেরায় গতকাল সোমবার তিনি এ কথা জানান।রাজধানীর বকশীবাজারে আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত অস্থায়ী মহানগর দায়রা জজ আদালতে গতকাল জবানবন্দি শেষে সাক্ষী মির্জা আজমকে জেরা করেন আসামিপক্ষের আইনজীবীরা। তাঁকে জেরা শেষে জবানবন্দি দেন বিজিবির ল্যান্স নায়েক আশরাফুল ইসলাম ও সিপাহি মাহতাব। তাঁদের জেরা শেষে বেলা সোয়া তিনটায় আদালত ২৯ আগস্ট পর্যন্ত মুলতবি করা হয়।মির্জা আজম ঈদের ছুটির আগে গত ১৩ আগস্ট জবানবন্দি দেওয়া শুরু করেছিলেন।গতকাল সকাল সাড়ে নয়টার দিকে আদালতের কার্যক্রমের শুরুতে মির্জা আজম জবানবন্দির বাকি অংশ উপস্থাপন করেন। জবানবন্দিতে তিনি বলেন, ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি পিলখানায় গোলযোগের খবর শোনার পর প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানকের ফোন পেয়ে তিনি প্রধানমন্ত্রীর তৎকালীন সরকারি বাসভবন যমুনায় যান। সেখানে জানতে পারেন, পিলখানায় সৈনিকেরা বিদ্রোহ করেছেন। বেলা একটার দিকে প্রধানমন্ত্রীর নির্দেশে নানক ও তিনি পিলখানায় যান।মির্জা আজম বলেন, হোটেল আম্বালা ইনের কাছে যাওয়ার পর পুলিশের কাছ থেকে একটি হ্যান্ডমাইক চেয়ে নিয়ে প্রধানমন্ত্রীর নির্দেশের কথা জানিয়ে তিনি গোলাগুলি বন্ধের অনুরোধ করেন। পিলখানার ফটকের কাছে গিয়ে তাঁদের আলোচনায় বসে সমস্যা সমাধানের জন্যও বলেন। এ সময় জওয়ানেরা গালিগালাজ করেন। তাঁদের লক্ষ্য করে গুলিও করেন। তিনি বলেন, তাঁদের কিছুটা শান্ত করে কথা বলার জন্য একটি মুঠোফোন নম্বর জানানো হয়। এরপর তিনি ও নানক সাদা পতাকা নিয়ে ফটকের কাছে গেলে জওয়ানেরা আবার হুমকি দিতে থাকেন। তাঁরা প্রধানমন্ত্রীকে সেখানে আসার দাবি জানান। পরে তাঁরা প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনায় বসতে রাজি হন। এরপর ১২-১৪ জনের একটি দলকে নিয়ে তাঁরা যমুনায় যান।জবানবন্দিতে মির্জা আজম আরও বলেন, আলোচনার সময় প্রধানমন্ত্রী জানতে চান, পিলখানার ভেতরে সবাই কেমন আছে। জবাবে জওয়ানেরা বলেন, সবাই ভালো আছেন। সেনা কর্মকর্তা ও তাঁদের পরিবারের সদস্যদের এক জায়গায় রাখা হয়েছে। তাঁরা সাধারণ ক্ষমা ঘোষণার দাবি জানালে প্রধানমন্ত্রী বলেন, কর্মকর্তাদের কোনো ক্ষতি না হলে ক্ষমা করা হবে।মির্জা আজম বলেন, জওয়ানেরা সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বেরিয়ে পিলখানায় ফেরার পর সব যোগাযোগ বন্ধ করে দেন। দুই ঘণ্টা পর কয়েকজন এসে জানান, তাঁরা জওয়ানদের আত্মসমর্পণে রাজি করাতে ব্যর্থ হয়েছেন। পরে জওয়ানদের নতুন একটি প্রতিনিধিদল হোটেল আম্বালায় আইন প্রতিমন্ত্রীসহ কয়েকজনের সঙ্গে আলোচনায় বসেন। একপর্যায়ে তাঁরা সেনা কর্মকর্তাদের মুক্তি দিতে সম্মত হন। পরে স্বরাষ্ট্রমন্ত্রীসহ কয়েকজন কর্মকর্তাকে মুক্ত করে আনেন। পরদিন বেলা দুইটা পর্যন্ত কোনো খবর পাওয়া যায়নি। বিষয়টি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জানানোর পর বেলা আড়াইটার দিকে তিনি জাতির উদ্দেশে ভাষণ দেন।আজম বলেন, পরদিন বিকেল পাঁচটার দিকে তিনি পিলখানায় গিয়ে ধ্বংসস্তূপ আর লাশ দেখেন। আহত কয়েকজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।মির্জা আজম জবানবন্দিতে ডিএডি তৌহিদ ও ডিএডি রহিমের বিরুদ্ধে অভিযোগ করেন। রহিম কিছুদিন আগে মারা গেছেন। জবানবন্দি শেষে আজমকে জেরা করেন তৌহিদের আইনজীবী আমিনুল ইসলাম। আলোচনা শুরুর আগে পিলখানার বাইরে একজন সৈনিক ও একজন রিকশাচালক নিহত হওয়ার খবর কী প্রধানমন্ত্রীকে অবহিত করেছিলেন—আইনজীবীর এ প্রশ্নের জবাবে আজম বলেন, না, বলেননি। জওয়ানদের প্রধানমন্ত্রীর বাসভবনে নিয়ে যাওয়ার সময় তাঁদের সঙ্গে কোনো কথা বলেছিলেন—এ প্রশ্নেও ‘না’ সূচক জবাব দেন তিনি। ঘটনা ভিন্ন খাতে প্রবাহিত করতে ওই দিন সরকারের তরফ থেকে তিন বাহিনীর প্রধানদের নিশ্চুপ রাখা হয়েছিল—এর জবাবে তিনি বলেন, এটি সত্যি নয়।হতাহতের খবর প্রধানমন্ত্রীর কাছে গোপন করেছিলেন—আইনজীবীর এ কথায় মির্জা আজম বলেন, এটি সত্য নয়।দুপুর সাড়ে ১২টায় জেরা শেষে মির্জা আজম বাইরে বেরিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে বলেন, সাংবাদিকদের মাধ্যমে তিনি সৈনিক ও রিকশাচালক নিহত হওয়ার খবর পান। এ ছাড়া ওই খবর সবাই জানত। এ কারণে প্রধানমন্ত্রীকে জানানোর প্রয়োজন মনে করেননি। তিনি বলেন, সেদিন আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণ সমাধানের জন্য প্রধানমন্ত্রীর নির্দেশে এলজিআরডি প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানকসহ তিনি জীবন বাজি রেখে পিলখানায় গিয়েছিলেন। পিলখানায় গিয়ে সমঝোতার মাধ্যমে নিষ্পত্তি হয়েছিল বলেই সেনাবাহিনীর কিছু কর্মকর্তা ও তাঁদের পরিবারের সদস্যদের জীবিত উদ্ধার করা সম্ভব হয়। প্রধানমন্ত্রীর নির্দেশ যথাযথ ও সঠিক ছিল।