ডিএমপি কমিশনারের দিকে ছোড়া হলো বোতল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে আজ শনিবার দুপুরে হেফাজতে ইসলামের সমাবেশে উত্তেজনা দেখা দেয়। ওই এলাকায় হেফাজতের সমাবেশ থেকে ব্যারিকেড ভেঙে শাহবাগের গণজাগরণ মঞ্চের দিকে যাওয়ার চেষ্টা করলে এ পরিস্থিতির সৃষ্টি হয়।এ সময় ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার বেনজীর আহমেদ ঘটনাস্থলে গেলে তাঁকে লক্ষ্য করে বোতল ছোড়া হয়। পরে সমাবেশের মূল মঞ্চ থেকে কয়েকজন নেতা এসে পরিস্থিতি শান্ত করেন। প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুর সাড়ে ১২টার দিকে প্রেসক্লাবের সামনে হেফাজতের সমাবেশে থাকা কয়েক শ’ ব্যক্তি ব্যারিকেড ভাঙার চেষ্টা করেন। তাঁরা ব্যারিকেড ভেঙে শাহবাগের গণজাগরণ মঞ্চের দিকে যাওয়ার চেষ্টা চালান। পরিস্থিতি শান্ত করতে ডিএমপি কমিশনার সেখানে গেলে তাঁকেও লাঞ্ছিত করেন তাঁরা। খবর পেয়ে মতিঝিল শাপলা চত্বর থেকে হেফাজতে ইসলামের নেতারা প্রেসক্লাবের সামনে গিয়ে পরিস্থিতি শান্ত করেন। একই সঙ্গে উত্তেজিত ব্যক্তিদের কাছ থেকে আশ্বাস আদায় করেন, তাঁরা সহিংস কিছু করবেন না এবং সেখানে শান্তিপূর্ণ অবস্থান করবেন। পল্টনের দিকেও হেফাজতের সমাবেশ থেকে ব্যারিকেড ভেঙে শাহবাগের দিকে যাওয়ার চেষ্টা করা হয়।