ডিএসই: আড়াই মাসের ব্যবধানে শেয়ারবাজারে লেনদেনের নতুন রেকর্ড
ঢাকা শেয়ারবাজারে আড়াই মাসের ব্যবধানে আজ রোববার লেনদেনের নতুন রেকর্ড হয়েছে। আজ শেয়ারবাজারে মোট লেনদেন হয়েছে এক হাজার ৩২৪ কোটি টাকা। গত বছরের ২০ অক্টোবর সর্বোচ্চ লেনদেন হয়েছিল এক হাজার ২৪৫ কোটি টাকা। ঢাকা শেয়ারবাজারের সভাপতি রকিবুর রহমানের মতে, বাজারে অর্থের প্রবাহ বেশি থাকার কারণেই বর্তমানে শেয়ারবাজারের লেনদেনে এতটা চাঙাভাব বিরাজ করছে। তিনি এ বছরই লেনদেন তিন হাজার কোটি টাকা ছাড়িয়ে যাবে বলে আশা প্রকাশ করেন। তবে রকিবুর রহমানের মতে, একই শেয়ারের বেশি লেনদেন হয়ে যাওয়ার কারণে শেয়ারগুলোর দাম অতিমূল্যায়িত হয়ে যাচ্ছে। এ জন্য তিনি বাজারে শেয়ারের সরবরাহ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।এদিকে আজ রোববার শেয়ারবাজারের সাধারণ মূল্যসূচক ৮ দশমিক ৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৭৩০ পয়েন্টে। মোট লেনদেনকৃত ২৪৪টি শেয়ারের মধ্যে বেড়েছে ১২৭টির, কমেছে ১১৩টির এবং অপরিবর্তিত রয়েছে চারটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। লেনদেনের শীর্ষ পাঁচ প্রতিষ্ঠান হলো—বেক্সিমকো লিমিটেড, পাওয়ার গ্রিড, তিতাস গ্যাস, ডেসকো ও যমুনা অয়েল লিমিটেড।