ডিএসই: আবারও সাধারণ মূল্যসূচকের রেকর্ড, বেড়েছে লেনদেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাধারণ মূল্যসূচকের নতুন রেকর্ড এবং লেনদেনের চাঙাভাব দিয়ে শেষ হয়েছে ঢাকা শেয়ারবাজারের আজকের লেনদেন। আজ বেশির ভাগ প্রতিষ্ঠানের দাম বেড়েছে। দিন শেষে দেখা গেছে, ঢাকা শেয়ারবাজারে আজ বুধবার লেনদেন হয়েছে এক হাজার ১৩৫ কোটি টাকার। সাধারণ সূচক ২৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪৭০৭ পয়েন্টে, যা ডিএসইর সর্বোচ্চ সাধারণ মূল্যসূচক। এ ছাড়া লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দাম বেড়েছে ১৯৩টির, কমেছে ৪৩টির এবং অপরিবর্তিত ছিল চারটির। লেনদেনের শীর্ষে ছিল বেক্সিমকো লিমিটেড, এবি ব্যাংক, লঙ্কা বাংলা ফিন্যান্স, নাভানা সিএনজি ও গ্রামীণফোন।ডিএসইতে আজ খাত বিশেষে দাম বেড়েছে মিউচুয়াল ফান্ড, বিমা, লিজিং ও টেক্সটাইল খাতের শেয়ারের। কিছুটা মিশ্রভাব ছিল ব্যাংক ও আর্থিক খাতের। আর দাম কমেছে বিদ্যুত্ ও জ্বালানি খাতের শেয়ারের।এদিকে পাওয়ার গ্রিড আজ জানিয়েছে, অনিবার্য কারণবশত প্রতিষ্ঠানটির বার্ষিক সাধারণ সভা ২৪ জানুয়ারির বদলে ২৫ জানুয়ারি বেলা ১১টায় পুরাতন বিমানবন্দরের ট্রাস্ট মিলনায়তনে অনুষ্ঠিত হবে। এ ছাড়া কাল এজিএম অনুষ্ঠিত হবে শমরিতা হাসপাতালের। প্রতিষ্ঠানটির ১৫ শতাংশ বোনাস শেয়ার ঘোষণা করার কথা রয়েছে।অন্যদিকে রেকর্ড ডেটের কারণে কাল বন্ধ থাকবে এস আলম কোল্ড রোলড স্টিলের শেয়ার লেনদেন।এদিকে বাজারের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন বিনিয়োগকারীরা। তবে, জানুয়ারি মাসের শুরুতে ব্যাংকের দাম যতখানি বাড়বে বলে তাঁরা আশা করেছিলেন, ততখানি বাড়ছে না বলে তাঁদের মধ্যে এক ধরনের ক্ষোভ বিরাজ করছে।