ডিএসই: অধিকাংশ শেয়ারের দাম কমেছে
ঢাকা শেয়ারবাজারের সাধারণ মূল্য সূচকের পতনের ধারা আজও অব্যাহত রয়েছে। আজ সোমবার সাধারণ সূচক ৩৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫,৫৬৫ পয়েন্টে। দুপুর সাড়ে ১২টা পর্যন্ত দেড় ঘণ্টায় শেয়ার লেনদেন হয়েছে ২৪৭ কোটি টাকার।মোট লেনদেন হওয়া ২০২টি প্রতিষ্ঠানের শেয়ারের মধ্যে দাম বেড়েছে ৬৩টি প্রতিষ্ঠানের, কমেছে ১৩৬টির এবং অপরিবর্তিত রয়েছে তিনটি প্রতিষ্ঠানের শেয়ারের। দুপুর সাড়ে ১২টা পর্যন্ত লেনদেনের শীর্ষে থাকা শীর্ষ পাঁচটি প্রতিষ্ঠানের সর্বশেষ বিক্রীত মূল্য—বেক্সিমকো টেক্সটাইল ১০৫.২০ টাকা, লঙ্কা-বাংলা ফিন্যান্স লিমিটেড ৩৬৪ টাকা, বেক্সিমকো লিমিটেড ৩৮৯ টাকা, গ্রামীণফোন লিমিটেড ৩৪৮ টাকা এবং সামিট পাওয়ার লিমিটেড ১,৩৯০ টাকা। এদিকে ওশেন কনটেইনার লিমিটেডের ইস্যু ব্যবস্থাপক জানিয়েছেন, এ পর্যন্ত প্রতিষ্ঠানটির মোট ৬০,৮৬,০৬৪টি শেয়ার বিক্রি হয়েছে। মোট ১,১৯,০০,০০০টি শেয়ারের মধ্যে ১১,৮৯,৬৬৪টি বুক বিল্ডিং পদ্ধতির মাধ্যমে বিক্রি করা হয়েছে।এ ছাড়া এইমস মিউচুয়াল ফান্ড বিনিয়োগকারীদের ৩০ শতাংশ শেয়ার লভ্যাংশ ও ১৩০ শতাংশ রাইট শেয়ার প্রদানের অনুমোদন চেয়ে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) কাছে যে আবেদন করেছিল তা নাকচ করে দিয়েছে এসইসি। ঢাকা স্টক এক্সচেঞ্জের সাবেক সহসভাপতি আহমেদ রশিদ লালি বলেছেন, শেয়ারবাজারে প্রতিষ্ঠানগুলোর জবাবদিহি ও বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষার জন্যই এসইসি কাজ করে থাকে। যেকোনো একটি যৌক্তিক কারণেই এসইসি এইমস মিউচুয়াল ফান্ডকে লভ্যাংশ প্রদানের অনুমোদন দেয়নি।জনাব লালি আরও বলেছেন, এ পর্যন্ত শেয়ারবাজারে বড় ধরনের কোনো পতন হয়নি। কেবল যেসব প্রতিষ্ঠানের শেয়ারে দাম বেড়েছিল সেগুলোর মূল্য সংশোধনের কাজ চলার কারণে সেগুলোর দাম কমে গিয়েছে। তিনি বিনিয়োগকারীদের বাজারের স্বল্পমেয়াদি অবস্থার কথা চিন্তা না করে দীর্ঘমেয়াদি ফলাফল চিন্তা করে, বুঝে-শুনে বিনিয়োগ করার পরামর্শ দেন।