বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে নেওয়ার ক্ষেত্রে কেন আদালতের অনুমতি নেওয়া হয়নি, তা জানতে চেয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার ও মামলার তদন্ত কর্মকর্তার কাছে ব্যাখ্যা চেয়েছেন আদালত।আদালতের এ আদেশ পাওয়ার পরবর্তী তিন দিনের মধ্যে ডিএমপি কমিশনার শহীদুল হক এবং মামলার তদন্ত কর্মকর্তা রমনা থানার উপপরিদর্শক (এসআই) মো. জাফর আলীকে এই ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মোহাম্মদ আলী হোসাইনের আদালত গত বৃহস্পতিবার এ আদেশ দেন।এদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, কেন আদালতের আদেশ ছাড়াই মির্জা আব্বাসকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে বারডেমে স্থানান্তর করা হয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন তা গতকাল রোববার ডিএমপি কমিশনারের কাছে জানতে চেয়েছেন। বিষয়টি নিয়ে মন্ত্রণালয় কিছুটা বিব্রতও হয়েছে।জানতে চাইলে স্বরাষ্ট্রসচিব আবদুস সোবহান সিকদার প্রথম আলোকে বলেন, আদালতের আদেশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এখনো আসেনি। তবে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে তাঁর কথা হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, গত সপ্তাহে এ বিষয়ে জানতে চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পুলিশ সদর দপ্তরেও চিঠি পাঠানো হয়। গত ২৭ জুন হরতাল চলাকালে শাহজাহানপুরে বাসার সামনে পিকেটিংকালে মির্জা আব্বাসকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তিনি অসুস্থ হয়ে পড়লে তাঁকে ঢাকা মেডিকেলে নেওয়া হয়।সূত্র জানায়, আদালতের দেওয়া আদেশে বলা হয়, তদন্তকারী কর্মকর্তা আবেদনে জানান, মতিঝিল থানার বিস্ফোরকদ্রব্য আইনের মামলার আসামি মির্জা আব্বাস গ্রেপ্তার হয়ে ২৭ জুন থেকে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন ছিলেন। ২ জুলাই বুকে ব্যথার কারণে তাঁকে সেখান থেকে বারডেমে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি সেখানকার সিসিইউতে চিকিৎসাধীন। এ মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে, তদন্তকারীর রিমান্ডের আবেদন শুনানির অপেক্ষায় আছে।আদেশে বলা হয়, হাসপাতালে চিকিৎসাধীন আসামিকে এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে স্থানান্তর করতে হলে আগে আদালতের অনুমতি নেওয়া প্রয়োজন। পুরো চিকিৎসাব্যবস্থা নিশ্চিত করতে এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে নেওয়া প্রয়োজন—এ মর্মে আসামির পক্ষ থেকে আদালতে আবেদন করা হয়নি। যদিও ৭ জুলাই আসামির জামিনের আবেদন করা হয়েছে।তদন্ত কর্মকর্তা তাঁর প্রতিবেদনে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের কোন চিকিৎসক আসামিকে বারডেমে চিকিৎসার জন্য নিতে বলেছেন তাঁর নাম, নম্বর, স্থানান্তরের তারিখ উল্লেখ করেননি। এ বিষয়ে কোনো কাগজপত্রও প্রতিবেদনের সঙ্গে সংযুক্ত করেননি।এ বিষয়ে জানতে চাইলে ডিএমপি কমিশনার শহীদুল হক বলেন, ‘ওসি ও ডিসি আমাকে জানিয়েছেন, মির্জা আব্বাসকে তাঁর চিকিৎসক বারডেম হাসপাতালে স্থানান্তর করতে বলেছেন। পরে বারডেম থেকে তাঁকে কার্ডিয়াকে নেওয়া হয়।’ তিনি বলেন, ‘এ বিষয়ে আমার কাছে স্বরাষ্ট্রমন্ত্রী ও সচিবও জানতে চেয়েছেন, বিষয়টি আমি তাঁদের জানিয়েছে।’ আদালতের আদেশের বিষয়ে তিনি বলেন, ‘আমার হাতে আদেশ এলে আমি অবশ্যই ব্যাখ্যা দেব।’তদন্তকারী কর্মকর্তা প্রথম আলোকে জানান, তিনি এখনো আদেশ পাননি, পেলে যথাযথ কারণসহ ব্যাখ্যা দেবেন।আদালতের আদেশে আরও বলা হয়, তদন্তকারী কর্মকর্তা একজন আসামির চিকিৎসাব্যবস্থা নিয়ে নিজের ইচ্ছেমতো পদক্ষেপ নিয়ে নামমাত্র হিসেবে আদালতে একটি প্রতিবেদন পাঠিয়েছেন। আদালতের পূর্বানুমতি ছাড়া বিচারাধীন একজন আসামিকে এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে স্থানান্তর করে তদন্তকারী কর্মকর্তা আদালতের প্রতি অশ্রদ্ধা প্রর্দশনপূর্বক প্রচলিত বিধিবিধানের ব্যত্যয় ঘটিয়েছেন।রাষ্ট্রপক্ষের আইনজীবী এমদাদুল হক এ বিষয়ে প্রথম আলো কে জানান, মির্জা আব্বাসকে আইনের ব্যত্যয় ঘটিয়ে এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে নেওয়া হয়েছে। কেন পুলিশ কর্মকর্তারা এ ধরনের সিদ্ধান্ত দিয়েছেন, তা জানতেই আদালত ব্যাখ্যা দিতে বলেছেন।এ বিষয়ে কারা উপমহাপরিদর্শক বলেন, বিষয়টি যেহেতু এখনো কারা কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়নি, সেহেতু এখানে কারা কর্তৃপক্ষের কোনো ভূমিকা নেই। বিষয়টি আদালতের এখতিয়ারাধীন। আদালতের অনুমতি নিয়েই আসামিকে এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে স্থানান্তর করা উচিত ছিল।