ডিএনএ পরীক্ষা কানের বিরুদ্ধে গেছে: মার্কিন সংবাদমাধ্যম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সাবেক প্রধান দমিনিক স্ত্রস কানের বিরুদ্ধে আনা যৌন নির্যাতনের অভিযোগের প্রমাণ পাওয়া গেছে। ডিএনএ পরীক্ষায় নিউইয়র্কের ওই হোটেল কর্মীর পোশাক থেকে সংগৃহীত আলামতের সঙ্গে স্ত্রস কানের দেওয়া নমুনার মিল পাওয়া গেছে। গতকাল সোমবার মার্কিন সংবাদমাধ্যমগুলো তদন্ত সংশ্লিষ্টদের নাম প্রকাশ না করে এ কথা জানায়। রয়টার্স জানায়, নিউইয়র্ক টাইমস ও ওয়াল স্ট্রিট জার্নাল দাবি করেছে, কানের ডিএনএ পরীক্ষায় এক নারী হোটেল কর্মীকে যৌন নির্যাতন করার সংশ্লিষ্টতা পাওয়া গেছে। তবে এ বিষয়ে বিস্তারিতভাবে সংশ্লিষ্ট তদন্ত সূত্রগুলো কিছু জানায়নি। তারা শুধু দাবি করেছে যে পরীক্ষায় কানের ডিএনএ মিলে গেছে। কানের আরও কিছু পরীক্ষা বাকি আছে বলে সূত্রগুলো দাবি করে।তবে এ ব্যাপারে কানের আইনজীবী ও নিউইয়র্ক পুলিশ কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে।এক নারী হোটেল কর্মীকে যৌন নির্যাতনের অভিযোগে গত ১৪ মে নিউইয়র্ক পুলিশ সাবেক আইএমএফ প্রধান দমিনিক স্ত্রস কানকে গ্রেপ্তার করে কারাগারে পাঠায়। গত বুধবার তিনি আইএমএফ প্রধানের পদ থেকে পদত্যাগ করেন। পরে বিপুল অর্থের জামিন ও কঠোর শর্তের অধীনে তিনি মুক্তি পান।