ডিএসই: আবার রেকর্ড লেনদেন
ঢাকা শেয়ারবাজারে আজ সর্বোচ্চ লেনদেন হয়েছে এক হাজার ৫১৬ কোটি টাকার। এর আগে গত সোমবার দ্বিতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছিল এক হাজার ৫০৩ কোটি টাকার। বাজারের প্রতি বিনিয়োগকারীদের আস্থা আর আগ্রহের কারণেই লেনদেন এত বেশি হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকেরা। এদিকে আজ লেনদেনের চাঙাভাবের পাশাপাশি সাধারণ সূচকেও ছিল ঊর্ধ্বগতি।আজ ডিএসইতে সাধারণ সূচক ৬৭ পয়েন্ট থেকে বেড়ে আবারও মূল্যসূচক পার হয়েছে ৫৩০০ পয়েন্টের ঘর। লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দাম বেড়েছে ১৪২টির, কমেছে ৯৫টির। দাম বেড়ে যাওয়া প্রতিষ্ঠানের তালিকায় আজ ব্যাংক-বিদ্যুত্ এবং বিমা খাতের প্রতিষ্ঠানকেই বেশি থাকতে দেখা গেছে। মিউচুয়াল ফান্ডগুলোর দাম কিছুটা কমলেও বাড়তির দিকে ছিল গ্রামীণফোনের শেয়ারের দাম।লেনদেনে আজ শীর্ষে ছিল বেক্সিমকো লিমিটেড, ট্রাস্ট ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড, গ্রামীণফোন, বেক্সিমকো টেক্সটাইল ও তিতাস গ্যাস। আজ থেকে সেকেন্ডারি মার্কেটে লেনদেন শুরু হওয়া ‘এ’ ক্যাটাগরির ট্রাস্ট ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ডের দাম আজ সর্বোচ্চ লেনদেন হয়েছে ২৭ থেকে ৩০ টাকার মধ্যে। প্রথম দিনেই মোট লেনদেন হয়েছে ৬৬ কোটি টাকার শেয়ার। এ প্রতিষ্ঠানটির অভিহিত মূল্য ধরা হয়েছিল ১০ টাকা।এদিকে কেয়া কসমেটিকস ও কেয়া ডিটারজেন্ট প্রতিষ্ঠানগুলোর অব্যাহত দাম বৃদ্ধির কারণ জানতে চেয়ে ডিএসই কর্তৃপক্ষ যে চিঠি দিয়েছিল, সে পরিপ্রেক্ষিতে প্রতিষ্ঠানগুলো দাম বৃদ্ধির সুনির্দিষ্ট কোনো কারণ জানে না বলে জানিয়েছে।এ ছাড়া ইলেকট্রনিক পদ্ধতিতে শেয়ার পরিবর্তন শেষ হওয়ায় ফার্মা এইডস, সিনো বাংলা, জেমিনি সি ফুড এবং ফাইন ফুডস— কাল থেকে এই প্রতিষ্ঠানগুলোর স্বাভাবিক লেনদেন শুরু হবে বলে জানানো হয়েছে।এ ছাড়া গ্রামীণফোনের দাম এবং লেনদেন গত পরশু অত্যধিক বেড়ে যাওয়ায় তদন্ত কমিটি গঠন করেছে বলে জানিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা এসইসি।