ঘটনাটা ৯ মার্চের। দুপুরের দিকে আমার গাড়িতে মেরামতের কাজ করা হয়। কাজ শেষে গাড়ি পরীক্ষার জন্য মিরপুরের গাবতলী টেকনিক্যাল মোড়ে তা চালান একজন মোটর মেকানিক। আমিও বসা ছিলাম গাড়িতে। এ সময় ট্রাফিক পুলিশের একজন সার্জেন্ট গতি রোধ করেন, আমার গাড়ি থামান। তিনি মেকানিককে গাড়ি চালানোর লাইসেন্স দেখাতে বলেন। কিন্তু মেকানিক লাইসেন্স দেখাতে পারেননি। ওই সময় সার্জেন্ট আমার গাড়ির কাগজপত্র দেখাতে বলেন। আমি তখন কাগজপত্র দেখাই। তিনি জিজ্ঞেস করেন, ফিটনেস ও রেজিস্ট্রেশনের কপি কোথায়? বিআরটিএতে ফিটনেস ও রেজিস্ট্রেশনের জন্য জমা দেওয়া কাগজটি তাঁকে দেখাই। যাতে উল্লেখ আছে, আগামী ২০ এপ্রিল গাড়ির কাগজপত্র আনতে আমাকে বিআরটিএতে যেতে হবে। কিন্তু এটা উপেক্ষা করে ট্রাফিক সার্জেন্ট আমার গাড়ির বিরুদ্ধে মামলা করেন। কথা হচ্ছে, এখন ডিএমপির ট্রাফিক বিভাগের সার্জেন্ট যদি বিআরটিএর কাগজকে মূল্যায়ন না করে মামলা ঠুকে দেন, তাহলে আমরা সাধারণ জনগণ কার কাছে যাব? ডিএমপি ও বিআরটিএর সমন্বয়হীনতায় আমরা কি কাবাবের হাড্ডি হতেই থাকব? এর প্রতিকার চাই। হয় বিআরটিএ একদিনের মধ্যেই কাগজপত্র তৈরি করে দেবে, অথবা ডিএমপির ট্রাফিক বিভাগের কর্মীরা ডিএমপির সময় নির্ধারণী কাগজকে সম্মান করবেন।নাম প্রকাশে অনিচ্ছুকবস্ত্র ব্যবসায়ীবসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স