ডিএসই ও এসইসির তদারকিতে সামান্য বাড়লো সূচক
দেশের পুঁজিবাজারে আজ মঙ্গলবার সামান্য সূচক বৃদ্ধির মধ্যে লেনদেন শেষ হয়। তবে গতকালের চেয়ে লেনদেন কমেছে দুই বাজারে। সূচকের নিম্নমুখী প্রবণতার মধ্যে লেনদেন শুরু হলেও সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) ও ডিএসইর যৌথ তদারকিতে অবশেষে সূচকের বড় ধরনের পতন রোধ করা সম্ভব হয়।বাজার সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, সরকারের পক্ষ থেকে ক্ষুদ্র বিনিয়োগকারীদের প্রণোদনা ঘোষণার পরও গতকালের ধারাবাহিকতায় আজও নিম্নমুখী প্রবণতার মধ্যে লেনদেন শুরু হয়। এ অবস্থায় কারণ খুঁজতে এসইসি ও ডিএসইর পরিদর্শক দল মাঠে নামে। ডিএসইর পরিদর্শক দল আজ ছয়টি ব্রোকারেজ হাউসে গিয়ে অস্বাভাবিক লেনদেনের বিষয়ে পর্যবেক্ষণ করে। অন্যদিকে অস্বাভাবিক লেনদেনের অভিযোগে দুটি ব্রোকারেজ হাউসের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করে। এ পরিপ্রেক্ষিতে ব্রোকারেজ হাউসগুলো সতর্ক হয়ে যায়। ফলে ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্যে লেনদেন শেষ হয় বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা। ¬িডএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, আজ দিনের লেনদেন শেষে ডিএসইর সাধারণ মূল্যসূচক ৩.৭৮ পয়েন্ট বেড়ে ৪৩৮৯.০১ পয়েন্টে দাঁড়িয়েছে।সূচকের নিম্নমুখী প্রবণতার মধ্য দিয়ে আজ লেনদেন শুরু হয়। পাঁচ মিনিটের মাথায় সূচক ৬৫ পয়েন্ট কমে যায়। তবে দুপুর ১২টা ১০ মিনিটে সূচক ৩০ পয়েন্ট বেড়েছিল। এরপর সূচক আবার নিম্নমুখী হলেও সূচক তিন পয়েন্ট বৃদ্ধির মধ্যে লেনদেন শেষ হয়।আজ ডিএসইতে ২৪৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ১৩১টির দাম বেড়েছে। কমেছে ৯৮টির আর অপরিবর্তিত রয়েছে ২০টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। আজ স্টক এক্সচেঞ্জটিতে ২০০ কোটি টাকার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ১০৪ কোটি টাকা কম।দিন শেষে ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা ১০টি প্রতিষ্ঠান হল: বেক্সিমকো, আরএন স্পিনিং, ইউনাইটেড এয়ার, গ্রামীণ ফোন, সামিট পাওয়ার, সোস্যাল ইসলামী ব্যাংক, সাউথইস্ট ব্যাংক, এনসিসি ব্যাংক, পিপলস লিজিং অ্যান্ড ফিন্যান্সিয়াল সার্ভিসেস ও ইউসিবিএল।অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক ১৪.৯৬ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ১২৬৭৬.৪৯ পয়েন্টে। সিএসইতে লেনদেন হওয়া ১৬৭টি প্রতিষ্ঠানের মধ্যে ৭১টির দাম বেড়েছে। কমেছে ৮৩টির আর অপরিবর্তিত রয়েছে ১৩টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। স্টক এক্সচেঞ্জটিতে আজ ৩২ কোটি টাকার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ১১ কোটি টাকা কম।