ডিএসই ও সিএসইতে রোববার লেনদেন বন্ধ
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আগামী রোববার লেনদেন বন্ধ থাকবে। আজ বৃহস্পতিবার পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) এ সিদ্ধান্ত নেয়। সন্ধ্যায় কমিশনের সদস্য ইয়াসিন আলী এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানান।ইয়াসিন আলী বলেন, ক্ষুদ্র বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষায় কী ধরনের পদক্ষেপ নেওয়া যায়, সে ব্যাপারে রোববার সব স্টেক হোল্ডারদের সঙ্গে আলোচনা করা হবে। একই সঙ্গে কবে থেকে আবার লেনদেন চালু হবে, সে ব্যাপারে ওই দিনই সিদ্ধান্ত নেওয়া হবে।এসইসি সূত্রে জানা যায়, আজ বেলা একটায় লেনদেন শুরু হওয়ার পাঁচ মিনিটের মাথায় ডিএসইর সাধারণ মূল্যসূচক ৬০০ পয়েন্ট নেমে যায়। এতে সূচক বৃদ্ধির সর্বোচ্চ সীমা অতিক্রম করায় দুই স্টক এক্সচেঞ্জে লেনদেন বন্ধ হয়ে যায়। এ ঘটনাকে কেন্দ্র করে মতিঝিলে বিনিয়োগকারীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। পরে নিয়ন্ত্রক সংস্থা যেকোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি এড়াতে রোববার দুই স্টক এক্সচেঞ্জে লেনদেন বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়।এর আগে গতকাল বুধবার নিয়ন্ত্রক সংস্থা ডিএসইর সাধারণ মূল্যসূচকের ওপর সার্কিট ব্রেকার আরোপ করে। এ ক্ষেত্রে সূচক ২২৫ পয়েন্ট বাড়লে বা কমলে লেনদেন বন্ধ হয়ে যাওয়ার কথা। তবে আজ লেনদেনের প্রথম পাঁচ মিনিটে সূচক ৬০০ পয়েন্ট বেড়ে যাওয়ার ব্যাপারে এসইসির পক্ষ থেকে ব্যাখ্যা দেওয়া হয়। এর ব্যাখ্যায় বলা হয়, ডিএসইর সার্ভিলেন্স সফটওয়্যার প্রতি পাঁচ মিনিট পর পর আপডেট হয়। এ ক্ষেত্রে স্বয়ংক্রিয় পদ্ধতিতে লেনদেন বন্ধের ব্যবস্থা না থাকায় ম্যানুয়ালি বন্ধ করতে হয়। তাই লেনদেনের শুরুর পাঁচ মিনিটের মধ্যেই সূচক সার্কিট ব্রেকার অর্থাত্ ২২৫ পয়েন্টের বেশি বেড়ে যাওয়ায় পাঁচ মিনিট পর লেনদেন বন্ধ করা হয়।