ডিএমকের পদত্যাগে সরকার পঙ্গু হবে না: ইউপিএ জোট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতে ক্ষমতাসীন কংগ্রেস নেতৃত্বাধীন জোট সরকারের কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে আজ বুধবার তামিলনাড়ুর রাজনৈতিক দল দ্রাবিড় মুন্নেত্রা কাঝাগামের (ডিএমকে) পাঁচজন মন্ত্রী পদত্যাগ করবেন। প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সঙ্গে দেখা করে তাঁরা তাঁদের এই পদত্যাগপত্র জমা দেবেন। তবে এ ঘটনায় কংগ্রেসের নেতৃত্বাধীন সরকার তেমন বেকায়দায় পড়বে না বলে মনে করছে ইউপিএ জোট। আজ বিবিসি, এনডিটিভি ও জিনিউজের অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।গতকাল মঙ্গলবার রাতে ভারতের দক্ষিণাঞ্চলীয় তামিলনাড়ু রাজ্যের ডিএমকে সরকারের প্রতি নিজ সমর্থন প্রত্যাহারের কথা জানিয়ে রাষ্ট্রপতি প্রণব মুখার্জির কাছে একটি চিঠি পাঠান। বর্তমান সরকারের সময়ে দলটির ১৮ জন সাংসদ ও পাঁচজন মন্ত্রী রয়েছেন। শ্রীলঙ্কায় তামিলদের দমনে সরকার ‘মানবতাবিরোধী অপরাধ’ করলেও ভারত সরকার নিন্দা না জানানোয় ডিএমকে এ সিদ্ধান্ত নেয়। শ্রীলঙ্কায় এলটিটিইর বিরুদ্ধে সেনা অভিযান চালানোর সময় হাজার হাজার তামিল নাগরিককে হত্যা করার অভিযোগ রয়েছে।এদিকে ডিএমকে নিজেদের সমর্থন প্রত্যাহার করে নেওয়ার পর আজ বুধবার সকালে এক সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী পি চিদাম্বরম, পার্লামেন্ট-বিষয়কমন্ত্রী কমল নাথ ও তথ্যমন্ত্রী মনীষ তিওয়ারি বক্তব্য দেন।কমল নাথ সাংবাদিকদের বলেন, ‘আমাদের সরকার পঙ্গু নয়। এমন কোনো রাজনৈতিক দলের উদয় হয়নি, যা আমাদের সংখ্যাগরিষ্ঠতাকে হুমকির মুখে ফেলবে। আমরা পুরোপুরি স্থিতিশীল।’ডিএমকের প্রধান এম করুণানিধি গতকাল বলেছিলেন, জেনেভায় জাতিসংঘের মানবাধিকার কমিশনে শ্রীলঙ্কা সরকারের মানবাধিকার লঙ্ঘন নিয়ে যে খসড়া প্রস্তাব আসতে যাচ্ছে, এটি ভারত খুব হালকাভাবে নিয়েছে। তাই সরকার যদি তাঁদের দাবি মেনে পার্লামেন্টে নিন্দা প্রস্তাব আনে, তাহলে জোট ছাড়ার বিষয়টি পুনর্বিবেচনা করা হবে।এর পরিপ্রেক্ষিতে আজকের ব্রিফিংয়ে পি চিদাম্বরম বলেন, শ্রীলঙ্কার বিরুদ্ধে জাতিসংঘের খসড়া প্রস্তাবে সংশোধনী আনার সিদ্ধান্ত নিয়েছে ভারত। একই সঙ্গে এ বিষয়ে পার্লামেন্টে একটি প্রস্তাব আনতে সরকার অন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা চালিয়ে যাবে। তবে এটি সরকারের ওপর থেকে ডিএমকের সমর্থন প্রত্যাহারের কারণে নয়, বরং তামিলদের অনুভূতির কথা চিন্তা করে করা হবে।আর শ্রীলঙ্কার বিরুদ্ধে জাতিসংঘের খসড়া প্রস্তাবকে ভারত হালকাভাবে দেখছে বলে যে অভিযোগ উঠেছে, একে মিথ্যা গুজব বলে মন্তব্য করেছেন চিদাম্বরম।এদিকে বিজেপি এ বিষয়ে পার্লামেন্টে শ্রীলঙ্কার বিরুদ্ধে নিন্দা প্রস্তাব আনার বিরোধী। এটি করা হলে তা হবে অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের শামিল।